জুবিনের মৃত্যু রহস্যে নয়া মোড়! নভেম্বরে তদন্ত শেষ SIT-র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বুধবার নয়া দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও সিঙ্গাপুরের হাই কমিশনার এলিস চেং-এর সঙ্গে সাক্ষাৎ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
কিংবদন্তি গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার জুবিন গর্গের মৃত্যু রহস্যের তদন্তে নয়া মোড়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, অসম সরকার গৌহাটি হাইকোর্টের কাছে আবেদন জানাবে যাতে এই মামলার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়।

এক সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী জানান, বিশেষ তদন্তকারী দল (সিট) তাঁকে আশ্বাস দিয়েছে যে নভেম্বরের শেষের মধ্যে তদন্ত শেষ হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চার্জশিট আদালতে দাখিল করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হবে, যিনি শুধু এই মামলার পক্ষেই আদালতে প্রতিনিধিত্ব করবেন। এই প্রসিকিউটর চার্জশিট দাখিল থেকে রায় ঘোষণার দিন পর্যন্ত একটানা যুক্ত থাকবেন। একই সঙ্গে তিনি নিজে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলবেন যাতে প্রক্রিয়াটি দ্রুত হয়। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের। তিনি সেখানে গিয়েছিলেন উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক উৎসব ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর চতুর্থ সংস্করণে অংশ নিতে। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা অসম শোকস্তব্ধ হয়ে পড়ে। রাজ্যজুড়ে ন্যায়বিচারের দাবিতে সরব হন ভক্ত ও সাংস্কৃতিক মহল। ইতিমধ্যে এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন গায়কের আত্মীয় ও অসম পুলিশের উপ-পুলিশ অধীক্ষক সন্দীপন গর্গ।
বুধবার নয়া দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও সিঙ্গাপুরের হাই কমিশনার এলিস চেং-এর সঙ্গে সাক্ষাৎ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই প্রসঙ্গে তিনি বলেন, জুবিন গর্গ মৃত্যু তদন্তে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে বৈঠক করবে অসম পুলিশ। অসম পুলিশের এডিজিপি তথা সিট এর প্রধান মুন্না গুপ্তার সঙ্গে বৈঠক হবে সিঙ্গাপুর পুলিশের। আগামী ২১ অক্টোবর বৈঠক। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, সরকার চাইছে এই সংবেদনশীল মামলায় ন্যায়বিচার যেন দেরি না হয়। তাঁর কথায়, 'মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকে যে আদালতের রায় পেতে অনেক সময় লাগে। তাই আমরা গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাব, যাতে প্রতিদিন শুনানি হয় এবং দ্রুত রায় ঘোষণা করা যায়।' মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, জুবিন গর্গের শেষকৃত্য স্থলে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্মৃতিসৌধের পরিকল্পনা ও নকশা নির্ধারণের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে থাকছেন গায়কের স্ত্রী গরিমা গর্গ, বোন পালমি বোরঠাকুর এবং অসমের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অসমে রাহুল গান্ধী
জুবিন গর্গের মৃত্যুতে আগেই শোক প্রকাশ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার প্রয়াত গায়কের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার অসমে যাচ্ছেন তিনি। অসমের কংগ্রেস নেতারা জানিয়েছে, জুবিন গর্গের স্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন তিনি। এদিকে কংগ্রেস নেতাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'রাহুল গান্ধী জুবিনের মৃত্যুর ২৮ দিন পর তাঁকে স্মরণ করেছেন। অন্তত একজন কংগ্রেস নেতা জুবিন গর্গের জন্য আসছেন - যা তারা ভূপেন হাজারিকার মৃত্যুর পরেও করেনি। আমি খুশি যে তিনি আসছেন, তবে আমি আশা করেছিলাম রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধী জুবিনের শেষকৃত্যে যোগ দেবেন।' মুখ্যমন্ত্রী আরও বলেন, রাহুল গান্ধীর সফরের সময় যদি তিনি আমন্ত্রণ পান তবে অবশ্যই জুবিনের বাড়িতে যাবেন।
E-Paper

