Parliament: নজরে আসন পুনর্বিন্যাস, মহিলা বিল? সংসদ অধিবেশন ডাকল কেন্দ্র, কবে শুরু?

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ‘সরকার মাননীয় স্পিকার, লোকসভা এবং মাননীয় চেয়ারম্যান, রাজ্যসভাকে যথাক্রমে সোমবার, ৩০ নভেম্বর লোকসভা এবং বুধবার, ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন পুনরায় আহ্বান করার অনুরোধ জানিয়েছে।’

Published on: Nov 26, 2026, 20:14:38 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এই মুহূর্তে রাজনৈতিক আঙিনায় চর্চায় রয়েছে আসন পুনর্বিন্যাস, মহিলা বিল। তারই মাঝে বহু প্রতীক্ষিত সংসদের অধিবেশন ডাকল কেন্দ্র। শীতকালীন অধিবেশনের আগেই লোকসভা ও রাজ্যসভায় বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র। আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর হবে রাজ্যসভার অধিবেশন।

চর্চায় আসন বৃদ্ধি, মহিলা বিল! সংসদ অধিবেশন ডাকল কেন্দ্র, কবে শুরু?। (ফাইল ছবি, সৌজন্যে সংসদ টিভি)
চর্চায় আসন বৃদ্ধি, মহিলা বিল! সংসদ অধিবেশন ডাকল কেন্দ্র, কবে শুরু?। (ফাইল ছবি, সৌজন্যে সংসদ টিভি)

এদিন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ‘সরকার মাননীয় স্পিকার, লোকসভা এবং মাননীয় চেয়ারম্যান, রাজ্যসভাকে যথাক্রমে সোমবার, ৩০ নভেম্বর লোকসভা এবং বুধবার, ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন পুনরায় আহ্বান করার অনুরোধ জানিয়েছে, যাতে অত্যাবশ্যকীয় সরকারি কার্যাবলি সম্পন্ন করা যায়। সরকারি কার্যাবলির জরুরি প্রয়োজনের ওপর নির্ভর করে, উভয় কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর সমাপ্ত হতে পারে।’ এবারের অধিবেশনে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পেশ ও পাশ হবে কি না, তা নিয়ে নানান মহলে জোর জল্পনা। বেশ কিছু মিডিয়া রিপোর্টের চর্চা রয়েছে, আসন পুনর্বিন্যাস বিল প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনের জন্য বিরোধী পক্ষের কিছু শিবিরকে রাজি করানোর চেষ্টায় রয়েছে এনডিএ।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সংসদে পেশ করেছিলেন তিনটি বিল। এই বিলগুলি হল, লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল ( পোশাকি নাম, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। এছাড়াও লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার বিষয়টি এরই অন্তর্গত), লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত বিল। তৃতীয় বিলটি হল, কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল (কেন্দ্রশাসিত অঞ্চলে আসনবৃদ্ধির উদ্দেশ্যে)। প্রথম বিলটি পাশ হয়নি, পরের দুটি বিল নিয়েও ভোটাভুটির পথে হাঁটেনি কেন্দ্র।

২০২৯ সালে লোকসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পাশ করানো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় সরকার। সেই জায়গা থেকে এই অধিবেশনের ডাক বেশ তাৎপর্যপূর্ণ।

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।