CJP protest: জ্ঞানেশ কুমারের পদত্যাগ থেকে SIR বাতিলের দাবি! বেঙ্গালুরুতে সিজেপি-র বিক্ষোভ, শামিল প্রকাশ রাজ-ধ্রুব রাঠি

CJP bengaluru protest: সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের লড়াই কেবল জ্ঞানেশ কুমারের পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নয়। 

Published on: Oct 8, 2026, 20:01:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

CJP bengaluru protest: দিল্লির যন্তর মন্তরে ১০ অক্টোবরের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির ঠিক দু’দিন আগে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে এক বিশাল প্রতিবাদ সভা করল ককরোচ জনতা পার্টি বা সিজেপি (CJP)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া বাতিলের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার উপস্থিত হন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ, খ্যাতনামা ইউটিউবার ধ্রুব রাঠী এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

বেঙ্গালুরুতে সিজেপি-র বিক্ষোভ, শামিল প্রকাশ রাজ-ধ্রুব রাঠি (ANI Video Grab)
বেঙ্গালুরুতে সিজেপি-র বিক্ষোভ, শামিল প্রকাশ রাজ-ধ্রুব রাঠি (ANI Video Grab)

এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের লড়াই কেবল জ্ঞানেশ কুমারের পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নয়। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করার পাশাপাশি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করার দাবিও জানিয়েছে সিজেপি। এই কর্মসূচি থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে নতুন স্লোগান তুললেন অভিজিৎ দীপকে। বিক্ষোভ চলাকালীন তিনি স্লোগান দেন, ‘১, ২, ৩, ৪… নরেন্দ্র মোদী গো গো!’ এই স্লোগানের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয় বলে জানা গিয়েছে। একই সঙ্গে অভিজিৎ দীপকে বলেন, 'আমরা রাস্তায় নামব, গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাব।'

সিজেপি প্রতিষ্ঠাতা আরও বলেন, 'কেন ভোট চুরি হচ্ছে? ২০২৪ সালে বিজেপি ও বিরোধীদের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ২ শতাংশ। তাই এখন তারা সারা দেশজুড়ে ৩০ কোটি ভোট তালিকা থেকে বাদ দিচ্ছে। নরেন্দ্র মোদীর হাতে হয়তো ক্ষমতা আছে, কিন্তু রাজপথ আমাদের দখলে। এখান থেকেই আমরা আমাদের ক্ষমতা পুনরুদ্ধার করব।' ফ্রিডম পার্কের মঞ্চ থেকে কেন্দ্রের প্রস্তাবিত 'এক দেশ, এক নির্বাচন' (ONOE) নীতির বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান সিজেপি প্রতিষ্ঠাতা। নরেন্দ্র মোদী সরকারকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে তিনি বলেন, 'এক দেশ, এক নির্বাচন তো আসলে কেবল একটা স্লোগান মাত্র; কিন্তু এর আসল উদ্দেশ্য হলো 'এক দেশ, এক দল।' হিটলারেরও ঠিক এমনই পরিকল্পনা ছিল। মোদীজির একবার জেনে নেওয়া উচিত যে হিটলারের শেষ পর্যন্ত কী পরিণতি হয়েছিল—তাঁকে শেষমেশ নিজের মাথাতেই গুলি চালাতে হয়েছিল।'

অন্যদিকে, ফ্রিডম পার্কের এই ‘পিপলস ট্রাইবুনাল’-এ বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা প্রকাশ রাজ এসআইআর প্রক্রিয়ার অধীনে চলা ভোটার যাচাইকরণ পদ্ধতি নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তিনি জানান, সিজেপি থেকে শুরু করে এআইএসএ (AISA)-র মতো বিভিন্ন সংগঠন এই অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়েছে। এই ইস্যুকে শুধুমাত্র ‘ভোট চুরি’ বলে সীমিত রাখতে নারাজ প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এসআইআর-এর মাধ্যমে গোটা দেশকে অপমান করেছে। এদিকে, সমাবেশে উপস্থিত থেকে সৌরভ দাস জানান, জ্ঞানেশ কুমার এবং তাঁর ‘প্রভু’দের বিরুদ্ধে এই লড়াইয়ে সমস্ত সচেতন নাগরিক আজ একজোট হয়েছেন।