Bangladesh Latest Update: উত্তাল বাংলাদেশে ধৃত বহু আওয়ামী লীগ কর্মী! ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন BGB মোতায়েন
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার (২ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে প্রশাসন। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে নিরাপত্তার দায়িত্ব পালন।
বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এক দিকে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাস্তায় নেমেছেন তৈরি পোশাক শিল্পের কর্মীরা। অন্য দিকে, এই আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলির নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশের দাবি, শ্রমিক আন্দোলনে ঢুকে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন তাঁরা। ইতিমধ্যেই ঢাকা ও গাজীপুর থেকে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের ২০ জন নেতা-কর্মীকে আটক ও গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে দু'টি এলাকায় আটক ও গ্রেফতারের সংখ্যা ৪৯।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার (২ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে প্রশাসন। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে নিরাপত্তার দায়িত্ব পালন। মহাসড়কের বিভিন্ন জায়গায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গিয়েছে।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রবিবার ঢাকা ও গাজীপুরে মোট ৪৯ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মিরপুর থেকে ১৯ জন এবং গাজীপুর থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, মিরপুরে আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তাঁরা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে অশান্তি তৈরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
পুলিশের আরও দাবি, মিরপুরের প্রাক্তন সাংসদ ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে আন্দোলনের এলাকায় পাঠিয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েক জনের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্বের যোগ রয়েছে বলেও দাবি গোয়েন্দাদের। পুলিশের বক্তব্য, একটি অনলাইন গ্রুপের মাধ্যমে তাঁরা সংগঠিত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গাজীপুরেও একই ধরনের অভিযোগে গ্রেফতার হয়েছেন ৯ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগের নেতা-কর্মীরা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। কালিয়াকৈরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। তবে পুলিশের এই অভিযোগ এখনও তদন্তাধীন। ধৃতদের অপরাধ আদালতে প্রমাণিত হয়নি।
বেতন বৃদ্ধির দাবিতে অবরোধ
অন্য দিকে, শ্রমিকদের আন্দোলনও থামার লক্ষণ নেই। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করা, ছাঁটাই হওয়া কর্মীদের কাজে ফেরানো এবং কালো তালিকাভুক্তির প্রথা বন্ধ করার দাবিতে পথে নেমেছেন তাঁরা। সোমবার সকালে ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার কর্মীরা। এর ফলে দীর্ঘ যানজট তৈরি হয়। আটকে পড়েন বহু সাধারণ যাত্রী।
রবিবার মিরপুর, গাজীপুর, সাভার এবং আশুলিয়াতেও বিক্ষোভ ছড়িয়েছিল। কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। অশান্তির জেরে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখতে হয়েছিল।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির তথ্য অনুযায়ী, অশান্তির কারণে রবিবার মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর এবং ময়মনসিংহের অন্তত ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। উৎপাদনও ব্যাহত হয়েছে।
সরকারের তরফে নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি, দ্রুত বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্য দিকে, অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে প্রশাসন। শ্রমিকদের দাবি এবং নাশকতার অভিযোগে তদন্ত, দুই দিক সামলাতে এখন কার্যত চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সরকার।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


