CJP Protest: '১ কোটি টাকা...,' ‘ককরোচ’-দের নয়া পোর্টাল চালু, আইনি-আর্থিক সহায়তা কপিল সিব্বলের
CJP Protest: এই উদ্যোগ সফল করতে সিজেপি-র লিগ্যাল এইড সেলের জন্য ১ কোটি টাকার ফান্ড দেওয়ার ঘোষণা করেন কপিল সিব্বল। তিনি জানান, এই অর্থ শুধুমাত্র আন্দোলনকারীদের আইনি সহায়তার কাজে ব্যবহার করা হবে।
CJP Protest: কেন্দ্রীয় সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে, এমনকী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফাও দিয়েছেন। এবার দেশজুড়ে আন্দোলনকারী ছাত্র-যুবদের আইনি সহায়তা দিতে ‘লিগ্যাল এইড সেল’ গঠনের ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের প্রমাণ সংগ্রহের জন্য চালু করা হয়েছে ‘সাক্ষী’ নামে একটি বিশেষ পোর্টাল। এই পরিস্থিতিতে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল আন্দোলনকারীদের আইনি লড়াইয়ের জন্য ১ কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণা করেছেন।

সোমবার এক সাংবাদিক বৈঠক করেন কপিল সিব্বল ও সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস। বৈঠকের শুরুতেই তিনি বলেন, 'আমরা কপিলজির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম এবং আইনি পরামর্শ নিয়েছিলাম। ২৫ জুলাই যখন আমরা আন্দোলন স্থগিত করি, তখন আমাদের আশঙ্কা ছিল যে ভবিষ্যতে-আন্দোলন স্তিমিত হয়ে পড়লে বা এর গতি কমে গেলে, সরকার হয়তো ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের টার্গেট করতে শুরু করবে। এই আশঙ্কাটি অত্যন্ত যৌক্তিক, কারণ অন্যান্য বড় আন্দোলনের ক্ষেত্রেও একই ধরনের কৌশল দেখা গেছে, যেখানে নির্দিষ্ট ব্যক্তিদের আলাদা করে চিহ্নিত করা হয়েছে এবং মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।' যদিও, সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করবে না বলে আগেই জানিয়েছে।
তাঁর সংযোজন, 'প্রথম দিন থেকেই সকল শিক্ষার্থীকে আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং আইনজীবীদের সঙ্গে সমন্বয় নিশ্চিত করা হয়েছে, যাতে তাঁরা সারা দেশজুড়ে প্রয়োজনীয় সহায়তা পান। দেশজুড়ে সব আন্দোলনকারীকে সবরকমের সাহায্য দিচ্ছে সিজেপি।' সাংবাদিক বৈঠকে যোগ দেওয়া কপিল সিব্বলও আন্দোলনকারীদের আইনি ও আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তিনি বলেন, 'যারা প্রতিবাদে অংশ নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হোক-তা আমরা চাই না। এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সরকার প্রায়শই কোনও ধরনের ভিন্নমত বা বিরোধিতা সহ্য করতে চায় না। যেখানেই শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে এবং যেখানেই প্রতিবাদকারীদের নিশানা করা হয়েছে, সেসব ঘটনার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হবে। আমি এর জন্য ১ কোটি টাকা দেব। আমি আইনজীবীদের কাছে আবেদন জানাচ্ছি যেন তাঁরা আমাদের সহায়তা করেন, ভারতের যেখানেই বিচার প্রক্রিয়া চলুক না কেন, অভিযুক্ত প্রতিবাদকারীদের আইনি সহায়তা দিতে আমাদের আইনজীবীরা যেন এগিয়ে আসেন।'
এই উদ্যোগ সফল করতে সিজেপি-র লিগ্যাল এইড সেলের জন্য ১ কোটি টাকার ফান্ড দেওয়ার ঘোষণা করেন কপিল সিব্বল। তিনি জানান, এই অর্থ শুধুমাত্র আন্দোলনকারীদের আইনি সহায়তার কাজে ব্যবহার করা হবে। কীভাবে সেই তহবিল ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত সিজেপি নেতৃত্বই নেবে। একইসঙ্গে দেশের আইনজীবীদের এই উদ্যোগে যোগ দেওয়ার এবং আর্থিক সহায়তা করার আহ্বানও জানান তিনি। ওই সাংবাদিক বৈঠকে সৌরভ দাস ‘সাক্ষী’ পোর্টাল চালুর ঘোষণা করেন। ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা এই পোর্টালে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের ছবি ও ভিডিও নিরাপদে আপলোড করতে পারবেন। পোর্টাল ব্যবহারের জন্য একটি টিউটোরিয়ালও দেওয়া হয়েছে। সৌরভ দাসের দাবি, অভিযুক্ত পুলিশ ও আরএএফ কর্মীদের চিহ্নিত করে প্রয়োজনীয় অভিযোগ দায়ের এবং আইনি পদক্ষেপ করা হবে।
সাংবাদিক বৈঠকের শেষে আশুতোষ রাঙ্কা জানান, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সঙ্গে তৃতীয় দফার আলোচনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং আর কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত দেওয়া হয়। কিন্তু তাঁর অভিযোগ, মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে লিখিত দেওয়ার কথা থাকলেও তা এখনও মেলেনি। রাঙ্কার হুঁশিয়ারি, সরকার যদি প্রতিশ্রুতি পালন না করে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়রানি ও গ্রেফতার অব্যাহত থাকে, তাহলে সিজেপি আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরু করতে বাধ্য হবে।
E-Paper

