Bihar Minister on Sugar Price: 'সবাই ডায়াবেটিসে ভুগছে!' চিনির দাম বাড়তেই 'অদ্ভূত' সাফাই বিহারের মন্ত্রীর

Sugar Price: বিহারে এমনিতেই চিনির দাম (Sugar Price) হু হু করে বাড়ছে, যা মধ্যবিত্তের বাজেট একদম বিগড়ে রেখে দিয়েছে। এদিকে সামনেই রয়েছে একগুচ্ছ উৎসব।

Published on: Aug 21, 2026, 23:51:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sugar Price: লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনির দাম। খুচরো বাজারে গত একমাসে কেজি প্রতি চিনির দাম বেড়েছে প্রায় ২০ টাকা। ফলে দাম বাড়ছে মিষ্টি, গুড়, বাতাসা-সহ নানা পণ্যের। চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। এই পরিস্থিতিতে বিহারে লাগামছাড়া চিনির (Bihar) মূল্যবৃদ্ধি নিয়ে সাফাই দিতে গিয়ে এক অদ্ভুত ও আজব যুক্তি খাড়া করলেন গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার (Shravan Kumar)। তাঁর দাবি, চিনির দাম বাড়লেও সাধারণ মানুষের ওপর তার তেমন কোনও প্রভাব পড়বে না-কারণ ডায়াবেটিসের প্রকোপ বাড়ায় মানুষ এমনিতেই চিনি খাওয়া অনেক কমিয়ে দিয়েছে!

চিনির দাম বাড়তেই 'অদ্ভূত' সাফাই বিহারের মন্ত্রীর (Photo by Santosh Kumar/ Hindustan Times)
চিনির দাম বাড়তেই 'অদ্ভূত' সাফাই বিহারের মন্ত্রীর (Photo by Santosh Kumar/ Hindustan Times)

চিনির মূল্যবৃদ্ধি ইস্যুতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রবণ কুমার বলেন, 'মানুষ এমনিতেই এখন কম চিনি খাচ্ছে। সবাই ডায়াবেটিসে ভুগছে। আজকাল আর কে মিষ্টি খায়? আমার মনে হয় না চিনির দাম বাড়লে খুব একটা পার্থক্য হবে। চিন্তার কোনও কারণ নেই।' বিহারে এমনিতেই চিনির দাম (Sugar Price) হু হু করে বাড়ছে, যা মধ্যবিত্তের বাজেট একদম বিগড়ে রেখে দিয়েছে। এদিকে সামনেই রয়েছে একগুচ্ছ উৎসব। ইতিমধ্যে বিহারের বাজারে চিনির দাম প্রতি কেজিতে ৬৫ টাকা ছাড়িয়ে গেছে। অথচ কিছুদিন আগেও সেখানে চিনির দাম প্রতি কেজিতে ছিল ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে।

অন্যদিকে, বিহারের আরেক মন্ত্রী বিজয় কুমার সিনহাও এই মূল্যবৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন। তিনি জানিয়েছেন যে কৃষকদের উৎপাদিত পণ্যের দাম বাড়লে তিনি 'খুশি হন।' বিজয় বলেন, 'চিনির বেশ অনেকটাই বেড়েছে। এর কারণ খতিয়ে দেখা প্রয়োজন। চিনি উৎপাদনের দায়িত্বে আমাদের একজন মন্ত্রী আছেন, আমরা এ বিষয়ে তথ্য চাইব। আমি খুব স্পষ্টভাবে বলছি, কৃষকদের উৎপাদিত পণ্যের দাম বাড়লে আমি ব্যক্তিগতভাবে খুশি হই।'

শ্রবণ কুমারকে বেনজির আক্রমণ পপ্পু যাদবের

চিনির দাম বৃদ্ধি নিয়ে অদ্ভুত যুক্তি দেওয়ার জন্য নির্দল সাংসদ পাপ্পু যাদব মন্ত্রী শ্রবণ কুমারের তীব্র সমালোচনা করেছেন। বিজেপির মন্ত্রীর কাছ থেকে এর চেয়ে বেশি মানুষ কী-ই বা আশা করতে পারে বলে প্রশ্ন তুলেছেন পাপ্পু। তিনি বলেন, 'গোবরের ওপর যতই ঘি ঢালা হোক না কেন, তার স্বাদ গোবরের মতোই থাকবে। এমন মন্ত্রীর কাছ থেকে আপনি কী আশা করতে পারেন? যখন গ্যাস ও টমেটোর দাম বেড়েছিল, তখন স্মৃতি ইরানি-সহ অনেক বিশিষ্ট নেতা প্রশ্ন তুলেছিলেন, কিন্তু আজ যখন চিনির দাম বাড়ছে, তখন তাঁরা ডায়াবেটিসের কথা বলছেন। আসল ডায়াবেটিস হল এই (বিজেপি) সরকার।'