আমেরিকার মিড টার্ম ভোটের দিকে নজর ছিল গোটা বিশ্বের। সেই ভোটপর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পার্টি রিপাবলিকানদের ধরাশায়ী অবস্থা হয়। মার্কিন কংগ্রেসের দুই কক্ষই ট্রাম্পের পক্ষের হাত থেকে ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। এই ভোট নিয়ে কূটনৈতিক মহল থেকে রাজনৈতিক মহল, সর্বত্র আলোচনা। তারই মাঝে মার্কিন মিড টার্ম ভোট নিয়ে খোঁচার সুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

ভোট চুরি ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলি এককাট্টা হয়ে সদ্য হয়েছে সরব। এদিকে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ককরোচ জনতা পার্টি বা সিজেপি সরব হয়। এই পার্টির প্রতিষ্ঠাতা হলেন অভিজিৎ দীপকে। সিজেপি বহুদিন ধরেই দেশে এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব। সেই সুর ধরে রেখেই খোঁচার সুরে মার্কিন মিড টার্ম নির্বাচন নিয়ে এক পোস্ট করেন অভিজিৎ দীপকে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, ‘জ্ঞানেশ কুমার থাকলে ট্রাম্পের সঙ্গে এসব কখনও হতে দিতেন না।’
নির্বাচন কমিশনারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলা-
দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনারদের আজীবন রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এক মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে এবার কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে। ২০২৩-এর নির্বাচন কমিশনার সংক্রান্ত আইনকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় ওই আইনের ১৬ নম্বর ধারা নিয়েই মূলত প্রশ্ন তোলা হয়েছে। সুপ্রিম কোর্টে আবেদনকারী অরুণকুমার আগারওয়ালের প্রশ্ন, এহেন রক্ষাকবচ ছাড়াই এতকাল সফলভাবে নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশন। তাহলে এখন কেন এই রক্ষাকবচের প্রয়োজন পড়ছে? আবেদনকারী অরুণ কুমার আগরওয়ালের যুক্তি, এই ধরনের সর্বাত্মক সুরক্ষা নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করে। সেই মামলার প্রেক্ষিতেই এই নোটিস।