Farooq Abdullah: 'পাকিস্তানই কাশ্মীরিদের রক্ষা করছে!' ফারুক আবদুল্লার মন্তব্যে বিতর্কের ঝড়, 'রাষ্ট্রদ্রোহী' তোপ BJP-র
Farooq Abdullah On Kashmiris: শনিবার সকালে বারামুল্লায় এক শ্রমিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফারুক আবদুল্লা দাবি করেন, জম্মু ও কাশ্মীরের জনগণের এখনও একটি পরিচয় রয়েছে, কারণ পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরিদের বিষয়টি উত্থাপন করছে।
Farooq Abdullah On Kashmiris: জম্মু ও কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর প্রধান ফারুক আবদুল্লা বলেছিলেন, কাশ্মীরিদের প্রতি ভারত সরকারের উদ্দেশ্য সঠিক নয়। বিশ্বজুড়ে তাঁদের কণ্ঠস্বর পৌঁছে দিতে সাহায্য করার জন্য তিনি পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ফারুক আবদুল্লার মন্তব্যের প্রতিবাদে সোচ্চায় হয়েছে বিজেপি। দেশের সাসক দলের তরফে প্রবীণ এই রাজনীতিককে ‘পাকিস্তানপন্থী’ এবং 'রাষ্ট্রদ্রোহী' বলে অভিহিত করা হয়েছে। বিজেপির কয়েক জন নেতা তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করারও দাবি জানান।

কী বলেছেন ফারুক আবদুল্লা?
শনিবার সকালে বারামুল্লায় এক শ্রমিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফারুক আবদুল্লা দাবি করেন, জম্মু ও কাশ্মীরের জনগণের এখনও একটি পরিচয় রয়েছে, কারণ পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরিদের বিষয়টি উত্থাপন করছে। অশীতিপর এই নেতা বলেন, 'বিশ্বের চাপের কারণে আমরা (ভারত) আজ চুপ করে আছি। আর আমাদের প্রতিবেশী (পাকিস্তান) সব জায়গায় গিয়ে বলছে যে, কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। তারা আমাদের রক্ষা করছে। তা না হলে, আমাদের (ভারত) উদ্দেশ্য সঠিক নয়।' ফারুক আবদুল্লার পুত্র ওমর আবদুল্লা ২০২৪ সাল থেকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখনও পর্যন্ত তিনি তাঁর বাবার মন্তব্যের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
বিজেপির প্রতিক্রিয়া
কাশ্মীর প্রসঙ্গে ফারুকের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি (BJP)। সংবাদ সংস্থা আইএএনএস-কে বিজেপির জাতীয় মুখপাত্র আর পি সিং বলেছেন, এই প্রবীণ কাশ্মীরি রাজনীতিকের উচিত 'সীমানার ওপারে' দেখা এবং সেখানে কাশ্মীরিদের দুর্দশা উপলোব্ধি করা। তিনি বলেন, 'এখন কাশ্মীর ভাল অবস্থায় আছে, কারণ ৩৭০ ধারা বাতিল করা হয়েছে এবং কাশ্মীরকে পুরোপুরি ভারতের সঙ্গে একীভূত করা হয়েছে। আর সে কারণেই প্রতি বছর দুই কোটি পর্যটক কাশ্মীরে আসেন। এ কারণেই কাশ্মীর অর্থনৈতিক অবস্থা বেশ ভাল।' বিজেপির জাতীয় পরিষদের সদস্য যামিনী শর্মা বলেছেন, 'জম্মু ও কাশ্মীর নিয়ে ফারুক আবদুল্লার মন্তব্য ভারতীয় সংবিধান এবং জম্মু ও কাশ্মীরের দেশপ্রেমিক জনগণের প্রতি গভীর অপমান। সবাই জানে যে, সীমান্তপারের সন্ত্রাসের কারণে উপত্যকায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ন্যাশনাল কনফারেন্স এখন পাকিস্তানের মুখপাত্রে পরিণত হয়েছে।'
ফারুক আবদুল্লার মন্তব্যকে ভারত-বিরোধী ও পাকিস্তান-পন্থী বলে নিন্দা জানিয়ে বিজেপির বিধায়ক যুদ্ধবীর শেঠি। তাঁর দাবি, ফারুকের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। তিনি আরও বলেন, 'যারা দেশের বিরুদ্ধে কথা বলেন, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। বিশ্ব জানে যে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও রক্তপাত ছড়ানোর পেছনে পাকিস্তানের হাত রয়েছে। তাই পাকিস্তানের পক্ষে এমন মন্তব্য নিন্দনীয়। ফারুক আবদুল্লাকে এর জন্য ক্ষমা চাইতে হবে।'
E-Paper

