UPI Charges: গ্রাহকদের উপর অতিরিক্ত ইউপিআই চার্জ নয়, বড় পদক্ষেপ কেন্দ্রের : Report
UPI Charges: আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি পার্সন-টু-মার্চেন্ট ইউপিআই ট্রান্স্যাকশনের উপর ০.৪ শতাংশ এমডিআর অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) প্রযোজ্য হবে। এই ফি মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীদের দিতে হবে, গ্রাহকদের নয়।
UPI Charges: সামনেই পুজোর মরশুম শুরু হচ্ছে। এই অবস্থায় দু’হাজার টাকার উপর লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বসানোর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই চার্জ পুরোটাই ক্রেতাদের উপর চাপানোর চেষ্টা করবেন বিক্রেতারা। তাতে কেনাকাটা মার খাবে। এই অবস্থায় ২,০০০ টাকার বেশি কমার্শিয়াল ইউপিআই পেমেন্টের উপর চার্জের প্রভাব যাতে সাধারণ মানুষের উপর না পড়ে, তার জন্য সরকার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে।
সরকারি সূত্রকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ইউপিআই ইকোসিস্টেমের পেমেন্ট অ্যাগ্রিগেটর এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এর উদ্দেশ্য হল, সম্প্রতি চালু হওয়া মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR)-এর বোঝা যাতে গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করা। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি মনিটরিং সিস্টেমও তৈরি করছে। এর মাধ্যমে নজর রাখা হবে, যাতে মার্চেন্টরা এই ফি-র বোঝা গ্রাহকদের উপর চাপিয়ে না দেন। আশঙ্কা রয়েছে, নতুন চার্জের কারণে বড় অঙ্কের পেমেন্টের জন্য ইউপিআই ব্যবহারকারী মানুষের খরচ বেড়ে যেতে পারে।
আসলে নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি পার্সন-টু-মার্চেন্ট ইউপিআই ট্রান্স্যাকশনের উপর ০.৪ শতাংশ এমডিআর অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) প্রযোজ্য হবে। এই ফি মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ীদের দিতে হবে, গ্রাহকদের নয়। ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এই চার্জ সর্বোচ্চ ৩০০ টাকা হবে। অর্থাৎ সাধারণ ইউজারদের জন্য পেমেন্ট সিস্টেম আগের মতোই থাকবে। এর উপর কোনও অতিরিক্ত ফি-র বোঝা পড়বে না। কিন্তু এখন মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে যে সংস্থাগুলি এই চার্জের টাকা সাধারণ ইউজারদের কাছ থেকে আদায় করতে পারে। তাই সরকার এখন এমন একটি নজরদারি ব্যবস্থা তৈরি করছে, যাতে দোকানদার বা ব্যবসায়ীরা ইউপিআই ফি-র এই বোঝা গ্রাহকদের উপর চাপিয়ে দিতে না পারেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে এমডিআর নয়
কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, এমডিআরের খরচ গ্রাহকের উপর চাপানো যাবে না। অর্থাৎ দোকানে গিয়ে পেমেন্টের সময় পণ্যের দামের সঙ্গে আলাদা করে ‘ইউপিআই চার্জ’ যোগ করার সুযোগ নেই। এমনটা করলে তা আইনভঙ্গ হিসেবে গণ্য হতে পারে বলে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন। কেন্দ্রের যুক্তি, ইউপিআই ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টেকসই করতে একটি রাজস্ব কাঠামো প্রয়োজন। এতদিন গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য ইউপিআই প্রায় বিনামূল্যে থাকলেও পরিকাঠামো, উদ্ভাবন এবং প্রতিযোগিতা বজায় রাখতে নতুন ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। নতুন এমডিআর চালুর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকার অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রক সরাসরি খারিজ করে দিয়েছে।
ইউপিআই ব্যবহার হ্রাসের সম্ভাবনা নেই
এদিকে অর্থ মন্ত্রকের অনুমান, ২,০০০ টাকার বেশি মূল্যের মার্চেন্ট ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ১৫ অক্টোবর থেকে ০.৪ শতাংশ ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ (MDR) কার্যকর হলেও নগদ লেনদেন বাড়বে না। সূত্রের খবর, এই সিদ্ধান্তের ফলে মোট ইউপিআই লেনদেনের মাত্র ৪ শতাংশ প্রভাবিত হবে এবং এর কারণে ইউপিআই ব্যবহারের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা নেই। তাঁরা আরও জানিয়েছেন, রুপে ডেবিট কার্ডের (RuPay Debit Card) মাধ্যমে যে কোনও অঙ্কের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে হবে।
E-Paper

