Assam Election Results 2026: হিমন্ত ম্যাজিক অব্যাহত! অসমে ক্লিন সুইপের পথে বিজেপি, গগৈদের কপালে ভাঁজ
Assam Election Results 2026: এবারের নির্বাচনে অন্যতম হাই-ভোল্টেজ লড়াই ছিল অসমে। এই রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬টি।
Assam Election Results 2026: ডিলিমিটেশন থেকে বাংলাদেশি অনুপ্রবেশ- একাধিক তপ্ত ইস্যুর মধ্যে অসমে সম্পন্ন হয় ১২৬ আসনের বিধানসভা নির্বাচন। রেকর্ড ৮৫ শতাংশ ভোটদানের পর বিভিন্ন বুথফেরত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল, অসমের মসনদে আবারও ফিরছে বিজেপি জোট। আয়ের সেই বুথফেরত সমীক্ষার ফলাফল সত্যি করেই উত্তর পূর্বের এই রাজ্যে ভোটগণনার প্রথম থেকেই এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

এবারের নির্বাচনে অন্যতম হাই-ভোল্টেজ লড়াই ছিল অসমে। এই রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬টি। এই মুহূর্তে অসমে শতক পূর্ণ করতে বিজেপি আর মাত্র তিনটি আসন দূরে রয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি ৯৭টি আসনে এগিয়ে আছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসমে আবারও প্রত্যাবর্তন করছেন বলে মনে হচ্ছে। অন্যদিকে, কংগ্রেস মাত্র ২৫টি আসনে এগিয়ে আছে। অসমে কংগ্রেসের জন্য আরেকটি ধাক্কা হল, রাজ্য সভাপতি গৌরব গগৈ তাঁর জোরহাট আসনে পিছিয়ে আছেন। এর জন্য গগৈ নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। এদিকে, অসমের জালুকবাড়ি আসনে এগিয়ে রয়েছেন হিমন্ত। পাশাপাশি, বিজেপি ক্রমাগত বিশাল ব্যবধানে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উত্তর পূর্বের এই রাজ্যে তৃতীয়বার এনডিএ সরকার গড়ার ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জালুকবাড়ি আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিদিশা এন.-এর চেয়ে ১১,৯৩৯ ভোটে এগিয়ে আছেন। এই আসনে তিনি টানা ষষ্ঠবারের মতো জিততে চলেছেন। তৃতীয় দফার গণনা শেষে শর্মা পেয়েছেন ১৮,৮০৫ ভোট এবং বিদিশা পেয়েছেন ৬,৮৬৬ ভোট। এই আবহে অসম নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতায় উচ্ছ্বসিত বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ফলাফল প্রত্যাশিতই হবে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আবারও গঠিত হবে। তিনি বলেন, 'আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলাম যে আমাদের মিত্রদের নিয়ে আমরা ১০০ (আসনের) কাছাকাছি আছি।' বলে রাখা ভালো, এই নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা। বিজেপি এজিপি এবং ইউপিপিএল-এর সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, অন্যদিকে কংগ্রেস এআইইউডিএফ-সহ বেশ কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করেছিল।
বর্তমানে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি এই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা চলছে। তবে প্রাথমিক ট্রেন্ডে পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপির বড় ব্যবধানে জয়ের খবর আসতেই উল্লাসে ফেটে পড়েছেন দলের নেতা-কর্মীরা। এই জয়কে ঐতিহাসিক হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব।
E-Paper

