Abhijit Dipke on CEC Gyanesh Kumar: নির্বাচন কমিশনের সিদ্ধান্তে খুশি অভিজিৎ দীপকে, সঙ্গে খোঁচা জ্ঞানেশ কুমারেকে
বুধবার নির্বাচন কমিশন জানায়, যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, সেখানে অনলাইন ফর্ম ৬ থেকে এসআইআর সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাটি সরিয়ে দেওয়া হয়েছে।
Abhijit Dipke on CEC Gyanesh Kumar: ফর্ম ৬ থেকে এসআইআর সংক্রান্ত অতিরিক্ত ঘোষণা সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই সিদ্ধান্তকে ঘিরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের নিশানা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও তাঁর প্রশ্ন, এই অতিরিক্ত তথ্য যদি শেষ পর্যন্ত প্রয়োজনই না হয়, তা হলে শুরুতে ফর্ম ৬-এ তা যোগ করা হল কেন?

বুধবার নির্বাচন কমিশন জানায়, যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, সেখানে অনলাইন ফর্ম ৬ থেকে এসআইআর সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাটি সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই সব জায়গায় নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে আবেদনকারীদের আর ওই অতিরিক্ত তথ্য দিতে হবে না। এখন সেখানে ভোটার নিবন্ধন আইন, ১৯৬০ অনুযায়ী নির্ধারিত মূল ফর্ম ৬-ই পূরণ করতে হবে।
এই সিদ্ধান্তের পরেই সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানান অভিজিৎ। একটি খবর শেয়ার করে তিনি লেখেন, ‘‘আগে কেন দরকার ছিল, জ্ঞানু?’’ তাঁর বক্তব্যের সারকথা, যে অংশ এখন বাদ দেওয়া হল, সেটিই বা আগে যোগ করার প্রয়োজন কেন হয়েছিল।
ফর্ম ৬ নিয়ে বিতর্কের সূত্রপাত অবশ্য আরও আগে। বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর চলাকালীন নতুন ভোটারদের জন্য ফর্ম ৬-এর সঙ্গে একটি অতিরিক্ত ঘোষণা যোগ করা হয়েছিল। সেখানে আবেদনকারীকে জানাতে হত, তিনি নিজে অথবা তাঁর বাবা মা কিংবা দাদা দাদি বা নানা নানি আগের কোনও নিবিড় পুনর্বিবেচনার সময় তৈরি ভোটার তালিকার সঙ্গে যুক্ত ছিলেন কি না। এই অতিরিক্ত তথ্য চাওয়া নিয়েই আপত্তি ওঠে।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেও মতভেদ প্রকাশ্যে আসে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনের কথা তুলে ধরে লাইভ হিন্দুস্তান জানিয়েছে, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক যোশী ফর্ম ৬-এ এই পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, আইনগত নিয়ম না বদলে নির্ধারিত বৈধ ফর্মে এমন পরিবর্তন করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
পরে ২৬ সেপ্টেম্বর পূর্ণ কমিশনের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, এসআইআর-এর জন্য যোগ করা ওই ঘোষণা এসআইআর শেষ হয়ে যাওয়া রাজ্যগুলিতে আর রাখা হবে না। তবে যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এখনও চলছে, সেখানে অতিরিক্ত ঘোষণাটি এখনও দেখা যাচ্ছে।
ফর্ম ৬ নিয়ে বিতর্কের পাশাপাশি জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপও অব্যাহত রয়েছে। ককরোচ জনতা পার্টি এর আগে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে। ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজী পার্ক থেকে অভিযান শুরু করার কথা জানিয়েছেন অভিজিৎ দীপকে। পুলিশ অনুমতি না দিলেও আন্দোলন চালানোর কথা জানিয়েছেন তিনি।
ফলে ফর্ম ৬ থেকে অতিরিক্ত ঘোষণা সরানোর সিদ্ধান্তে আপাতত একটি বিতর্কের পরিসমাপ্তি হলেও, কেন ওই ঘোষণা যোগ করা হয়েছিল এবং তা নিয়ে কমিশনের অন্দরেই কেন আপত্তি উঠেছিল, সেই প্রশ্নগুলি এখনও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


