Benjamin Netanyahu: 'কিন্তু ভারতের ক্ষেত্রে...,' US-এ জনপ্রিয়তা হ্রাস হতেই নয়াদিল্লির দরাজ প্রশংসায় নেতানিয়াহু

Benjamin Netanyahu: অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ২০১৮ সালে স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে নয়া দিল্লি সফরের অভিজ্ঞতাকে ‘ভালোবাসার উৎসব’ বলে বর্ণনা করেছিলেন।

Published on: May 29, 2026, 14:10:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Benjamin Netanyahu: গাজার ৭০ শতাংশ দখল করার নির্দেশের মধ্যেই ভারতের দরাজ প্রশংসা শোনা গেল ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভারত এখন এক বিশাল শক্তি। এবং এই শক্তির সঙ্গে ইজরায়েলের সম্পর্ক 'অনন্য।'

নয়াদিল্লির দরাজ প্রশংসায় বেঞ্জামিন নেতানিয়াহু
নয়াদিল্লির দরাজ প্রশংসায় বেঞ্জামিন নেতানিয়াহু

এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বমঞ্চে ইজরায়েলের বর্তমান কূটনৈতিক সংকটের কথা স্বীকার করে ভারতের সঙ্গে তাদের গভীর ও উষ্ণ সম্পর্কের বিষয়টি সামনে আনেন। নেতানিয়াহুকে বলতে শোনা যায়, ‘বিশ্বের অন্য একাধিক জায়গায় আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি একেবারেই অন্য। বিশ্বের অন্য যে কোনও জায়গা থেকে ভারতে আমাদের সমর্থক অনেক বেশি।’ ইজরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজস্ব অনুসারীদের একটি বিশাল অংশই ভারতীয় নাগরিক। বিশ্বের অন্য যে কোনও দেশের তুলনায় ভারত থেকেই তিনি সবচেয়ে বেশি ফলোয়ার বা অনুসারী পান বলে উল্লেখ করেন তিনি।

অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন নেতানিয়াহু। তিনি ২০১৮ সালে স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে নয়া দিল্লি সফরের অভিজ্ঞতাকে ‘ভালোবাসার উৎসব’ বলে বর্ণনা করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, ভারতীয়দের মধ্যে ইজরায়েলের প্রতি ‘অসাধারণ সম্মান’ রয়েছে। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখনও এমন কিছু জায়গা আছে, যেখানে ইজরায়েলকে সম্মান করা হয়। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি, আর সেখানে ইজরায়েল খুবই জনপ্রিয়।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীকে এখানে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। আর আমি যখন স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম, সেটি ছিল যেন ভালোবাসার এক উৎসব।’ নেতানিয়াহু এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন সারা বিশ্বেই, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর জনপ্রিয়তা কমার খবর প্রকাশিত হচ্ছে। এপ্রিল মাসে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইজরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। গত বছর এ হার ছিল ৫৩ শতাংশ।

একই সমীক্ষায় দেখা যায়, ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বৈশ্বিক কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর খুব কম আস্থা রাখেন বা একেবারেই আস্থা রাখেন না। গত বছর এ হার ছিল ৫২ শতাংশ। এমন অবস্থায় নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য পাকিস্তানকেও দায়ী করেছেন নেতানিয়াহু। একই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলবিরোধী জনমত তৈরির জন্য পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় ‘বট বাহিনী’ বা ‘বট ফার্ম’ ব্যবহার করছে। তিনি বলেন, ‘যে সব দেশ মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েল জোটকে দুর্বল করতে চায়, তারা বট ফার্ম ব্যবহার করে সোশ্যাল মিডিয়াকে প্রভাবিত করছে।’