Case against Sheikh Hasina: ২০১৩ সালের হেফাজত সমাবেশ কাণ্ডে হাসিনার নামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) আজিজ আহমেদ-সহ মোট ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

Published on: Jul 27, 2026, 14:01:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের রাজনীতিতে ফের বড় আইনি পদক্ষেপ। ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) আজিজ আহমেদ-সহ মোট ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন।

শাপলা চত্বর কাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
শাপলা চত্বর কাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় পৌনে ১১টা নাগাদ প্রসিকিউটর জহিরুল আমিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। একই দিনে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির প্রাথমিক শুনানি হওয়ার কথা রয়েছে।

এই মামলায় বর্তমানে গ্রেফতার থাকা ৯ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, প্রাক্তন ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, প্রাক্তন ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশনের দাবি, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জনের মৃত্যু হয়। তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এই ঘটনাগুলিকে মানবতাবিরোধী অপরাধের আওতায় এনে বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে প্রসিকিউশন।

মামলাটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। সেই প্রেক্ষাপটে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের নতুন মাত্রা যোগ করল।

এখন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করবে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। এই মামলার অগ্রগতি বাংলাদেশের রাজনীতি ও বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More