China Pakistan: চিন-পাক সম্পর্ককে তোল্লাই দিয়ে বার্তা শি জিনপিংর! ওদিকে, ইসলামাবাদে চিনা নাগরিকের…

পাকিস্তানের সঙ্গে চিনের সম্পর্কের সুখ্যাতি যখন একদিকে করছে বেজিং, অন্যদিকে, পাকিস্তানের ইসলামাবাদে এক চিনা নাগরিককে বেঁধে, তাঁর কপালে বন্দুক ঠেকিয়ে তাঁর সর্বস্ব লুঠ করা হয়েছে বলে অভিযোগ।

Published on: May 25, 2026, 20:56:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের একাধিকবার মার্কিন মুলুক যাত্রা সহ বেশ কিছু প্রেক্ষাপটে আমেরিকা-পাকিস্তান সম্পর্কের সমীকরণ কূটনৈতিক মহলের চর্চায় রয়েছে। ওদিকে, পাকিস্তানের সব মরশুমের বন্ধু চিনের সঙ্গে মার্কিনি কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও আমেরিকা- পাকিস্তান সম্পর্ক বেশ তাৎপর্যপূর্ণ। ইরান যুদ্ধের প্রেক্ষাপট থেকে শুরু করে আব্রাহাম অ্যাকর্ড ইস্যু ঘিরে এই পাকিস্তান-আমেরিকা সম্পর্ক বেশ কিছুটা আতস কাচের তলায়! এমন অবস্থায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তান-চিন সম্পর্ক নিয়ে মুখ খোলেন।

চিন-পাক সম্পর্ককে তোল্লাই দিয়ে বার্তা শিয়ের! ওদিকে, ইসলামাবাদে চিনা নাগরিকের… via REUTERS (via REUTERS)
চিন-পাক সম্পর্ককে তোল্লাই দিয়ে বার্তা শিয়ের! ওদিকে, ইসলামাবাদে চিনা নাগরিকের… via REUTERS (via REUTERS)

পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কের প্রেক্ষিতে ভারত-আমেরিকা সম্পর্কের জল কোন খাইতে বইবে? সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, মার্কিন সচিব মার্কো রুবিও ভারত সফরে এসে সদ্য বলেছেন, ‘বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমরা কৌশলগত পর্যায়ে ও আরও নানাভাবে কাজ করি। ভারতও তাই করে। দায়িত্বশীল রাষ্ট্রগুলো এমনই করে থাকে। কিন্তু আমি বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে ভারতের সঙ্গে আমাদের কৌশলগত জোটের পরিপন্থী বলে মনে করি না।’ এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গিয়েছেন চিন সফরে। সেখানে তিনি এদিন দেখা করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এই সাক্ষাত ঘিরে চিনের বিদেশমন্ত্রক জানায়,' প্রেসিডেন্ট শি বলেছেন যে, আন্তর্জাতিক প্রেক্ষাপট যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চিন তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনীতিতে সর্বদা চিন-পাকিস্তান সম্পর্কের উন্নয়নকে অগ্রাধিকার দেবে।'

এদিকে, পাকিস্তানের সঙ্গে চিনের সম্পর্কের সুখ্যাতি যখন একদিকে করছে বেজিং, অন্যদিকে, পাকিস্তানের ইসলামাবাদে এক চিনা নাগরিককে বেঁধে, তাঁর কপালে বন্দুক ঠেকিয়ে তাঁর সর্বস্ব লুঠ করা হয়েছে বলে অভিযোগ। এমনই তথ্য প্রকাশ করেছে নিউজ ১৮-র রিপোর্ট। জানা গিয়েছে, ইসলামাবাদের এক গেস্ট হাউসের ভিতর ঢুকে এই ঘটনা ঘটায় কয়েকজন। পাকিস্তানে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত চিনা নাগরিক হানসেন। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া নগদ টাকা ও সম্পত্তির মোট মূল্য আনুমানিক ৭ লক্ষ পাকিস্তানি রুপির বেশি। হামলাকারীরা একটি কালো রঙের গাড়িতে করে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার পর আহত চিনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে, চিনা প্রেসিডেন্টকে উল্লেখ করে শেহবাজ শরিফের চিন সফরের মাঝে চিনা বিদেশমন্ত্রকের বার্তা, ‘নতুন যুগে উভয় পক্ষের(চিন ও পাকিস্তানের) উচিত একটি আরও ঘনিষ্ঠ অভিন্ন ভবিষ্যৎ চিন-পাকিস্তান সম্প্রদায় গড়ে তোলার কাজকে ত্বরান্বিত করা, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত হবে।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More