‘CJP আন্দোলন দুর্বল করেছে কংগ্রেস’, বিস্ফোরক অভিযোগ রাইজ্যর দলের অখিল গগৈয়ের

প্রতিবেদন অনুযায়ী, অসমে কংগ্রেস ও রাইজ্যর দলের জোট গত সেপ্টেম্বরেই ভেঙে গিয়েছে। জোট ভাঙার পর এবার কংগ্রেসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আনলেন অখিল গগৈ। তিনি বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বকে চিঠি লিখে জানিয়েছেন, কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি CJP-র আন্দোলনের শক্তি কমিয়ে দিয়েছিল।

Published on: Nov 18, 2026, 13:26:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্য নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। এবার কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আন্দোলন দুর্বল করে দেওয়ার অভিযোগ তুলল তাদেরই প্রাক্তন জোটসঙ্গী অসমের রাইজ্যর দল। দলের প্রধান তথা বিধায়ক অখিল গগৈয়ের দাবি, কংগ্রেসের রাজনৈতিক কৌশলের কারণেই CJP বা ককরোচ জনতা পার্টির আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল। শুধু তাই নয়, বিজেপির পরিবর্তে আঞ্চলিক দল এবং প্রকৃত গণআন্দোলনকেই কংগ্রেস নিজেদের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখতে শুরু করেছে বলেও অভিযোগ তাঁর। একই সঙ্গে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বর্তমান বিরোধী কৌশলে বিজেপিকে হারানো সম্ভব নয় বলে মনে করছেন অখিল। এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

‘CJP আন্দোলন দুর্বল করেছে কংগ্রেস’, বিস্ফোরক অভিযোগ রাইজ্যর দলের অখিল গগৈয়ের (ANI Video Grab)
‘CJP আন্দোলন দুর্বল করেছে কংগ্রেস’, বিস্ফোরক অভিযোগ রাইজ্যর দলের অখিল গগৈয়ের (ANI Video Grab)

প্রতিবেদন অনুযায়ী, অসমে কংগ্রেস ও রাইজ্যর দলের জোট গত সেপ্টেম্বরেই ভেঙে গিয়েছে। জোট ভাঙার পর এবার কংগ্রেসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আনলেন অখিল গগৈ। তিনি বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বকে চিঠি লিখে জানিয়েছেন, কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি CJP-র আন্দোলনের শক্তি কমিয়ে দিয়েছিল।

কেন কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ অখিল গগৈয়ের?

ঘটনার সূত্রপাত চলতি বছরের জুন-জুলাই মাসের আন্দোলনকে কেন্দ্র করে। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন অভিজিৎ দীপকে ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বাধীন CJP আন্দোলনের সদস্যরা। দেড় মাসেরও বেশি সময় ধরে চলেছিল এই প্রতিবাদ কর্মসূচি। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের দাবি সরকার মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।

এই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে আলাদা করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু CJP এবং কংগ্রেসকে একই মঞ্চে দেখা যায়নি। অখিল গগৈয়ের অভিযোগ, পৃথক রাজনৈতিক কর্মসূচি এবং রাস্তায় আন্দোলনকে বিভক্ত করার মাধ্যমে কংগ্রেস প্রকৃত গণআন্দোলনকে দুর্বল করে দিয়েছে। তাঁর মতে, এর ফলে সরকারও আন্দোলন দমন করার সুযোগ পেয়েছিল।

রাহুল গান্ধীকে ঘিরে কটাক্ষ

চিঠিতে অখিল গগৈয়ের বক্তব্য, কংগ্রেস বিজেপিকে রাজনৈতিক ও আদর্শগত প্রতিপক্ষ বলে দাবি করলেও বাস্তবে আঞ্চলিক রাজনৈতিক দল এবং স্বাধীন গণআন্দোলনগুলিকে দুর্বল করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, কংগ্রেসের এই মনোভাব বিরোধী ঐক্যের পক্ষেও ক্ষতিকর।

এমনকী, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা, রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব এবং বামপন্থী নেতৃত্বকেও নিশানা করেছেন তিনি। অখিলের অভিযোগ, এই নেতারা কংগ্রেসের রাজনৈতিক সভা ও কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের রাজনৈতিক পরিচয় ও স্বাধীন অবস্থানকে কার্যত কংগ্রেসের স্বার্থে ব্যবহার করতে দিচ্ছেন।

২০২৯ সালে বিজেপিকে হারানো কি সম্ভব?

অখিল গগৈয়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে। তাঁর দাবি, বিরোধীরা যদি বর্তমান রাজনৈতিক কৌশলেই এগোয়, তাহলে বিজেপিকে পরাজিত করা সম্ভব হবে না। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে বিরোধী দলগুলিকে স্বাধীন গণআন্দোলনগুলির পাশে দাঁড়াতে হবে। কোনও আন্দোলনের নেতা বা সংগঠন সম্পর্কে মতপার্থক্য থাকলেও বৃহত্তর গণস্বার্থে তাদের সমর্থন করা উচিত বলে জানিয়েছেন তিনি।

কেন ভাঙল কংগ্রেস-রাইজ্যর জোট?

গত ৩ সেপ্টেম্বর অসম কংগ্রেসের তরফে জোট ভাঙার ঘোষণা করা হয়েছিল। অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। কংগ্রেসের অভিযোগ ছিল, রাইজ্যর দলের নেতৃত্ব একাধিকবার বিরোধী জোটের শরিক নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন, অনুচিত এবং অপমানজনক মন্তব্য করেছে। গত বিধানসভা নির্বাচনে ছয় দলের বিরোধী জোটের অংশ ছিল কংগ্রেস ও রাইজ্যর দল। সেই নির্বাচনে কংগ্রেস ১৯টি এবং রাইজ্যর দল দুটি আসনে জয় পেয়েছিল।

এদিকে CJP-র পরবর্তী আন্দোলনের কর্মসূচি এখনও ঘোষণা করা হয়নি। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সম্প্রতি কেরলের কোচিতে তিরঙ্গা যাত্রা করেছেন। আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের কর্মসূচি করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে, বিজেপিবিরোধী শিবিরের অন্দরের মতপার্থক্য আরও একবার প্রকাশ্যে চলে এল। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের রাজনৈতিক কৌশল নিয়ে এবার প্রশ্ন তুলছে তাদেরই প্রাক্তন জোটসঙ্গী। ২০২৯ সালের আগে বিরোধীরা আদৌ ঐক্যবদ্ধ হতে পারবে, নাকি নিজেদের মধ্যেকার সংঘাতেই আরও দুর্বল হবে, সেটাই এখন দেখার।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More