Bangladesh:রহস্যজনকভাবে হঠাৎ চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকার কেরানিগঞ্জ বিশেষ জেলে স্থানান্তর! খবরে ফের বাংলাদেশে
জানা যাচ্ছে, সোমবার খুব ভোরে চিন্ময়কৃষ্ণ প্রভুকে হঠাৎই ঢাকার বিশেষ জেলে স্থানান্তরিত করেছে বাংলাদেশের প্রশাসন। আনুমানিক ভোর ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে স্থানান্তর করা হয়।
বাংলাদেশে কারাবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুকে ঘিরে ফের এক চাঞ্চল্যকর তথ্য। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসাবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাসকে হঠাৎই বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

জানা যাচ্ছে, সোমবার খুব ভোরে চিন্ময়কৃষ্ণ প্রভুকে হঠাৎই ঢাকার বিশেষ জেলে স্থানান্তরিত করেছে বাংলাদেশের প্রশাসন। আনুমানিক ভোর ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাঁকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আর সেখানেই উঠছে প্রশ্ন। বাংলাদেশের চট্টোগ্রামের জেল থেকে ভোর নাগাদ হঠাৎ করে চিন্ময়কৃষ্ণকে স্থানান্তরিত করা হল,তা নিয়ে রয়েছে প্রশ্ন। বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-র খবর অনুসারে, চিন্ময় প্রভুর খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে তাঁর সঙ্গে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এমনটাও কেন হল, তা নিয়ে রহস্য তুঙ্গে রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতন হতেই সেদেশে বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তার সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সেই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনের ঘটনাও উঠে আসে ওই এলাকা থেকে। সেই মামলায় তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেন, যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়। সূত্রের খবর, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। সেই চিন্ময়কৃষ্ণ দাসকে হঠাৎই খুব ভোরে কেন ঢাকার বিশেষ জেল-এ আনা হল, তা নিয়ে রয়েছে জল্পনা।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


