Saurav Das: লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হল! বিস্ফোরক অভিযোগ সিজেপি নেতা সৌরভ দাসের

সৌরভ দাসের দাবি, রাত একটা নাগাদ লন্ডনের বিমানে তাঁর ওঠার কথা ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের আমন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় অংশ নিতে ব্রিটেনে যাচ্ছিলেন তিনি। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি এবং তাঁদের ‘ককরোচ আন্দোলন’ নিয়ে বক্তব্য রাখার পরিকল্পনা ছিল।

Published on: Nov 24, 2026, 07:51:30 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাস। সোমবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি দাবি করেন, লন্ডনগামী বিমানে ওঠার আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কাউন্টারে তাঁকে বাধা দেওয়া হয়। সেখানে তাঁকে জানানো হয়, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা রয়েছে। অর্থাৎ, সরকারি নির্দেশে তাঁর বিদেশযাত্রার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছে বলে অভিযোগ সৌরভের। এই ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে নিশানা করেছেন তিনি। যদিও কী কারণে তাঁর পাসপোর্ট চিহ্নিত করা হয়েছে, তার কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও সামনে আসেনি।

লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হল! বিস্ফোরক অভিযোগ সিজেপি নেতা সৌরভ দাসের (PTI)
লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হল! বিস্ফোরক অভিযোগ সিজেপি নেতা সৌরভ দাসের (PTI)

সৌরভ দাসের দাবি, রাত একটা নাগাদ লন্ডনের বিমানে তাঁর ওঠার কথা ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের আমন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় অংশ নিতে ব্রিটেনে যাচ্ছিলেন তিনি। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি এবং তাঁদের ‘ককরোচ আন্দোলন’ নিয়ে বক্তব্য রাখার পরিকল্পনা ছিল। শুধু অক্সফোর্ড নয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (এলএসই) এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণ পাওয়ার দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতীয় পড়ুয়ারা উদ্যোগ নিয়ে এই আলোচনাগুলির আয়োজন করেছিলেন। অথচ সেই কর্মসূচিতে যোগ দিতেই তাঁকে বাধার মুখে পড়তে হল।

এক্স-এ নিজের ক্ষোভ উগরে দিয়ে সৌরভ লেখেন, অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার জন্য লন্ডনে যাওয়ার পথে তাঁকে বিমানবন্দরেই আটকে দিয়েছে মোদী সরকার। ইনস্টাগ্রামেও একটি ভিডিও প্রকাশ করে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, শিক্ষিত যুবকরা আন্তর্জাতিক মঞ্চে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে সরকার এত ভয় পাচ্ছে কেন? এমনকী, নীরব মোদী ও বিজয় মালিয়ার মতো পলাতক শিল্পপতিদের প্রসঙ্গ টেনেও কেন্দ্রকে কটাক্ষ করেছেন তিনি। তাঁর অভিযোগ, হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়ে গেলে হয়তো বিদেশযাত্রায় বাধা আসত না, অথচ দেশের কথা বলতে গেলেই সমস্যার মুখে পড়তে হচ্ছে তরুণদের।

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, ক্ষমতাসীন মহলের কেউ সৌরভের অক্সফোর্ডের আমন্ত্রণে অসন্তুষ্ট হয়েই এমন পদক্ষেপ করিয়েছেন। সিজেপি-র তরফে দাবি করা হয়েছে, শিক্ষিত ও প্রতিবাদী কণ্ঠস্বরকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে এই অভিযোগের সমর্থনে এখনও কোনও স্বাধীন প্রমাণ সামনে আসেনি।

অন্যদিকে, দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। বিষয়টি অভিবাসন দফতরের এক্তিয়ারভুক্ত বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে ঠিক কোন নির্দেশে সৌরভকে আটকে দেওয়া হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা অভিবাসন দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, এর আগেও দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল সিজেপি। গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাবিত প্রতিবাদের আগে সৌরভ-সহ দলের কয়েকজন নেতাকে আটক করা হয়েছিল। পরে ১৩ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হন তিনি। সাত দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর ২১ অক্টোবর মুক্তি পান।

দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়নের একটি প্যানেল আলোচনায় সৌরভ দাসের পাশাপাশি সিজেপি-র আইন বিষয়ক প্রধান রত্না সিংয়েরও যোগ দেওয়ার কথা ছিল। সেখানে শিক্ষা, বেকারত্ব ও রাজনৈতিক দায়বদ্ধতার মতো বিষয় তুলে ধরার পরিকল্পনা ছিল সংগঠনটির। বিমানবন্দরের এই ঘটনার পর সেই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সৌরভ অবশ্য জানিয়েছেন, এই বাধা তাঁকে থামাতে পারবে না। ভবিষ্যতে লন্ডন, প্যারিস-সহ বিভিন্ন দেশে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরবেন তিনি।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।