Gen Z Politics: Gen-Z-কে কাছে টানতে বিশেষ টিম! পদ্ম শিবিরের উদ্যোগকে কটাক্ষ CJP-র

Gen Z Politics: দিল্লির যন্তর মন্তরের ছাত্রবিক্ষোভের পর তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়টি বিজেপির অন্দরে গুরুত্ব পেয়েছে। শনিবার নিতিন নবীনের নেতৃত্বে নতুন জাতীয় পদাধিকারীদের প্রথম বৈঠকে জেন জি-র জন্য আলাদা আউটরিচ কর্মসূচির সিদ্ধান্ত হয়।

Published on: Aug 23, 2026, 23:37:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Gen Z Politics: যুব প্রজন্মের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বিজেপি (BJP)। জেন জি-র মনোভাব, প্রত্যাশা ও সমস্যাগুলি বুঝতে দেশজুড়ে জনসংযোগ কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)-এর নেতৃত্বে তৈরি হয়েছে বিশেষ টিম। তার সেই বিশেষ দলের তালিকা প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ করল 'ককরোচ জনতা পার্টি' (CJP)। বিজেপির এই উদ্যোগকে ব্যঙ্গ করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, 'বিজেপির অসাধারণ ‘জেন-জি মুখ’-দের জন্য তিনবার করতালি প্রাপ্য!'

পদ্ম শিবিরের উদ্যোগকে কটাক্ষ CJP-র (Sathiya)
পদ্ম শিবিরের উদ্যোগকে কটাক্ষ CJP-র (Sathiya)

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে সরাসরি নিশানা করেন। তিনি মনে করিয়ে দেন যে, এর আগে দেশের তরুণ প্রজন্মকে 'ভাইরাস ও আরশোলা' বলে কটাক্ষ করেছিলেন এবং আন্দোলনকারীদের 'টুকড়ে টুকড়ে গ্যাং'-এর সঙ্গে তুলনা করেছিলেন স্বয়ং নিতিন নবীন।সৌরভ দাস বলেন, 'জেন-জিদের কাছে পৌঁছানোর জন্য বিজেপির কী চমৎকার সিদ্ধান্ত! সম্প্রতি এই নিতিন নবীনই তরুণ প্রজন্মকে 'ভাইরাস ও আরশোলা' বলেছিলেন এবং প্রতিবাদীদের 'টুকড়ে টুকড়ে গ্যাং'-এর অংশ বলে আক্রমণ করেছিলেন।' সংবাদ সংস্থা এএনআই-এর সূত্র অনুযায়ী, দেশজুড়ে তরুণদের সঙ্গে যোগাযোগ মজবুত করতে শনিবারই একটি বিশেষ টিম গঠন করে বিজেপি। এই প্রতিনিধি দলে রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব ও একাধিক রাজ্যের মন্ত্রীরা।

এই দলে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) অন্তর্ভুক্তি নিয়েও আক্রমণ শানান সৌরভ দাস। তাঁর বক্তব্য, ২০১৬ সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দায়িত্ব থেকে মাত্র দু'বছরের মধ্যে স্মৃতি ইরানিকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল, তা সবার 'গুগল করে দেখে নেওয়া' উচিত। তিনি আরও বলেন, 'রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা সামলানো, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ভেঙে দেওয়া এবং তথাকথিত 'ইয়েল ইউনিভার্সিটি' থেকে পাওয়া তাঁর নিজের বিতর্কিত ডিগ্রি—এসবের পর আমাদের মতো তরুণ প্রজন্মকে নীতিশিক্ষা দেওয়ার কী বিপুল নৈতিক অধিকার তাঁর রয়েছে!'

বিজেপির এই কর্মসূচিটি কী নিয়ে?

দিল্লির যন্তর মন্তরের ছাত্রবিক্ষোভের পর তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়টি বিজেপির অন্দরে গুরুত্ব পেয়েছে। শনিবার নিতিন নবীনের নেতৃত্বে নতুন জাতীয় পদাধিকারীদের প্রথম বৈঠকে জেন জি-র জন্য আলাদা আউটরিচ কর্মসূচির সিদ্ধান্ত হয়। তরুণদের সঙ্গে সরাসরি আলোচনা, তাঁদের মতামত শোনা এবং তাঁদের উদ্বেগ ও প্রত্যাশা বোঝাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নতুন টিমে বিজেপির সাংগঠনিক অভিজ্ঞতা এবং তরুণদের সঙ্গে যোগাযোগে দক্ষ নেতৃত্বকে একসঙ্গে রাখা হয়েছে। নিতিন নবীন এই উদ্যোগের নেতৃত্ব দেবেন। স্মৃতি ইরানি ও বিনোদ তাওড়ের পাশাপাশি হর্ষ সাংভি এবং ওপি চৌধরীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে টিমে আরও কয়েকজন নেতাকে যুক্ত করা হতে পারে বলে খবর।