২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Punjab: ছ’বছরের বিচ্ছেদ ভুলে ফের একজোট বিজেপি-অকালি দল! ২০২৭ পঞ্জাব ভোটের আগে বড় রাজনৈতিক সমীকরণ, চাপে আপ-কংগ্রেস?
দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, দুই দলের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা একসঙ্গে পঞ্জাবের নির্বাচনে লড়বেন। কয়েক মাস ধরেই এই জোট নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল।
২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক পুনর্গঠন। ছ’বছরের বিচ্ছেদ কাটিয়ে ফের হাত মেলাল ভারতীয় জনতা পার্টি (BJP) এবং শিরোমণি অকালি দল (SAD)। মঙ্গলবার, ২৪ নভেম্বর দিল্লিতে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করল দুই দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনে একসঙ্গেই লড়বে দুই দল। দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক সমীকরণ ফিরে আসায় পঞ্জাবের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে রাজ্যের শাসক দল আম আদমি পার্টি (AAP) এবং প্রধান বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি শুরু করল বিজেপি ও অকালি দল।

দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, দুই দলের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা একসঙ্গে পঞ্জাবের নির্বাচনে লড়বেন। কয়েক মাস ধরেই এই জোট নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। সম্প্রতি অমিত শাহ একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৭ সালে পঞ্জাবে NDA সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। এবার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হল। তবে কোন দল কতগুলি আসনে লড়বে, সেই আসন সমঝোতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথম বিজেপি ও অকালি দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল। পরের বছর ১৯৯৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিক জোট গড়ে ওঠে। প্রায় ২৩ বছর একসঙ্গে রাজনীতি করার পর ২০২০ সালের সেপ্টেম্বরে সেই সম্পর্কে ছেদ পড়ে। কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে NDA ছেড়ে বেরিয়ে আসে অকালি দল। শুধু তাই নয়, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন অকালি নেত্রী হরসিমরত কৌর বাদল। কৃষক আন্দোলনের সময় বিজেপির সঙ্গে অকালি দলের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। পরে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার।
কিন্তু ছ’বছর পর ফের কেন এই জোট? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই দলের কাছেই এই সমঝোতা গুরুত্বপূর্ণ। ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে একা লড়ে বড় ধাক্কা খেয়েছিল দুই দলই। ১১৭ আসনের বিধানসভায় অকালি দল পেয়েছিল মাত্র তিনটি আসন। বিজেপির ঝুলিতে এসেছিল মাত্র দুটি। অন্যদিকে, ৯২টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল আম আদমি পার্টি। কংগ্রেসও নেমে এসেছিল ১৮টি আসনে।
এই পরিস্থিতিতে অকালি দলের পঞ্জাবের গ্রামীণ এলাকা, কৃষক এবং শিখ সম্প্রদায়ের মধ্যে ঐতিহ্যগত সাংগঠনিক প্রভাব বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় সংগঠন, জাতীয় স্তরের রাজনৈতিক পরিকাঠামো এবং ভোটের ময়দানে বিস্তৃত যোগাযোগ অকালি দলকে সাহায্য করতে পারে। তবে ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের ক্ষত এখনও কতটা প্রভাব ফেলবে, তা বড় প্রশ্ন। পুরনো জোটে ফিরলেও দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সেই সময়ের দূরত্ব কাটানো সহজ হবে না।
এদিকে আসন বণ্টন নিয়েও নজর থাকবে রাজনৈতিক মহলের। অতীতে ১১৭টি আসনের মধ্যে বিজেপি প্রায় ২৩টি এবং অকালি দল ৯৪টি আসনে লড়ত। এবার বিজেপি আরও বেশি আসন চাইতে পারে বলে জল্পনা রয়েছে। তবে আনুষ্ঠানিক সমঝোতার অঙ্ক এখনও সামনে আসেনি।
সব মিলিয়ে, ২০২৭ সালের পঞ্জাব নির্বাচনকে সামনে রেখে বিজেপি-অকালি দলের প্রত্যাবর্তন রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায় খুলল। এখন দেখার, ছ’বছরের রাজনৈতিক দূরত্ব মুছে এই জোট কতটা সাংগঠনিক ঐক্য তৈরি করতে পারে এবং পঞ্জাবের ভোটারদের কাছে নিজেদের নতুন রাজনৈতিক বার্তা কতটা পৌঁছে দিতে পারে।
E-Paper
