২০৩৫-এ বিশ্বে খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে মুসলিম জনসংখ্যা! আমেরিকানদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ কারোলিন লিভিটের

গত ১৯ নভেম্বর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন লিভিট। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনাম তুলে ধরেন। সেই প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টারের গবেষণার উল্লেখ ছিল। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে।

Published on: Nov 21, 2026, 13:55:36 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিশ্বের জনসংখ্যার ধর্মীয় বিন্যাসে বড় পরিবর্তনের পূর্বাভাস। ২০৩৫ সালের মধ্যে বিশ্বে খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে মুসলিম জনসংখ্যা। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে। আর সেই রিপোর্ট সামনে আসতেই আমেরিকার খ্রিস্টানদের বেশি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন হোয়াইট হাউসের প্রাক্তন প্রেস সচিব কারোলিন লিভিট। তাঁর বক্তব্য, বিয়ে করুন, বেশি সন্তানের জন্ম দিন, তাদের গির্জার পরিবেশে বড় করুন এবং আমেরিকাকে ভালবাসতে শেখান। লিভিটের এই মন্তব্য ঘিরে আমেরিকার সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। কেউ তাঁর বক্তব্যকে পারিবারিক মূল্যবোধের পক্ষে বলে সমর্থন করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বেশি সন্তান মানুষ করা কতটা সম্ভব?

Former White House Press Secretary Karoline Leavitt speaks during National Design Studio's launch event for America.gov, a new AI-powered government website, at the Mellon Auditorium in Washington, D.C., US, September 29, 2026. REUTERS/Kylie Cooper (REUTERS)
Former White House Press Secretary Karoline Leavitt speaks during National Design Studio's launch event for America.gov, a new AI-powered government website, at the Mellon Auditorium in Washington, D.C., US, September 29, 2026. REUTERS/Kylie Cooper (REUTERS)

গত ১৯ নভেম্বর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন লিভিট। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনাম তুলে ধরেন। সেই প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টারের গবেষণার উল্লেখ ছিল। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে। সেই খবরের সঙ্গে নিজের বার্তা জুড়ে দেন লিভিট। তিনি লেখেন, বিয়ে করুন, বেশি সন্তানের জন্ম দিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালবাসতে শেখান।

লিভিটের এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের মতে, পরিবার, ধর্মীয় শিক্ষা এবং দেশের প্রতি ভালবাসার গুরুত্ব তুলে ধরেছেন তিনি। অন্য অংশের প্রশ্ন, সন্তান প্রতিপালনের বিপুল খরচ, বাড়িভাড়া, চিকিৎসা এবং শিশুদের দেখাশোনার ব্যয় মেটানোই যেখানে বহু পরিবারের কাছে কঠিন, সেখানে বেশি সন্তান নেওয়ার পরামর্শ কতটা বাস্তবসম্মত? কেউ কেউ আবার বলেছেন, সন্তানের ধর্মীয় বিশ্বাস কী হবে, তা বড় হয়ে তার নিজেরই বেছে নেওয়ার অধিকার থাকা উচিত।

কী বলছে পিউ রিসার্চের সমীক্ষা?

পিউ রিসার্চ সেন্টারের ১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন্স’ শীর্ষক গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলির সম্ভাব্য বৃদ্ধির হিসাব দেওয়া হয়েছে। গবেষণা অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। কিন্তু বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা বজায় থাকলে ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছতে পারে। সেই সময় খ্রিস্টানদের সংখ্যা হতে পারে ২৫২ কোটি। গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। অন্য দিকে, খ্রিস্টানদের সংখ্যা থাকবে প্রায় ৩০০ কোটি।

এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মহিলাদের গড় সন্তান জন্ম দেওয়ার হার ছিল ৩.১। খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে সেই হার ২.৫। ওই পাঁচ বছরে মুসলিম মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২৫ কোটি ২০ লক্ষ শিশু। খ্রিস্টান মায়েদের ক্ষেত্রে সংখ্যাটি প্রায় ২০ কোটি ৮০ লক্ষ। গবেষকদের মতে, ধর্ম পরিবর্তনের তুলনায় স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি এই পরিবর্তনের বড় কারণ।

আমেরিকাতেও বদলাচ্ছে ধর্মীয় জনসংখ্যার ছবি

সমীক্ষায় আমেরিকার ভবিষ্যৎ জনসংখ্যার ছবিও তুলে ধরা হয়েছে। বর্তমানে সে দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ খ্রিস্টান। কিন্তু ২০৬৫ সালের মধ্যে সেই হার ৫০ শতাংশের নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস। ২০৭০ সালে আমেরিকায় খ্রিস্টানদের সংখ্যা ২০২০ সালের প্রায় ২১ কোটি ৭০ লক্ষ থেকে কমে ১৭ কোটি ৪০ লক্ষ হতে পারে।

তবে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। ২০৩৫ সালের মধ্যে মুসলিমরা খ্রিস্টানদের ছাপিয়ে যেতে পারে বলে যে পূর্বাভাস, তা গোটা বিশ্বের জনসংখ্যা নিয়ে, শুধু আমেরিকা নিয়ে নয়। পিউয়ের গবেষণায় বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা বাড়লেও খ্রিস্টানদের সংখ্যাও বিশ্বজুড়ে বাড়তে থাকবে। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৭ অগস্ট পর্যন্ত হোয়াইট হাউসের প্রেস সচিব ছিলেন লিভিট। তাঁর সাম্প্রতিক মন্তব্যের পর আমেরিকায় ধর্ম, পরিবার, জন্মহার এবং জীবনযাত্রার খরচ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।