২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে ঘনিষ্ঠতা! ২০১৭ সালের ছবি ঘিরে বিপাকে পাকিস্তানি অভিনেতা হামজা
পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি অভিনয় করেছেন নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ 'জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো'-তে। আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা সিরিজটির।
নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজকে ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে সামনে এল ২৬/১১ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী হাফিজ সইদের সঙ্গে পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসির পুরনো ছবি। ২০১৭ সালে হাফিজের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছিলেন হামজা। শুধু তাই নয়, সমাজমাধ্যমে পোস্ট করে তাঁকে 'ভুল বোঝা মানুষ' বলেও প্রশংসা করেছিলেন অভিনেতা। সেই পুরনো ছবি এবং মন্তব্য ভাইরাল হতেই ভারত ও পাকিস্তান, দুই দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে নেটফ্লিক্সের নতুন সিরিজে হামজার অভিনয় নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিতর্কে এবার সরাসরি নিশানায় আন্তর্জাতিক বিনোদন সংস্থাটিও।

পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি অভিনয় করেছেন নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ 'জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো'-তে। আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা সিরিজটির। তার ঠিক আগেই প্রকাশ্যে এসেছে ২০১৭ সালের সেই ছবি। ছবিতে লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে হামজাকে। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে সইদের সাক্ষাৎকার নেওয়ার সময় ছবিটি তোলা হয়েছিল বলে জানা গিয়েছে।
ছবিটির সঙ্গে দেওয়া পোস্টে হামজা লিখেছিলেন, হাফিজ সইদ তাঁর দেখা সবচেয়ে ভদ্র ও ভাল মানুষদের মধ্যে একজন। তিনি ধর্মীয় সহনশীলতা ও মানবতার প্রচার করেন বলেও দাবি করেছিলেন অভিনেতা। সইদকে পাকিস্তানের সবচেয়ে ভুল বোঝা মানুষ বলেও উল্লেখ করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, অন্য একটি পোস্টে হামজা লিখেছিলেন, আমেরিকা ও ভারত সইদকে জঙ্গি বলে মনে করলেও তাঁর কাছে সইদ একজন নীতিবান মানুষ। এই পুরনো মন্তব্যই এখন নতুন করে বিতর্কের কেন্দ্রে।
পাকিস্তানেও সমালোচনার মুখে অভিনেতা
হামজার এই পুরনো ছবি নিয়ে শুধু ভারতীয় সমাজমাধ্যম ব্যবহারকারীরাই প্রশ্ন তোলেননি। পাকিস্তানের আইনজীবী ও লেখক মুনিব কাদিরও সরব হয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত এক জঙ্গির সঙ্গে ছবি তোলা এবং তাঁর প্রশংসা করার বিষয়ে হামজাকে ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমাও চাওয়া উচিত।
উল্লেখ্য, হাফিজ সইদ লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। সেই হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে সইদের নাম উঠে আসে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও তাঁকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে তালিকাভুক্ত করেছে। বর্তমানে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি রয়েছেন তিনি।
নেটফ্লিক্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
হামজাকে ঘিরে বিতর্কের পাশাপাশি নেটফ্লিক্সের নতুন সিরিজ নিয়েও প্রতিবাদ শুরু হয়েছে। 'জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো' সিরিজে হামজা ছাড়াও অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সঈদ, হানিয়া আমির এবং আহাদ রাজা মির। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি এই রোম্যান্টিক ড্রামা ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) সিরিজটি ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, হাফিজ সইদের মতো আন্তর্জাতিক জঙ্গির প্রশংসা করা একজন অভিনেতাকে নেটফ্লিক্সের মতো সংস্থা কাজের সুযোগ দিচ্ছে। দাবি না মানলে নেটফ্লিক্সের দফতর ঘেরাও এবং দেশজুড়ে বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও একই দাবি জানিয়েছে।
এদিকে পাকিস্তানের কনটেন্ট ভারতে সম্প্রচার না করার বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক নেটফ্লিক্সকে ফের সতর্ক করেছে। ২০২৫ সালের ৮ মে জারি হওয়া নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানে তৈরি কোনও ছবি, ওয়েব সিরিজ বা বিনোদনমূলক অনুষ্ঠান ভারতে সম্প্রচার না করার অবস্থান বজায় রাখতে বলা হয়েছে। নেটফ্লিক্স আগে জানিয়েছিল, ভারতে তাদের গ্রাহকদের জন্য পাকিস্তানে তৈরি কোনও সিরিজ বা ছবি উপলব্ধ করা হয়নি। কেন্দ্র সেই অবস্থান বজায় রাখতে বলেছে।
অন্য দিকে, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ভারতীয় সংগঠনগুলির এই দাবির সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাকে কেন রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে?
সব মিলিয়ে হামজার সাত বছর পুরনো ছবি ঘিরে বিতর্ক এখন দুই দেশের বিনোদন জগতের গণ্ডি ছাড়িয়ে কূটনৈতিক ও নিরাপত্তার প্রশ্নেও পৌঁছে গিয়েছে। ৪ ডিসেম্বর সিরিজটি বিশ্বজুড়ে মুক্তি পেলেও ভারতে তার সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
E-Paper
