Asaduddin Owaisi: ভোপালে বড় দুর্ঘটনা! হায়দরাবাদের সাংসদের কনভয়ে সংঘর্ষ, আহত ৫ বাইক আরোহী

Asaduddin Owaisi: মঙ্গলবার মধ্যপ্রদেশের রাজধানীর ব্যস্ত ভিআইপি রোড দিয়ে যাচ্ছিল সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির কনভয়। ব্যস্ত রাস্তায় মোড় ঘোরার সময় হঠাৎ ব্রেক কষে কয়েকটি গাড়ি।

Published on: Sep 16, 2026, 23:30:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Asaduddin Owaisi: এআইএমআইএম (AIMIM) প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির (Assauddin Owaisi) কনভয়ে বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ব্যস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কনভয়ের কয়েকটি গাড়ি থেমে যাওয়ায় পিছনে থাকা একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন বাইক আরোহী জখম হয়েছেন। ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কারও আঘাতই গুরুতর নয় বলে জানা গিয়েছে।

হায়দরাবাদের সাংসদের কনভয়ে সংঘর্ষ, আহত ৫ বাইক আরোহী (PTI)
হায়দরাবাদের সাংসদের কনভয়ে সংঘর্ষ, আহত ৫ বাইক আরোহী (PTI)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যপ্রদেশের রাজধানীর ব্যস্ত ভিআইপি রোড দিয়ে যাচ্ছিল সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির কনভয়। ব্যস্ত রাস্তায় মোড় ঘোরার সময় হঠাৎ ব্রেক কষে কয়েকটি গাড়ি। সেই সময় গাড়ির পিছনে থাকা কয়েকটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে। যার ফলে চার-পাঁচজন বাইক আরোহী আহত হন। ব্যাপক যানজট তৈরি হয় রাস্তায়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঠিক কী কারণে কনভয় আচমকা থেমে গিয়েছিল এবং কোন কোন গাড়ি দুর্ঘটনায় জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত এখনও জানা যায়নি। ভোপালের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বসন্ত কৌল জানান, 'রাস্তায় একটি বাঁকের মুখে কনভয়টি হঠাৎ থেমে যাওয়ার জন্য পিছনে থাকা বাইকগুলি নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের পিছনে থাকা গাড়িতে পর পর ধাক্কা মারে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন বাইক আরোহী আহত হয়েছেন তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।' কোন কোন গাড়ি এই ঘটনায় ক্ষতিগ্রস্থ এবং কী কারণে কনভয়টি হঠাৎ থেমে গিয়েছিল, তা নিয়ে পুলিশ তদন্ত করছে।

রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার বিকেলে ভোপাল পৌঁছান হায়দরাবাদের সাংসদ। সেখানে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) ভারতের সংবিধান এবং ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী। তাঁর কথায়, 'এটি ভারতের সংবিধানের ২৫ নম্বর আর্টিকল (ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার), ২৬ নম্বর আর্টিকল (ধর্মীয় বিষয়াবলি পরিচালনার স্বাধীনতা), ১৪ নম্বর আর্টিকল (আইনের দৃষ্টিতে সমতা) এবং ২৯ নম্বর আর্টিকলের (সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারের সুরক্ষা) পরিপন্থী। আপনারা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারেন না এবং এমন কোনও আইন কার্যকর করতে পারেন না।' তিনি এমন সব দলের প্রতিও আহ্বান জানিয়েছেন, যারা কেন্দ্রে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হলেও অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে আদর্শগতভাবে ভিন্ন অবস্থান পোষণ করে-যেন তারা অভিন্ন দেওয়ানি আইনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে।