চট্টগ্রাম থেকে ঢাকার জেলে চিন্ময় প্রভু, তাঁর খাওয়াদাওয়া নিয়ে দেখা দিতে পারে সমস্যা! তারেক সরকারের পদক্ষেপ ঘিরে প্রশ্ন
চিন্ময় প্রভু একজন বৈষ্ণব সন্ন্যাসী। কঠোর নিরামিষাশী হওয়ার পাশাপাশি নিজের হাতে রান্না করা খাবার গ্রহণ করেন তিনি। চট্টগ্রাম জেলে তাঁর খাবারের ব্যবস্থা করতেন রঙ্গনাথ দাস ব্রহ্মচারী। কিন্তু চিন্ময় প্রভুকে ঢাকায় স্থানান্তরিত করা হলেও রঙ্গনাথকে সেখানে নিয়ে যাওয়া হয়নি।
বাংলাদেশে সনাতনী হিন্দুদের অধিকার ও নিরাপত্তার দাবিতে সরব হওয়ার মাশুল কি এখনও দিতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে? প্রায় দুই বছর ধরে কারাবন্দি থাকার পর এবার তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হল। সোমবার, ১৬ নভেম্বর কড়া নিরাপত্তার মধ্যে ভোর পাঁচটা নাগাদ তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সকাল প্রায় ১০টা নাগাদ ঢাকার কারাগারে পৌঁছয় তাঁকে নিয়ে যাওয়া গাড়ি। কিন্তু কেন হঠাৎ এই স্থানান্তর? কার নির্দেশে এই সিদ্ধান্ত? বন্দির নিরাপত্তা ও ধর্মীয় জীবনযাপনের বিষয়টি কি আদৌ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে? এই সমস্ত প্রশ্ন ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে।

বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, মন্দির ভাঙচুর এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদে একাধিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সনাতনী সমাজের অধিকার ও নিরাপত্তার দাবিতে তাঁর আন্দোলন আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছিল। এরপরই জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।
কিন্তু এবার কারাগার বদলের ঘটনায় আরও উদ্বেগ তৈরি হয়েছে তাঁর আইনজীবী ও অনুগামীদের মধ্যে। চিন্ময় প্রভু একজন বৈষ্ণব সন্ন্যাসী। কঠোর নিরামিষাশী হওয়ার পাশাপাশি নিজের হাতে রান্না করা খাবার গ্রহণ করেন তিনি। চট্টগ্রাম জেলে তাঁর খাবারের ব্যবস্থা করতেন রঙ্গনাথ দাস ব্রহ্মচারী। কিন্তু চিন্ময় প্রভুকে ঢাকায় স্থানান্তরিত করা হলেও রঙ্গনাথকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। ফলে নতুন জেলে তাঁর খাদ্যাভ্যাস ও ধর্মীয় নিয়ম মেনে চলা কতটা সম্ভব হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। এমনকী, তাঁর শারীরিক অবস্থার কথাও মাথায় রেখে যথাযথ খাবারের ব্যবস্থা করার দাবি উঠেছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, চিন্ময় প্রভুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিচারপ্রক্রিয়া মূলত চট্টগ্রামের আদালতেই চলছে। কারা কর্তৃপক্ষের কাছে স্থানান্তরের কারণ জানতে চাওয়া হলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, বন্দিদের এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। অর্থাৎ বিশেষ কোনও কারণের কথা তিনি জানাননি। কিন্তু যে বন্দির বিরুদ্ধে মামলার বিচার চট্টগ্রামে চলছে, তাঁকে হঠাৎ ঢাকায় সরানোর প্রয়োজন কেন হল, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় জামিন পেলেও রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের নির্দেশ স্থগিত রয়েছে এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারপ্রক্রিয়াও চলছে। ফলে এখনও কারামুক্তি সম্ভব হয়নি।
এখন বাংলাদেশের ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু চিন্ময় প্রভুর মতো একজন ধর্মীয় নেতার ক্ষেত্রে স্বচ্ছতা ও মানবিকতার প্রশ্ন উঠতেই সরকারের ভূমিকা নিয়ে জবাবদিহির দাবি উঠছে। মনে রাখতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা কোনও রাজনৈতিক দয়া নয়, এটি মৌলিক অধিকার।
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, চিন্ময় প্রভু একজন সনাতনী মানুষ। তাঁকে এই ধরনের অত্যাচার করা হচ্ছে। তিনি আরও বলেন, 'সমস্ত অন্যায়ের জবাব পাবে ওরা।'
ভারতের কাছেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত হওয়া ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। চিন্ময় প্রভুর বিরুদ্ধে অভিযোগ থাকলে নিরপেক্ষ আদালতে তার বিচার হোক। কিন্তু বিচারাধীন অবস্থায় তাঁর ধর্মীয় পরিচয়, শারীরিক প্রয়োজন এবং মৌলিক মানবাধিকার যেন কোনওভাবেই উপেক্ষিত না হয়। তারেক রহমান সরকারের কাছে এটাই প্রত্যাশা। অন্যথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন সরকারের আশ্বাসও প্রশ্নের মুখে পড়বে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


