২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
China AI Chip Smuggle: চিনের গুপ্তচর সংস্থার দুই বছরের গোপন অভিযান! নিষেধাজ্ঞা এড়িয়ে আমেরিকার উন্নত AI চিপ পাচারের ছক
নিউ ইয়র্ক টাইমসের ২১ নভেম্বরের অনুসন্ধানে এই গোপন অভিযানের কথা সামনে এসেছে। এশিয়া, আমেরিকা ও ইউরোপের একাধিক বর্তমান ও প্রাক্তন নিরাপত্তা আধিকারিকের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে। তাঁদের দাবি, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের প্রধান চেন ইশিনের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ দল এই কাজ করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আমেরিকাকে টেক্কা দিতে এবার কি গুপ্তচরবৃত্তির পথ বেছে নিয়েছে চিন? মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে অত্যাধুনিক এআই চিপ সংগ্রহ এবং আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পের গোপন তথ্য হাতানোর জন্য অন্তত দু'বছর ধরে গোপন অভিযান চালাচ্ছে চিনের গোয়েন্দা সংস্থা! এমনই বিস্ফোরক দাবি উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে। অভিযোগ, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক (MSS) বিশেষ একটি দল তৈরি করেছে, যারা চিনা সংস্থাগুলিকে নিষিদ্ধ প্রযুক্তির চিপ সংগ্রহ এবং পাচারে সাহায্য করছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চিপ প্রস্তুতকারী সংস্থা, প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থার উপর নজরদারি চালাচ্ছে।

নিউ ইয়র্ক টাইমসের ২১ নভেম্বরের অনুসন্ধানে এই গোপন অভিযানের কথা সামনে এসেছে। এশিয়া, আমেরিকা ও ইউরোপের একাধিক বর্তমান ও প্রাক্তন নিরাপত্তা আধিকারিকের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে। তাঁদের দাবি, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের প্রধান চেন ইশিনের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ একটি দল এই কাজ করছে। দলটি সরাসরি তাঁর কাছে রিপোর্ট করে।
অভিযানের মূল লক্ষ্য আমেরিকা ও তার সহযোগী দেশগুলির আরোপ করা প্রযুক্তিগত নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দেওয়া। বিশেষ করে এনভিডিয়ার মতো মার্কিন সংস্থার উন্নত এআই প্রসেসর চিনে সরাসরি বিক্রি করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ, সেই বাধা এড়াতে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে কাজে লাগানো হচ্ছে। নিষিদ্ধ চিপ পাচারের পাশাপাশি সেমিকন্ডাক্টর প্রযুক্তির গোপন তথ্য সংগ্রহও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।
কেন এত মরিয়া চিনের প্রেসিডেন্ট শি জিনপিং?
কারণ, আগামী দিনের অর্থনীতি থেকে শুরু করে সামরিক শক্তি—সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব ক্রমশ বাড়ছে। অত্যাধুনিক এআই চিপ ছাড়া বিপুল কম্পিউটিং ক্ষমতা তৈরি করা কঠিন। ফলে আমেরিকার সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে নারাজ বেজিং। ২০২২ সালের শেষ থেকে এনভিডিয়ার উন্নত চিপ চিনে রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। চিনের প্রযুক্তিগত স্বনির্ভরতা বাড়াতে ২০২৩ সালে সেন্ট্রাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিশন তৈরি করেন শি জিনপিং। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন চিনের পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ডিং শুয়েশিয়াং।
এনভিডিয়ার কর্ণধারকে নজরদারির অভিযোগ
এই গোটা বিষয়টি সামনে এসেছে চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংকে ঘিরে মার্কিন তদন্তের আবহে। অভিযোগ, এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান জেনসেন হুয়াংয়ের উপর নজরদারি চালাতে চিনের গোয়েন্দা সংস্থাকে সাহায্য করেছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত সিঙ্গাপুরভিত্তিক সংস্থা মেগাস্পিড বিপুল পরিমাণ এনভিডিয়া চিপ কিনে বিদেশের ডেটা সেন্টারে কম্পিউটিং পরিষেবা দিত। এর মাধ্যমে চিনা সংস্থাগুলি সরাসরি চিপ আমদানির নিষেধাজ্ঞা এড়িয়ে বিদেশে বসেই উন্নত প্রসেসর ব্যবহারের সুযোগ পেত বলে অভিযোগ। তবে অ্যালিস হুয়াংয়ের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কের বিষয়টি এখনও তদন্তাধীন।
কর্পোরেট নথি এবং স্ট্রাইডার টেকনোলজিসের একটি গোপন রিপোর্টের উল্লেখ করে লাইভ হিন্দুস্তান জানিয়েছে, হুয়াং পরিবারের ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থাগুলি চিন সরকারের কাছ থেকে প্রায় ৩.৬ বিলিয়ন ডলারের অর্থায়ন পেয়েছিল। এই অর্থের একটি অংশ এনভিডিয়া চিপ ব্যবহার করা ডেটা সেন্টার-সহ প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ করা হয়েছিল। তবে ওই ডেটা সেন্টারের ক্ষমতা চিনের সামরিক বাহিনী ব্যবহার করেছে কি না, তা নিশ্চিত নয়।ে
এদিকে চিনের এই প্রযুক্তিগত অগ্রযাত্রা আটকাতে আরও কঠোর পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বিদেশের ডেটা সেন্টার থেকে চিন, রাশিয়া ও ইরানের সংস্থাগুলিকে বিপুল কম্পিউটিং ক্ষমতা দেওয়ার আগে মার্কিন সরকারের অনুমতি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। চিন অবশ্য গুপ্তচরবৃত্তির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে, এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা ও চিনের সংঘাত এখন আর শুধু বাণিজ্যিক প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা এবং জাতীয় নিরাপত্তা—তিন ক্ষেত্রেই দুই শক্তিধর দেশের লড়াই ক্রমশ তীব্র হচ্ছে।
E-Paper
