Bilkis Bano Update: ‘লড়াই চালিয়ে যেতেই হবে’, দুই ধর্ষকের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বিলকিস বানো!

বিলকিসের বক্তব্য, ‘আমি এই নির্দেশের বিরুদ্ধে লড়াই করব। আমাকে লড়তেই হবে।’ তাঁর কথায়, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তিনি বিস্মিত, শোকাহত এবং আতঙ্কিত। আদালত তাঁকে না জানিয়েই কী ভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

Published on: Nov 17, 2026, 13:31:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২৪ বছরের লড়াই কি আবারও নতুন করে শুরু করতে হবে? ২০০২ সালের গুজরাত দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানো ফের আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তাঁকে গণধর্ষণ এবং পরিবারের সদস্যদের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনের মধ্যে দু'জনকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়েই এবং তাঁর বক্তব্য না শুনেই দুই অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তাঁর পরিবার। মঙ্গলবার, ১৭ নভেম্বর আইনজীবীর মাধ্যমে বিবৃতি প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিলকিস।

‘লড়াই চালিয়ে যেতেই হবে’, দুই ধর্ষকের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বিলকিস বানো!
‘লড়াই চালিয়ে যেতেই হবে’, দুই ধর্ষকের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বিলকিস বানো!

বিলকিসের বক্তব্য, ‘আমি এই নির্দেশের বিরুদ্ধে লড়াই করব। আমাকে লড়তেই হবে।’ তাঁর কথায়, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তিনি বিস্মিত, শোকাহত এবং আতঙ্কিত। আদালত তাঁকে না জানিয়েই কী ভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর দাবি, এই নিয়ে দ্বিতীয় বার তাঁর বক্তব্য না শুনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। এর আগে অপরাধীদের সাজা মকুবের সময়ও তাঁর মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন বিলকিস।

কেন জামিন পেলেন দুই দোষী?

গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ দুই সাজাপ্রাপ্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করে। তাঁরা হলেন বিপিনচন্দ্র কানাইয়ালাল যোশী ওরফে লালা ডাক্তার এবং প্রদীপ রামনলাল মোঢিয়া। দু'জনেই বম্বে হাই কোর্টের ২০১৭ সালের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। ওই রায়ে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখা হয়েছিল।

আদালত জানিয়েছে, দু'জনই ১৭ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন। তাঁদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার। পাশাপাশি মামলায় এখনও কিছু আইনি এবং তথ্যগত বিষয় বিবেচনার বাকি রয়েছে। সেই কারণেই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের সাজা স্থগিত রেখে জামিন দেওয়া হয়েছে। যদিও জামিনের শর্ত নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে।

২৪ বছরের লড়াই, ফের আতঙ্কিত বিলকিস

২০০২ সালে গুজরাতের গোধরা-কাণ্ড পরবর্তী সাম্প্রদায়িক হিংসার সময় মাত্র ১৯ বছর বয়স ছিল বিলকিসের। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পরিবারের সঙ্গে প্রাণ বাঁচাতে পালাচ্ছিলেন তিনি। সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। গণধর্ষণের শিকার হন বিলকিস। তাঁর মা ও পরিবারের অন্য এক মহিলার উপরও যৌন নির্যাতন করা হয়। হামলায় পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিল তাঁর তিন বছরের ছোট মেয়ে সালেহাও।

২০০৮ সালে নিম্ন আদালত ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পরে বম্বে হাই কোর্টও সেই সাজা বহাল রাখে। কিন্তু ২০২২ সালের ১৫ অগস্ট গুজরাত সরকার সাজা মকুব করে ১১ জনকে জেল থেকে মুক্তি দেয়। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। শেষ পর্যন্ত ২০২৪ সালের ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালতের নির্দেশে ১১ জনকেই ফের জেলে ফিরতে হয়।

সন্তানদের জন্যই লড়াই চালাবেন

নতুন বিবৃতিতে বিলকিস জানিয়েছেন, এই সিদ্ধান্তের পর তাঁর পুরনো আতঙ্ক ফিরে এসেছে। নিজের পাশাপাশি সন্তানদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি। তাঁর কথায়, সন্তানদের যেন সারা জীবন ভয় আর অতীতের ক্ষত বয়ে বেড়াতে না হয়, সে কারণেই লড়াই চালিয়ে যাবেন। বিশেষ করে তিন বছরের সালেহার স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, মেয়েটি বেঁচে থাকার অধিকারী ছিল। বিলকিসের এই অবস্থান নতুন করে নারী নির্যাতনের শিকারদের ন্যায়বিচার এবং আদালতের প্রক্রিয়ায় তাঁদের বক্তব্য শোনার অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এবার দুই দোষীর জামিনের নির্দেশের বিরুদ্ধে তাঁর আইনি লড়াই কোন পথে এগোয়, সেদিকেই নজর থাকবে দেশবাসীর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More