Paper Leak Update: প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, বিক্ষোভে ফের অশান্ত দিল্লি, ছোড়া হল পাথর
প্রতিবাদ বিক্ষোভ ঘিরে দিল্লির টলসটয় মার্গে নতুন করে অশান্তির ঘটনা ঘটেছে বলে খবর। এদিকে, প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে আলোচনায় সম্মতি জানিয়ে কেন্দ্রের তরফে এল বড় বার্তা।
নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লিতে সিজেপির বিক্ষোভের মাঝে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে চর্চায় রাজি মোদী সরকার। রাজধানীতে এদিন এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। অন্যদিকে, রাজধানী দিল্লির টলসটয় মার্গ এদিন নতুন করে তপ্ত হয়ে ওঠে বিক্ষোভের জেরে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা বলেন,'প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীরা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে… আমি অনুরোধ করছি, আমরা যেন এই বিষয়টিকে রাজনীতিকরণ না করি। এই ঘটনা থেকে যেন আমরা কোনো রাজনৈতিক ফায়দা না নিই।' এরইসঙ্গে তিনি বলেন প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় সরকার সংসদে আলোচনা করতে চায়। নড্ডা বলেন, ‘আলোচনার জন্য বিরোধী দল যত সময় চাইবে, আমরা তার জন্য প্রস্তুত।’ নাড্ডার মতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে এবং বিষয়টি নিয়ে সংসদে গুরুত্ব সহকারে আলোচনা হওয়া প্রয়োজন। তিনি বলেন, দোষারোপের রাজনীতিতে লিপ্ত না হয়ে সব রাজনৈতিক দলের উচিত ঐক্যবদ্ধভাবে এর সমাধান খোঁজা।
নাড্ডা আরও জানান যে, মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে গিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তিনি বলেন, তিনি ওয়াংচুককে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন এবং শিক্ষার্থীদেরও অনশন শেষ করতে বলার জন্য তাঁর কাছে আবেদন করেছেন।
এদিকে, এরই মাঝে দিল্লিতে টলসটয় মার্গের কাছে নতুন করে উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। সন্ধ্যা নাগাদ সেখানে পাথর ছোড়ার ঘটনা ঘটে। ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। নতুন করে দিল্লিতে এই পাথর ছোড়ার ঘটনায় এসিপি পদমর্যাদার এক অফিসার আহত হয়েছেন। এরপর থেকেই গোটা দিল্লিতে নিরাপত্তা কঠোর করা হয়েছে। গত ২০ জুলাই সিজেপির সংসদ চলো অভিযানের পর ফের একবার দিল্লিতে নতুন করে বিক্ষোভ ঘিরে অশান্তির ছবি দেখা যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন; এঁদের মধ্যে দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি), দুজন পরিদর্শক এবং অন্যান্য পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কয়েকজন বিক্ষোভকারী তলোয়ার ও খুকরি নিয়েও তেড়ে আসেন। পুলিশের তথ্য অনুযায়ী, যন্তর মন্তরে সমবেত জনতা তলস্তয় মার্গের দিকে এগিয়ে যায়, সেখানে কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়েছে বলে অভিযোগ রয়েছে। দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানায়।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


