Bangladesh NCP Latest Update: পাকপ্রেমী জামাতদের সঙ্গে জোটে ভোট, হেরে এবার ব্রিটিশদের নকল করার পথে NCP
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, 'আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।'
ভোটে তারা জিতেছে মাত্র ৬টি আসনে। জামাতের নেতৃত্বাধীন তাদের জোট পেয়েছে ৩০০-র মধ্যে ৭৭টি আসন। আর এরই মাঝে ব্রিটিশদের নকল করে ছায়া মন্ত্রিসভা গঠনের পথে হাঁটার কথা বলল এনসিপি। এই বিষয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ একটি ফেসবুক পোস্ট করেছেন। তাতে তিনি লেখেন, 'আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।' উল্লেখ্য, ব্রিটেনে এভাবে ছায়া মন্ত্রিসভা গঠন করে সরকারি কার্যকলাপের ওপর নজর রাখে বিরোধীরা।

২০২৪ সালে তথাকথিত জুলাই আন্দোলন শুরু হয়েছিল 'মুক্তিযুদ্ধ কোটার' বিরুদ্ধে। এর আগে কোটা সরিয়েছিল হাসিনার সরকারই। যদিও আদালতের নির্দেশে ফিরেছিল কোটা। পরে আন্দোলনের মাঝে কোটার পক্ষে আদালত রায় দিয়েছিল। তবে আন্দোলন আর থামেনি। সেই আন্দোলন হয়ে উঠেছিল হাসিনা বিরোধী আন্দোলন। সেখান থেকে হাসিনাকে বিতাড়িত করার পরে বিগত প্রায় ১৯ মাস ধরে ক্ষমতা ভোগ করেছে বিপ্লবীরা। সরাসরি ইউনুসের সরকারে গুটিকয়েক ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হলেও সরকারের ওপর তাদের প্রভাবই বিস্তার করছিল। এরই মাঝে এই বিপ্লবীদের সঙ্গে জামাতের আঁতাতও স্পষ্ট হয়। জোট বেঁধে ভোটে লড়ে এনসিপি এবং জামাত। আর তাতে তারা মনে করেছিল, জয় হবে তাদেরই। তবে মুক্তিযুদ্ধ বিরোধী এই শক্তিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
নির্বাচনে মাত্র ৬টা আসন পাওয়ার পরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছিলেন, বেশ কয়েকটি আসনে ভোট কারচুপির মাধ্যমে এনসিপিকে হারানো হয়েছে। অন্তত ৩টি আসনে এনসিপিকে জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন আসিফ। তাঁর অভিযোগ, নির্বাচনের পর এনসিপির নেতাকর্মী ও জোটের প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাঁর আরও অভিযোগ, বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী করাতে প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ফলাফল নিয়ে কারসাজি করেছে। এদিকে বাংলাদেশের গণভোটে 'হ্যাঁ ভোট' জয়ী হয়েছে। অর্থাৎ, বাংলাদেশে সংবিধান সংস্কারের পথ খুলেছে। তবে বিএনপি এত বিপুল পরিমাণে ভোট পাওয়ায় সেই সংস্কার আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তবে তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন, কোনও ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


