Border Bulldozer: বর্ডার এলাকায় চলতে পারে বুলডোজার, অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ অমিত শাহের

অমিত শাহ জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি জেলার জন্য ৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো তৈরি করা হবে। সেই পরিকল্পনায় সাধারণ মানুষ, প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলিকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

Published on: May 28, 2026, 10:48:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা আরও কড়া করতে বড় নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই আবহে বর্ডার এলাকাতেও চলতে পারে বুলডোজার।

অমিত শাহ জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি জেলার জন্য ৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো তৈরি করা হবে।
অমিত শাহ জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি জেলার জন্য ৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো তৈরি করা হবে।

সম্প্রতি রাজস্থানের বিকানেরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং সীমান্তবর্তী পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। বৈঠকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি জেলার জন্য ৩৬০ ডিগ্রি নিরাপত্তা কাঠামো তৈরি করা হবে। সেই পরিকল্পনায় সাধারণ মানুষ, প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলিকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় বেআইনি দখল, মাদক পাচার, সন্ত্রাসে অর্থ জোগান এবং অন্যান্য অপরাধ মোকাবিলায় BSF, NCB ও রাজ্য প্রশাসনকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকদের দায়িত্বও আরও বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় ব্যাঙ্ক লেনদেনের উপর নজরদারি, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থের উৎস খতিয়ে দেখা, মিউল অ্যাকাউন্ট ও শেল কোম্পানি শনাক্ত করা, ভুয়ো আধার কার্ড ধরার মতো কাজেও জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে পাচার রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, অমিত শাহ শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ আরও কয়েকটি সীমান্তবর্তী রাজ্য সফর করবেন। সীমান্ত সুরক্ষা ও ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প বাস্তবায়ন নিয়েও কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সীমান্তরক্ষী বাহিনীকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, প্রথম দফায় ১৪২.৭৯ একর জমি বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। জানানো হয়েছে, এর মধ্যে কোচবিহারে ২২.৯২৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, দার্জিলিং-এ ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর, দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর জমি, মালদহে ১০.৯০ একর, মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর, নদিয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগণায় ২.৬ একর জমি বিএসএফ-কে দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহ, মুর্শিদাবাদ এবং কোচবিহারের মতো সীমান্তবর্তী জেলাগুলিতে জমি হস্তান্তরের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সীমান্ত বরাবর বহু অংশ এখনও অরক্ষিত অবস্থায় রয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ২২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে এখনও কয়েকশো কিলোমিটার এলাকায় পূর্ণাঙ্গ বেড়া নির্মাণ হয়নি বলে জানা গিয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More