CISF in Airport Security: দেশের বিমানবন্দরে কমছে CISF-এর সংখ্যা! বন্দুকবিহীন নিরাপত্তার দায়িত্বে আসছে বেসরকারি সংস্থা
প্রতিবেদন অনুযায়ী, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS) বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। গত ২৭ অক্টোবর এই নির্দেশিকা সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে পাঠানো হয়।
দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে বিমানবন্দরের একাধিক নিরাপত্তার দায়িত্ব আর সামলাবেন না কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা CISF-এর জওয়ানরা। তাঁদের জায়গায় ধীরে ধীরে দায়িত্ব দেওয়া হবে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীদের। নতুন নিয়ম কার্যকর হলে দেশের বিভিন্ন বিমানবন্দরে CISF-এর মোট কর্মীসংখ্যা কমতে পারে প্রায় ১০ শতাংশ বা তারও বেশি। তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নিরাপত্তার দায়িত্ব আগের মতোই থাকবে CISF-এর হাতে। মূলত নিরাপত্তার খরচ নিয়ন্ত্রণ এবং বিমানযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS) বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। গত ২৭ অক্টোবর এই নির্দেশিকা সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অনুমোদনেই এই নতুন পরিকল্পনা তৈরি হয়েছে। প্রায় এক বছর ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, CISF এবং স্বরাষ্ট্র ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা ও সমীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিমানবন্দরের যেসব নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর প্রয়োজন নেই, সেই কাজগুলি ধীরে ধীরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে। যেমন টার্মিনাল ভবনের কিছু অংশে নজরদারি, প্রবেশ ও বেরনোর পথে নিয়ন্ত্রণ, যাত্রীদের বিভিন্ন পরিষেবায় সহায়তা এবং নির্দিষ্ট কিছু সাধারণ নিরাপত্তার দায়িত্ব সামলাবেন তাঁরা। ডিজিযাত্রা কাউন্টারগুলিতেও কর্মী মোতায়েনের নির্দিষ্ট নিয়ম তৈরি করা হয়েছে। প্রতি ডিজিযাত্রা লেনে একজন করে প্যাসেঞ্জার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট থাকবেন। প্রতি ছ'টি লেনের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর তদারকির দায়িত্বে থাকবেন।
তবে এই সিদ্ধান্তের অর্থ বিমানবন্দরের নিরাপত্তা থেকে CISF-কে সরিয়ে দেওয়া নয়। অস্ত্রধারী নিরাপত্তা, বিমানবন্দরের সীমানা রক্ষা, মোবাইল পেট্রোলিং, গোয়েন্দা নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া দল বা কুইক রেসপন্স টিম পরিচালনা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিরাপত্তা আগের মতোই CISF-এর দায়িত্বে থাকবে। অর্থাৎ বিমানবন্দরের মূল নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় বাহিনীর হাতেই।
বর্তমানে দেশের ১১৯টি বিমানবন্দরের মধ্যে ৭৪টিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে CISF। বাকি ৪৫টি বিমানবন্দরে এই দায়িত্ব সামলায় সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ। দিল্লি ও মুম্বইয়ের মতো বড় বিমানবন্দরের কিছু অ-গুরুত্বপূর্ণ নিরাপত্তার কাজে ইতিমধ্যেই বেসরকারি সংস্থার কর্মীরা নিযুক্ত রয়েছেন। এবার সেই ব্যবস্থা আরও বিস্তৃত করতে চাইছে কেন্দ্র।
নতুন নির্দেশিকায় যাত্রীসংখ্যা এবং বিমান চলাচলের ভিত্তিতে বিমানবন্দরগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। মাসে এক লক্ষের কম যাত্রী যাতায়াত করেন এমন বিমানবন্দর ছোট শ্রেণিতে পড়বে। এক থেকে দশ লক্ষ যাত্রী যাতায়াত করেন এমন বিমানবন্দর মাঝারি এবং দশ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেন এমন বিমানবন্দরকে বড় শ্রেণিতে রাখা হয়েছে।
এদিকে, চলতি মাসের শেষের মধ্যে প্রতিটি বিমানবন্দরে কর্মীসংখ্যা নিয়ে নতুন সমীক্ষা চালানো হবে। যাত্রীসংখ্যা, বিমান চলাচল, টার্মিনালের পরিকাঠামো এবং নিরাপত্তার প্রয়োজনীয়তা বিচার করে কতজন কর্মী প্রয়োজন, তা নির্ধারণ করা হবে। সমীক্ষার ভিত্তিতে CISF-এর মোতায়েন প্রায় ১০ শতাংশ বা তারও বেশি কমতে পারে বলে মনে করছেন আধিকারিকরা। চূড়ান্ত প্রস্তাব অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পর্যালোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হবে।
কেন্দ্রের এই সিদ্ধান্তের অন্যতম কারণ আর্থিক খরচ নিয়ন্ত্রণ। বিমানবন্দরে CISF মোতায়েনের খরচ মেটানো হয় প্যাসেঞ্জার সার্ভিস ফি বা PSF-এর মাধ্যমে। নিরাপত্তার খরচ বাড়লে যাত্রীদের উপর অতিরিক্ত ফি চাপানোর সম্ভাবনা তৈরি হয়। বর্তমানে বিমান সংস্থাগুলিও জ্বালানির উচ্চমূল্য এবং অন্যান্য আর্থিক চাপের মধ্যে রয়েছে। তাই বিমানযাত্রীদের উপর নতুন করে খরচের বোঝা চাপাতে চাইছে না কেন্দ্র।
প্রশ্ন উঠছে, বেসরকারি নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ এবং দক্ষতা নিয়ে। সরকারি আধিকারিকদের দাবি, বিমানবন্দরে নিয়োগের পর এই কর্মীরা CISF-এর চিফ এয়ারপোর্ট সিকিউরিটি অফিসারের অধীনে কাজ করবেন। তাঁদের প্রশিক্ষণ ও পরিচালনার দায়িত্বও থাকবে CISF-এর হাতে।
সব মিলিয়ে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। একদিকে খরচ কমানো, অন্যদিকে CISF-এর গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্ব অক্ষুণ্ণ রাখা—এই দুই লক্ষ্যেই নতুন পরিকল্পনা। তবে বাস্তবে এই ব্যবস্থায় যাত্রীদের নিরাপত্তা এবং পরিষেবার মান কতটা বজায় থাকে, সেটাই এখন দেখার।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


