CJP Protest New Details: আন্দোলনে থাকা ২৮৭৩ জনের অপরাধমূলক অতীত! যন্তর-মন্তর কাণ্ডে CCTV খতিয়ে বড় দাবি দিল্লি পুলিশের

পুলিশের দাবি, শত শত গিগাবাইট সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে ২,৮৭৩ জন এমন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, পকসো-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

Published on: Jul 28, 2026, 09:02:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনার তদন্তে বড় দাবি করল দিল্লি পুলিশ। পুলিশের দাবি, শত শত গিগাবাইট সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে ২,৮৭৩ জন এমন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, পকসো-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে ২,৮৭৩ জন এমন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। (Hindustan Times)
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে ২,৮৭৩ জন এমন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। (Hindustan Times)

গত ২০ ও ২২ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সিজেপির নেতৃত্বে যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিল্লি পুলিশের অভিযোগ, আন্দোলনকারীদের একাংশ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশকর্মীদের উপর হামলা চালায়, ইট-পাথর ছোড়ে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার অন্তত ১০০টিরও বেশি ফুটেজ এখন তদন্তের মূল ভিত্তি।

পুলিশ সূত্রের দাবি, চিহ্নিত ২,৮৭৩ জনের মধ্যে ১০১ জনের বিরুদ্ধে খুন, ৬২ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, ২৮৪ জনের বিরুদ্ধে ডাকাতি, ৬১ জনের বিরুদ্ধে ধর্ষণ, ১৯ জনের বিরুদ্ধে অপহরণ, ২২৯ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, ২৫ জনের বিরুদ্ধে যৌন নিগ্রহ এবং ৬ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রয়েছে। এছাড়াও বহু ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা বিচারাধীন। খুনের মামলায় অভিযুক্ত ১০১ জনের মধ্যে ৪২ জনের বিরুদ্ধে দু'টির বেশি এবং ১২ জনের বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬১ জনের মধ্যে ৮ জনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

তদন্তে উঠে এসেছে বলে দাবি, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে সংসদ মার্গের দিকে এগিয়ে যাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে, গাড়ি ভাঙচুর করছে এবং কিছু ক্ষেত্রে পুলিশকর্মীদের গাড়ির ভিতরেও হামলা চালানোর চেষ্টা করছে। টলস্টয় মার্গ এলাকায় একটি গাড়িতে আগুন লাগানো এবং একটি বাসের টায়ার ফুটো করার ঘটনাও ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের আরও দাবি, সংঘর্ষে প্রায় ২০০ জন পুলিশকর্মী আহত হন। ফুটেজে এক মহিলা পুলিশ আধিকারিককে আহত অবস্থায় সহকর্মীদের সাহায্যে সরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে। সংসদ মার্গে এক পুলিশকর্মীকে ঘিরে মারধরের ঘটনাও ধরা পড়েছে। ২২ জুলাইয়ের ফুটেজে পুলিশ আধিকারিক নন্দকিশোর এবং বিবেক ভগতের উপর হামলার দৃশ্যও রয়েছে বলে দাবি তদন্তকারীদের।

এছাড়া কিছু বিক্ষোভকারীর আপত্তিকর মন্তব্যও সিসিটিভি ও ভিডিও ফুটেজ থেকে সংরক্ষণ করা হয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক মহিলার মন্তব্য, সংসদ সম্পর্কে এক ব্যক্তির উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের ঘটনাও বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির ৩৭ দিনের আন্দোলন সম্প্রতি শেষ হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সংগঠনটি আন্দোলন প্রত্যাহার করে। তবে ২০ জুলাইয়ের 'চলো সংসদ' কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। যদিও সিজেপির দাবি, আলোচনার সময় সরকার সেই সব মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে। এদিকে যন্তর-মন্তরের হিংসার তদন্ত এখনও চলছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আরও শনাক্তকরণ ও আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More