Indigo Worker Death:বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু!জঙ্গলে ইন্ডিগো-র মহিলা কর্মীর রক্তাক্ত দেহ,সঙ্গীর বয়ানে ধোঁয়াশা
Indigo Worker Death: বর্ষা তুরকরে পুনে বিমানবন্দরে ইন্ডিগোর টিকিট কাউন্টারে কাজ করতেন। দিওয়ালি উপলক্ষে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি।
Indigo Worker Death: মহারাষ্ট্রে এক ইন্ডিগো কর্মীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। দিওয়ালির ছুটিতে আড়াই বছরের মেয়েকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি। উৎসবের দিনগুলো পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ছিল ৩৫ বছরের বর্ষা তুরকরের। কিন্তু সেই আনন্দের সফরই শেষ হলো মর্মান্তিক পরিণতিতে। শনিবার বর্ষা তুরকরের সঙ্গে এক যুবকও ছিলেন। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষা তুরকরে পুনে বিমানবন্দরে ইন্ডিগোর টিকিট কাউন্টারে কাজ করতেন। দিওয়ালি উপলক্ষে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি। ২০২৪ সালে বিয়ে হয়েছিল তাঁর। স্বামী বর্তমানে ইন্দোরে থাকেন। আড়াই বছরের মেয়েকে নিয়েই পরিবারের সঙ্গে উৎসব কাটাতে এসেছিলেন বর্ষা। শনিবার বিকেল ৪টে নাগাদ পরিচিত নীতেশ আগরওয়ালের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। দু’জনে ওয়েনগঙ্গা নদীর ধারে বেড়াতে যান। জায়গাটি মহারাষ্ট্রের গন্ডিয়া জেলার বন্ডরানি জঙ্গলের কাছে, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সীমানা এলাকায়। এর পরেই বদলে যায় পরিস্থিতি।
কয়েক ঘণ্টা পর নীতেশ বর্ষার পরিবারের সদস্যদের ফোন করে বিপদের কথা জানান। তাঁর দাবি, মুখোশ পরা কয়েক জন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালিয়েছে। লুটপাটও করেছে। খবর পেয়ে পরিবারের লোকজন মহারাষ্ট্রের গন্দিয়া জেলার বন্ডরানি জঙ্গলে পৌঁছন। সেখানে রক্তাক্ত অবস্থায় বর্ষাকে পড়ে থাকতে দেখেন তাঁরা। বর্ষাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাইরলাঞ্জির একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল বর্ষাকে। নীতেশ পুলিশকে জানিয়েছিলেন, মুখে মাস্ক পরা কয়েক জন জঙ্গলে এসে তাঁদের সর্বস্ব ছিনিয়ে নেন। তার পর বর্ষাকে আক্রমণ করেন। এই বয়ানে সন্দেহ হয় তদন্তকারীদের। কারণ, নীতেশের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। ডাকাতদের সঙ্গে সংঘর্ষ বা ধস্তাধস্তি হলে তাঁরও আঘাত লাগতে পারত। এর পরেই পুলিশ নীতেশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। নীতেশের বিরুদ্ধে এখনও অপরাধ প্রমাণিত হয়নি। তাঁর বয়ান ও ঘটনাস্থলের তথ্য মিলিয়ে মৃত্যুরহস্যের কিনারা করার চেষ্টা চলছে।
E-Paper

