Delhi Dhaka: দিল্লি-ঢাকা ‘সম্পর্কে কিছু চ্যালেঞ্জ..’,বলছে ওপার! তারেকের সফর জল্পনার মাঝে গঙ্গা চুক্তি নিয়ে মুখ খুলল ভারত
বাংলাদেশের মন্ত্রী বলেন, ‘যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এই বিষয়ে ইতিবাচক।’
শোনা গিয়েছিল, সেপ্টেম্বর মাসে ভারতের সফরে না এলেও, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বর মাসে আসতে পারেন সেই সফরে। তবে সদ্য একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করেছে, সম্ভবত নভেম্বর মাসে সৌদি ও তুরস্কের সফরে যাবেন তারেক রহমান। ফলত, তারেক রহমানের ভারত সফর আপাতত জল্পনাতেই রয়েছে। এদিকে, ডিসেম্বর মাসে বাংলাদেশে পা রাখার ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থতিতে তারেক রহমান কবে ভারতে আসছেন, তা নিয়ে প্রশ্ন থাকছে। এদিকে, সদ্য বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। সেই সাক্ষাতের পর দুই ব্যক্তিত্বই নিজেদের বক্তব্য রাখেন। এদিকে, একই দিনে গঙ্গা চুক্তি নিয়ে মুখ খোলে ভারতের বিদেশমন্ত্রক।

ভারতে নভেম্বর মাসে তারেক রহমান আসার যে গুঞ্জন ছিল, তা নিয়ে সাংবাদিকরা বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন, ‘গুঞ্জন মানে গুঞ্জনই। গুঞ্জন নিয়ে আমি কথা বলি না। আমি কথা বলি রিয়েলিটি নিয়ে। রিয়েলিটি হচ্ছে, আজ আমাদের মধ্যে (দীনেশ ত্রিবেদী ও হুমায়ুন কবিরের বৈঠক) ভালো বৈঠক হয়েছে।’ তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গ উঠতেই বাংলাদেশের মন্ত্রী বলেন, ‘যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এই বিষয়ে ইতিবাচক।’ দুই দেশের সম্পর্ক ইস্যুতে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী কবির বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’
এদিকে, তারেকের দিল্লি সফর নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার এই আত্মবিশ্বাস আছে, যখন দুই প্রধানমন্ত্রী মনে করবেন যে সুবিধাজনক সময় হয়েছে, তখন সফরটি হবে।’ দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক তৈরি হয়েছে। বৈঠকে কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি।
এদিকে, একই দিনে ভারতের বিদেশমন্ত্রকের তরফে গঙ্গা চুক্তি নিয়ে বক্তব্য উঠে আসে। ভারতের তরফে দিল্লিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘গঙ্গা চুক্তি ও বাকি যে সমস্ত নদী ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে, তার জন্য আমাদের জয়েন্ট রিভার কমিশন যৌথ নদী কমিশন) রয়েছে। নদী সংক্রান্ত বিষয়, জয়েন্ট রিভার কমিশনে আলোচিত হবে। টেকনিক্যাল লেভেলে গঙ্গা চুক্তি সংক্রান্ত বৈঠক চলতে থাকবে।’
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


