BGB Statement on Gopalganj: গোপালগঞ্জে ‘হত্যাযজ্ঞের’ ছক? মুখ খুলল বিজিবি, তারেক রহমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বিজিবি জানিয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। প্রচারে গোপালগঞ্জে অভিযান চালিয়ে হত্যাযজ্ঞ ঘটানোর আশঙ্কা ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছে তারা।

Published on: Nov 23, 2026, 08:55:08 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গোপালগঞ্জে কি বড়সড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী? সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আশঙ্কা ছড়িয়ে পড়তেই এবার আত্মপক্ষ সমর্থনে বিবৃতি দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ পরিকল্পনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তারা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিকই থাকে, তাহলে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন, সাঁজোয়া যান নিয়ে টহল এবং ড্রোনের মাধ্যমে নজরদারির প্রয়োজন পড়ছে কেন? শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর প্রশাসনিক পদক্ষেপের আবহে বিজিবির এই তৎপরতা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গোপালগঞ্জে ‘হত্যাযজ্ঞের’ ছক? মুখ খুলল বিজিবি, তারেক রহমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন (AP Photo/Shamsul Haque Ripon)
গোপালগঞ্জে ‘হত্যাযজ্ঞের’ ছক? মুখ খুলল বিজিবি, তারেক রহমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন (AP Photo/Shamsul Haque Ripon)

রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বিজিবি জানিয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। প্রচারে গোপালগঞ্জে অভিযান চালিয়ে হত্যাযজ্ঞ ঘটানোর আশঙ্কা ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছে তারা। এমনকী বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে মনগড়া এবং উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ। সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে বিজিবির উপর হামলা চালানোর জন্যও প্ররোচিত করা হচ্ছে বলে দাবি বাহিনীর।

কিন্তু এই বিবৃতির পাশাপাশি গোপালগঞ্জের বাস্তব পরিস্থিতিও বেশ তাৎপর্যপূর্ণ। জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সেখানে বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন রয়েছে। পুলিশ, আনসার এবং স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়নের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ রাস্তায় টহল চলছে। ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সদর দপ্তর থেকে প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রশ্ন হল, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নামে এত বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রয়োজন কেন? রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা বাহিনীর এমন উপস্থিতি সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি করতে পারে। বিশেষ করে গোপালগঞ্জ যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা, তা কারও অজানা নয়।

গত নভেম্বর মাসেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ ও আওয়ামী লীগ-সমর্থক কর্মীদের মধ্যে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিজিবি মোতায়েন করতে হয়েছে। একাধিক জায়গায় রাস্তা অবরোধ ও হিংসার ঘটনাও সামনে এসেছে। ফলে রাজনৈতিক উত্তেজনার আবহে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

এর পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্ক রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। দলটির রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে আক্রমণ করেছেন বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক শিবিরের উপর নিরাপত্তা বাহিনীর বাড়তি নজরদারি গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্ন সামনে আনছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার প্রশ্নও উপেক্ষা করা যায় না। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্তত ৫৬টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। ফলে রাজনৈতিক সংঘাতের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করাও তারেক রহমান সরকারের বড় দায়িত্ব।

বিজিবি অবশ্য জানিয়েছে, শান্তিপূর্ণ সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে শুধু বিবৃতি দিয়ে মানুষের আশঙ্কা দূর করা সম্ভব নয়। গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর প্রতিটি পদক্ষেপের স্বচ্ছতা, রাজনৈতিক নিরপেক্ষতা এবং মানবাধিকার রক্ষার নিশ্চয়তা প্রয়োজন।

সব মিলিয়ে, বিজিবির দাবি অনুযায়ী অপপ্রচার হয়ে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সেই অজুহাতে যেন কোনও রাজনৈতিক দল বা সাধারণ নাগরিকের উপর দমনমূলক পদক্ষেপ না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব তারেক রহমান সরকারেরই। বিশেষ করে আওয়ামী লীগ-সমর্থক পরিবার এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস করা চলবে না। গোপালগঞ্জে শান্তি ফেরানোর নামে নতুন করে রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হলে তার দায় এড়াতে পারবে না ঢাকা।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।