...
...
Next Story

'পুলিশও নিরাপদ নয়!' উত্তরপ্রদেশে IPS আধিকারিকের মা'য়ের রহস্যমৃত্যু, উধাও গয়না

UP IPS officer: মৃত্যুর পর এই বৃদ্ধার নিয়মিত ব্যবহৃত গয়নাগুলো আর পাওয়া যায়নি। নিহত ইন্দ্রাবতীর হার, দুল, বালা, নাকছাবি, পায়ের নূপুর-সহ গয়নার হদিশ মেলেনি।

Published on: Aug 17, 2026, 15:45:32 IST
Advertisement

UP IPS officer: উত্তরপ্রদেশের এক আইপিএস আধিকারিকের মায়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৯৫ বছর বয়সি ওই বৃদ্ধার মৃতদেহ। সেই সঙ্গেই উধাও তাঁর সোনার গয়নাও।

উত্তরপ্রদেশে IPS আধিকারিকের মা'য়ের রহস্যমৃত্যু (সৌজন্যে টুইটার)
উত্তরপ্রদেশে IPS আধিকারিকের মা'য়ের রহস্যমৃত্যু (সৌজন্যে টুইটার)

ঘটনাটি উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার রুধা ধামরুয়া গ্রামের। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ৯টা নাগাদ আইপিএস অফিসার আশুতোষ মিশ্রের মা ইন্দ্রাবতী মিশ্রের দেহ উদ্ধার হয়। গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন। ওই বাড়িতে পৌঁছে বিছানায় বৃদ্ধা মহিলাকে মৃত অবস্থায় দেখতে পান পরিচারিকরা। তিনি বিষয়টি অন্যদের জানান। নিহত বৃদ্ধার পুত্র আশুতোষ মিশ্র এক প্রমোটেড আইপিএস অফিসার (IPS officer)। লখনৌর পুলিশ ভবন কল্যাণের সুপার হিসেবে কর্মরত তিনি। মায়ের মৃত্যুর খবর পেয়েই পুত্র আশুতোষ মিশ্র দুপুরে সেখানে যান। তিনি মায়ের হত্যা, বাড়িতে লুটপাট নিয়ে মালিপুর থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গিয়েছে, মৃত্যুর পর এই বৃদ্ধার নিয়মিত ব্যবহৃত গয়নাগুলো আর পাওয়া যায়নি। নিহত ইন্দ্রাবতীর হার, দুল, বালা, নাকছাবি, পায়ের নূপুর-সহ গয়নার হদিশ মেলেনি। তবে, তাঁর শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন দেখা না যায়নি। গয়না খোয়া যাওয়া এবং মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি সন্দেহের উদ্রেক করেছে। এটি খুন না অন্য কোনও কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের ধারণা, পরিবার বা বাড়ির পরিচিত কারও কাছেই হয়তো ওই গয়না সংক্রান্ত কোনও তথ্য থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে পরিবারের সদস্যদের বিষয়টি নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। কী পরিস্থিতিতে গয়নাগুলি খোয়া যায় এবং এর সঙ্গে ওই মহিলার মৃত্যুর কোনও যোগসূত্র আছে কিনা, তা পুলিশ তদন্ত করে দেখছে। এর সঙ্গে ডাকাতির কোনও ঘটনা জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা।

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, উত্তরপ্রদেশে পুলিশ ও নিরাপদ নয়। আইপিএস আধিকারিকের বয়স্ক মা-এর হত্যাকাণ্ডকে তিনি অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। নিহত ইন্দ্রাবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে সব খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শনিবার রাতে দুষ্কৃতিরা তাঁকে খুন করে লুটপাট চালায়। এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks