Bangladesh PM Tarique Rahman Update: তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মুখ খুলল ঢাকা, নয়াদিল্লিকে দিল কোন বার্তা?

রবিবার ঢাকার বিদেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র তথা জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত বিদেশসচিব একেএম শহীদুল করিম জানান, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে।

Published on: Aug 16, 2026, 13:14:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh PM Tarique Rahman Update: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে নয়াদিল্লির কাছে ‘অনুকূল পরিবেশ’ তৈরির আহ্বান জানিয়েছে ঢাকা। সেই পরিবেশ তৈরির ক্ষেত্রে ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরানোর বিষয়টি সামনে এনেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে নয়াদিল্লির কাছে ‘অনুকূল পরিবেশ’ তৈরির আহ্বান জানিয়েছে ঢাকা। (AFP)
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে নয়াদিল্লির কাছে ‘অনুকূল পরিবেশ’ তৈরির আহ্বান জানিয়েছে ঢাকা। (AFP)

রবিবার ঢাকার বিদেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র তথা জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত বিদেশসচিব একেএম শহীদুল করিম জানান, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে।

তবে এই প্রক্রিয়ার মধ্যেই ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের বক্তব্য, এর ফলে প্রস্তাবিত সফর নিয়ে তৈরি হওয়া প্রক্রিয়াটি কিছুটা ব্যাহত হয়েছে।

ঢাকার বার্তা, তারেক রহমানের ভারত সফরের আগে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এর পাশাপাশি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে কার্যকর থাকা প্রত্যর্পণ চুক্তির উল্লেখ করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়।

শহীদুল করিম বলেন, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। একইসঙ্গে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়েও নয়াদিল্লির পদক্ষেপ প্রত্যাশা করছে ঢাকা।

বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ নিয়ে আলোচনা চলছে। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করতে পারে। তবে সফরের আগে শেখ হাসিনার প্রত্যর্পণকে সামনে রেখে ঢাকার অবস্থান স্পষ্ট করায় বিষয়টি কূটনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে ফের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথাও তুলে ধরা হয়েছে। শহীদুল করিম জানান, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ঢাকা।

অর্থাৎ, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা এগোলেও সফরের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নয়াদিল্লির পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ। এখন ভারতের প্রতিক্রিয়া কী হয়, তার দিকেই নজর কূটনৈতিক মহলের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More