Delhi bomb threat: সাত সকালে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক! পড়ুয়া-শিক্ষকদের সরিয়ে ম্যারাথন তল্লাশি

Delhi bomb threat: ইমেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। পড়ুয়াদের দ্রুত স্কুল ছাড়ার নির্দেশ দেন স্কুল কর্তৃপক্ষগুলি।

Published on: Sep 15, 2026, 15:47:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Delhi bomb threat: আবারও দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হুমকি বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলগুলির পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস ও বম্ব ডিসপোজাল টিম। স্কুল চত্বরে শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

সাত সকালে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক! (VISHAL KAPOOR)
সাত সকালে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক! (VISHAL KAPOOR)

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে দ্য ব্রিটিশ স্কুল, সংস্কৃতি স্কুল এবং সর্দার প্যাটেল বিদ্যালয়ে বোমায় স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। পড়ুয়াদের দ্রুত স্কুল ছাড়ার নির্দেশ দেন স্কুল কর্তৃপক্ষগুলি। খবর পাওয়ার পরই পুলিশের বিভিন্ন দল স্কুলগুলিতে হাজির হয়। ডাকা হয় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড। তার পরই শুরু হয় তল্লাশি। পড়ুয়া, শিক্ষক এবং স্কুলের অন্যান্য কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, নয়া দিল্লি জেলার একাধিক স্কুল থেকে সকাল ১০:৩০ থেকে ১০:৪৫-এর মধ্যে তাঁদের কাছে একের পর এক ফোন আসে। ইমেলের মাধ্যমে আসা হুমকির খবর পাওয়া মাত্রই দিল্লি পুলিশের একাধিক দল, বম্ব ডিটেকশন ও ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দিল্লি ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুলগুলিতে পৌঁছান। আগাম সতর্কতা হিসেবে তৎক্ষণাৎ সমস্ত স্কুল চত্বর খালি করে দেওয়া হয় এবং নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল কার্যকর করা হয়। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তল্লাশিতে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। তবে হুমকি মেলের উৎস এবং তার সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা।

অভিভাবকদের বার্তা সর্দার প্যাটেল বিদ্যালয়ের

এদিকে, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়তেই সর্দার প্যাটেল বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের উদ্দেশে জরুরি বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়: 'প্রিয় অভিভাবকবৃন্দ, স্কুলে একটি নিরাপত্তা সংক্রান্ত হুমকি এসেছে। সমস্ত পড়ুয়াদের নিরাপদে স্কুল চত্বর থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।' বার্তায় আরও জানানো হয়: 'মিডল স্কুলের পড়ুয়াদের পরীক্ষা ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল, তবে সিনিয়র স্কুলের পড়ুয়াদের পরীক্ষার অধিকাংশ অংশ সম্পন্ন হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি সাবধানতার সঙ্গে পর্যালোচনা করে বাকি থাকা সিনিয়র স্কুলের পরীক্ষার ব্যাপারে একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় চাইছে। সিদ্ধান্ত নেওয়া মাত্রই পরবর্তী তথ্য জানিয়ে দেওয়া হবে।' অন্যদিকে অভিভাবকদের তরফে জানা গেছে, এদিন থেকেই হাফ-ইয়ার্লি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঠিক সেই সময়েই এমন অনভিপ্রেত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, দিল্লিতেও এমন ঘটনা একাধিকবার হয়েছে। দিল্লির বহু স্কুল আগেও বোমার হুমকি পেয়েছে। কিন্তু কখনওই কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। সপ্তাহের শুরুতে এমন ঘটনায় রীতিমতো বিরক্ত ও আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ। ভয় পাচ্ছেন অভিভাবকরাও।