CBSE Datesheet 2027: প্রকাশিত সিবিএসই-র দশম এবং দ্বাদশের সময়সূচি, জানুন বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ

CBSE Datesheet 2027: ২০২৭-এ দশম শ্রেণিতে মোট ৮৩টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। দ্বাদশের পরীক্ষা হবে ১২১টি বিষয়ের উপর।

Published on: Nov 6, 2026, 22:07:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

CBSE Datesheet 2027: পরীক্ষার্থীদের প্রস্তুতি আরও সহজ করতে এবং আগাম পরিকল্পনা করার সুযোগ দিতে নির্ধারিত সময়ের অনেক আগেই ২০২৭ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার চূড়ান্ত সময়সূচি (Date Sheet) প্রকাশ করল কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিএসই (CBSE)। ৬ নভেম্বর ২০২৬ তারিখে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ এই পরীক্ষার রুটিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রকাশিত সিবিএসই-র দশম এবং দ্বাদশের সময়সূচি
প্রকাশিত সিবিএসই-র দশম এবং দ্বাদশের সময়সূচি

অফিসিয়াল সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ৯ মার্চ ২০২৭ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও একই দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ২০২৭ থেকে শুরু হয়ে শেষ হবে ৯ এপ্রিল ২০২৭ তারিখে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে উভয় শ্রেণির পরীক্ষা। সর্বভারতীয় অন্যান্য পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখেই বোর্ডের তরফে পরীক্ষার দিনক্ষণ স্থির করা হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

লিখিত পরীক্ষার রুটিনের পাশাপাশি বোর্ড প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখও নিশ্চিত করেছে।

সাধারণ স্কুলসমূহ: দেশ ও বিদেশের সমস্ত সিবিএসই অনুমোদিত স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট ১ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে।

শীতকালীন স্কুলসমূহ (Winter-Bound Schools): শীতকালীন অঞ্চলের স্কুলগুলির জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা আগেই, অর্থাৎ ৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৭-এ দশম শ্রেণিতে মোট ৮৩টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। দ্বাদশের পরীক্ষা হবে ১২১টি বিষয়ের উপর। সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার সূচি অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি পেন্টিং, ১৭ ফেব্রুয়ারি অঙ্ক (স্ট্যান্ডার্ড ও বেসিক), ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, ৩ মার্চ হিন্দি এবং ৮ মার্চ সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে। দ্বাদশের ক্ষেত্রে ১৬ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা, ২৭ ফেব্রুয়ারি রসায়ন, ৫ মার্চ ইংরেজি, ৯ মার্চ গণিত, ১৬ মার্চ অর্থনীতি, ২৫ মার্চ জীববিজ্ঞান, ২৭ মার্চ ইতিহাস এবং ১ এপ্রিল বিজনেস স্টাডিজের পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত সূচি জানতে পরীক্ষার্থীদের সিবিএসই-র ওয়েবসাইট cbse.gov.in দেখে নিতে হবে।

আগামী বছর প্রায় ৪৫ লক্ষের বেশি পরীক্ষার্থী উভয় শ্রেণির পরীক্ষায় বসতে চলেছে। এর মধ্যে দশম শ্রেণির পরীক্ষা দেবে ২৬ লক্ষের বেশি পড়ুয়া। অন্যদিকে, দ্বাদশের পরীক্ষা দেবেন ১৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার প্রায় সাড়ে তিন মাসের আগেই সময়সূচি প্রকাশ করা হল বোর্ডের তরফে। ​পর্ষদের মতে, এত আগে রুটিন প্রকাশিত হওয়ায় পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ কাটিয়ে সুশৃঙ্খলভাবে প্রস্তুতি নিতে পারবে, তেমনই শিক্ষক, অভিভাবক ও স্কুলগুলিও ছুটির দিন বা অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজ সময়মতো পরিকল্পনা করতে পারবে।