Delimitation Map: দেশের নির্বাচনী মানচিত্রে বড়সড় বদল! ৫৪৩ থেকে বেড়ে লোকসভার আসন ৮১৬, কোন রাজ্যে কত আসন?

কেন্দ্রের প্রস্তাবে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, যে রাজ্যে বর্তমানে যতগুলি আসন রয়েছে, তার দেড় গুণ আসন বরাদ্দ করা হবে। এই পদ্ধতিতে রাজ্যগুলির মধ্যে লোকসভায় আসনের আনুপাতিক প্রতিনিধিত্ব প্রায় একই থাকবে।

Published on: Nov 28, 2026, 08:59:34 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দেশের নির্বাচনী মানচিত্রে ঐতিহাসিক পরিবর্তনের পথে নরেন্দ্র মোদি সরকার। লোকসভায় আসনসংখ্যা একধাক্কায় প্রায় ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সেই প্রস্তাব কার্যকর হলে বর্তমান ৫৪৩টি আসন বেড়ে হতে পারে ৮১৬টি। সবচেয়ে বেশি আসন থাকছে উত্তরপ্রদেশে। বর্তমান ৮০টি আসনের পরিবর্তে সেখানে লোকসভার আসনসংখ্যা বেড়ে হতে পারে ১২০। মহারাষ্ট্রে ৪৮ থেকে বেড়ে ৭২, পশ্চিমবঙ্গে ৪২ থেকে ৬৩ এবং বিহারে ৪০ থেকে ৬০টি আসন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে ৩৯ থেকে বেড়ে আসনসংখ্যা হতে পারে ৫৯। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে সংবিধান সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি সংসদে পাশ হলে আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচন নতুন নির্বাচনী কাঠামোয় হওয়ার পথ খুলতে পারে।

দেশের নির্বাচনী মানচিত্রে বড়সড় বদল! ৫৪৩ থেকে বেড়ে লোকসভার আসন ৮১৬, কোন রাজ্যে কত আসন?
দেশের নির্বাচনী মানচিত্রে বড়সড় বদল! ৫৪৩ থেকে বেড়ে লোকসভার আসন ৮১৬, কোন রাজ্যে কত আসন?

কেন্দ্রের প্রস্তাবে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, যে রাজ্যে বর্তমানে যতগুলি আসন রয়েছে, তার দেড় গুণ আসন বরাদ্দ করা হবে। এই পদ্ধতিতে রাজ্যগুলির মধ্যে লোকসভায় আসনের আনুপাতিক প্রতিনিধিত্ব প্রায় একই থাকবে। নতুন ব্যবস্থায় ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির পারস্পরিক আসন অনুপাত অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে। অর্থাৎ, শুধু জনসংখ্যার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসনের ভাগাভাগি নতুন করে হবে না।

কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, দেশের বড় রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশের আসনসংখ্যা সর্বাধিক হতে চলেছে। ৮০ থেকে বেড়ে ১২০টি আসন হলে একাই লোকসভার মোট আসনের বড় অংশ থাকবে এই রাজ্যের হাতে। মহারাষ্ট্রের আসন হবে ৭২, পশ্চিমবঙ্গের ৬৩, বিহারের ৬০ এবং তামিলনাড়ুর ৫৯। মধ্যপ্রদেশে ২৯ থেকে বেড়ে ৪৪, কর্ণাটকে ২৮ থেকে ৪২ এবং গুজরাটে ২৬ থেকে ৩৯টি আসন হতে পারে। রাজস্থান ও অন্ধ্রপ্রদেশে ২৫ থেকে বেড়ে ৩৮টি করে আসন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশায় ২১ থেকে বেড়ে ৩২ এবং কেরলে ২০ থেকে বেড়ে ৩০টি আসন হতে পারে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলার ৪২ জন সাংসদ লোকসভায় প্রতিনিধিত্ব করেন। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই সংখ্যা বেড়ে ৬৩ হতে পারে। অর্থাৎ, এক ধাক্কায় ২১টি আসন বাড়বে। উত্তর-পূর্ব ভারতের অসমে ১৪ থেকে বেড়ে ২১, ঝাড়খণ্ডে ১৪ থেকে ২১ এবং পাঞ্জাবে ১৩ থেকে বেড়ে ২০টি আসন হতে পারে। রাজধানী দিল্লিতে ৭ থেকে বেড়ে ১১টি আসন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আসনসংখ্যা বাড়ানোর অঙ্কে একটি গুরুত্বপূর্ণ জটিলতা রয়েছে। কারণ, ৫০ শতাংশ বৃদ্ধি করলে কয়েকটি রাজ্যের ক্ষেত্রে ভগ্নাংশ চলে আসছে। যেমন, তামিলনাড়ুর ৩৯টি আসন দেড় গুণ করলে হয় ৫৮.৫। বাস্তবে অর্ধেক আসন বরাদ্দ করা সম্ভব নয়। তাই ভগ্নাংশের ক্ষেত্রে উপরের পূর্ণসংখ্যা ধরে হিসাব করা হতে পারে। হিন্দুস্তান টাইমসের হিসাব অনুযায়ী, বর্তমানে একটি করে লোকসভা আসন রয়েছে এমন ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন অপরিবর্তিত রাখলে নতুন লোকসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৮১৬। সব ভগ্নাংশ উপরের পূর্ণসংখ্যায় উন্নীত করলে সংখ্যাটি ৮২৪-ও হতে পারে।

এই গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টিও। কেন্দ্রের যুক্তি, লোকসভার আসন বাড়িয়ে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কার্যকর করলে বর্তমান সাংসদদের আসন কমানোর প্রয়োজন পড়বে না। একই সঙ্গে রাজ্য বিধানসভাগুলির আসনও ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

তবে এই বিল কার্যকর হওয়া এখনও নিশ্চিত নয়। সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। পাশাপাশি অন্তত অর্ধেক রাজ্যের অনুমোদনও লাগবে। গত এপ্রিল মাসে বিরোধীদের সম্মিলিত বাধায় একই উদ্দেশ্যে আনা বিল পাশ করাতে পারেনি কেন্দ্র। এবার ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে ফের পরীক্ষা হবে মোদি সরকারের।

সব মিলিয়ে, প্রস্তাব কার্যকর হলে দেশের সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। লোকসভায় সাংসদের সংখ্যা বাড়ার পাশাপাশি বদলাবে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানাও। ফলে ২০২৯ সালের নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।