CJP Latest Update: আবার আন্দোলনের হুঁশিয়ারি, গভীর রাতের বৈঠকের পর সুর নরম সিজেপির!

মঙ্গলবার ভোররাত ১টা নাগাদ এক্স (আগের টুইটার)-এ সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের প্রতিনিধিরা বিহার ও অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপি তাঁদের হাতে তুলে দিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আশ্বাস রয়েছে। 

Published on: Jul 28, 2026, 08:48:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ এবং মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে গভীর রাতে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর আপাতত সেই আশঙ্কা কেটেছে। বৈঠকের পর সিজেপির দাবি, সরকার লিখিতভাবে আশ্বাস দিয়েছে যে বিজেপি ও এনডিএ শাসিত আরও বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের সুরক্ষায় বিজ্ঞপ্তি জারি করা হবে এবং কোনও আন্দোলনকারীকে একা ছেড়ে দেওয়া হবে না।

New Delhi, India - July 27, 2026: CJP Spokesperson Saurav Das, Ashutosh Ranka along with senior advocate Kapil Sibal address a press conference over the FIRs registered against the student protesters in different states, alleging that the cases remain despite the agreement reached with the Union government to withdraw them in New Delhi, India, on Monday, July 27, 2026.  (Photo by Sanchit Khanna/ Hindustan Times) (Hindustan Times)
New Delhi, India - July 27, 2026: CJP Spokesperson Saurav Das, Ashutosh Ranka along with senior advocate Kapil Sibal address a press conference over the FIRs registered against the student protesters in different states, alleging that the cases remain despite the agreement reached with the Union government to withdraw them in New Delhi, India, on Monday, July 27, 2026. (Photo by Sanchit Khanna/ Hindustan Times) (Hindustan Times)

মঙ্গলবার ভোররাত ১টা নাগাদ এক্স-এ সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের প্রতিনিধিরা বিহার ও অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপি তাঁদের হাতে তুলে দিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া এবং আটক ও গ্রেফতার হওয়া সকলকে মুক্তি দেওয়ার আশ্বাস রয়েছে।

সৌরভ দাসের দাবি, শুধু বিহার ও অসম নয়, কেন্দ্র সরকার এবং অন্যান্য বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যেও একই ধরনের ভাষায় বিজ্ঞপ্তি জারি করা হবে। তাঁর কথায়, ‘কোনও আন্দোলনকারীকে একা ছেড়ে দেওয়া হবে না। আমরা সবাই একসঙ্গে আছি।’ তিনি আরও জানান, আন্দোলনকারীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেই বৈঠকে জানানো হয়েছে।

বৈঠকের পর প্রকাশিত একটি ভিডিও বার্তায় সৌরভ দাস বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবে কার্যকর হবে কি না, তা নিয়ে তাঁদের মধ্যে আশঙ্কা ছিল। সেই বিষয়টি বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরা হয়। জবাবে সরকারের প্রতিনিধিরা বিহার স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি দেখান, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহারের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি অন্যান্য রাজ্যেও একই ধরনের নির্দেশিকা জারি করার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, কোন কোন রাজ্যে এখনও ঝুঁকি রয়েছে, তা চিহ্নিত করে সেখানে দ্রুত বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে সরকার আশ্বাস দিয়েছে। তাঁর দাবি, বুধবারের মধ্যেই বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করা হবে।

এর আগে সোমবারই সিজেপির মুখপাত্র আশুতোষ রানকা অভিযোগ করেছিলেন, সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গ করা হচ্ছে। তাঁর দাবি ছিল, বিহার ও পশ্চিমবঙ্গে শতাধিক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের নজরদারি ও হয়রানি করা হচ্ছে। এমনকি আন্দোলনের স্বেচ্ছাসেবকদেরও আটক করার অভিযোগ ওঠে। রানকা স্পষ্ট জানিয়েছিলেন, অবিলম্বে সমস্ত মামলা প্রত্যাহার, গ্রেফতার ছাত্রদের মুক্তি এবং ভবিষ্যতে নতুন করে কোনও এফআইআর না হলে সিজেপি আবার রাস্তায় নামতে বাধ্য হবে।

এই পরিস্থিতির মধ্যেই রাতের বৈঠক নতুন মোড় আনে। বৈঠকের পর সৌরভ দাস আরও জানান, বিহার ও অসমের পর রাজস্থান সরকারও আশ্বাস দিয়েছে যে সেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হবে না এবং ভবিষ্যতেও প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না।

উল্লেখ্য, অভিজিৎ দীপকের নেতৃত্বে সিজেপির ৩৭ দিনের আন্দোলন সম্প্রতি শেষ হয়। দিল্লির যন্তর মন্তরে চলা সেই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীর ইস্তফার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হলেও, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি পদক্ষেপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। তবে রাতভর বৈঠকের পর আপাতত নতুন আন্দোলনের সম্ভাবনা স্থগিত রাখা হয়েছে। এখন নজর থাকবে, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সব রাজ্যে বিজ্ঞপ্তি জারি করে কি না এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More