Bangladesh leader Threat: এবার গঙ্গার জল নিয়ে এল বাংলাদেশের মাটি থেকে হুঁশিয়ারি! সুর চড়ালেন এনসিপি নেতা নাহিদ
রবিবার বাংলাদেশে জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সম্মেলন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ গঙ্গা জলচুক্তি নিয়ে এমন হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ থেকে ফের ভারতকে টার্গেট করে এল হুঁশিয়ারির বার্তা। এবার বক্তা সেদেশের এনসিপি নেতা নাহিদ ইসলাম। এর আগেও, বহুবার তাঁর কণ্ঠে ভারত বিরোধিতার সুর শোনা গিয়েছে। এবার নাহিদের হুঁশিয়ারি গঙ্গার জল নিয়ে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০ বছর মেয়াদি গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। বাংলাদেশের ডেইলি স্টার-র রিপোর্টে এএফপিকে উল্লেখ করে দাবি করা হয়েছে, বাংলাদেশের আশঙ্কা, নতুন চুক্তি না হলে জলের সংকট আরও তীব্র হতে পারে। আর তা কয়েক কোটি মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলবে। ১৯৯৬ সালে সই হওয়া বর্তমান গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। আসন্ন ডিসেম্বর মাসে এই চুক্তির দিকে তাকিয়ে বাংলাদেশ, ভারতের কূটনৈতিক মহল।
গঙ্গার জলচুক্তি নিয়ে এবার বাংলাদেশের এনসিপির নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে জল না এলে কোনও করিডোর বা ট্রানজিট হবে না। বাংলাদেশের নদীতে জল না এলে ভারতের কোনো চ্যানেলও বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমরা মওলানা ভাসানীর ইতিহাস স্মরণ করতে চাই। তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। যদি এরকম কিছু হয়, আমরা আবারও লং মার্চের জন্য প্রস্তুত আছি।’ উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গার জলচুক্তি অনুযায়ী, বাংলাদেশ সীমান্তের ২০ কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ দিয়ে শুকনো মরশুমে জল বণ্টন করা হয়।
এর আগে, বাংলাদেশের জলসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ‘১২ ডিসেম্বরের আগেই আমাদের নতুন চুক্তি করতে হবে। সেই অনুযায়ী বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষ যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বৈঠকের ভিত্তিতে আমরা আশাবাদী যে ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই চুক্তি সম্পন্ন হবে। সেখানে আমাদের মূল অগ্রাধিকার থাকবে ১৯৭৭ সালের চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা।’ এদিকে, নাহিদের হুঁশিয়ারি, চুক্তিতে ভারতকে কোনও ধরনের অবৈধ করিডোরের ট্রানজিটের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে। প্রসঙ্গত, রবিবার বাংলাদেশে জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সম্মেলন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ একথা বলেছেন। উল্লেখ্য, হাসিনা বিরোধী ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নাহিদ। এছাড়াও হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদেও ছিলেন নাহিদ। পরে বাংলাদেশে এনসিপি দল গঠন হতে সেখানে যোগ দেন তিনি। এর আগেও, বহুবার ভারতকে টার্গেট করে নাহিদের বহু বার্তা এসেছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


