রাজ্যসভায় পাঠাতে নিজের আসন ছেড়েছিল কংগ্রেস, এবার সেই শরদ পওয়ারই মোদীর পাশে! পুরনো উপকারের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ

কংগ্রেসের প্রশ্ন, যে দলের সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছেন পওয়ার, এখন সেই বিরোধী দলগুলির স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে বিজেপির পাশে দাঁড়াচ্ছেন তিনি? মহারাষ্ট্র কংগ্রেসের বক্তব্য, রাহুল গান্ধী ও খাড়গে কোনওরকম আপত্তি না করেই পওয়ারকে সমর্থন করেছিলেন।

Published on: Nov 28, 2026, 09:14:44 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাজ্যসভায় পাঠানোর জন্য নিজের দলের আসন ছেড়ে দিয়েছিল কংগ্রেস। অথচ সেই কংগ্রেসের সঙ্গেই এবার বিশ্বাসঘাতকতা করছেন শরদ পওয়ার! ডিলিমিটেশন বিল নিয়ে নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের পর প্রবীণ এই মারাঠা নেতাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিল হাত শিবির। শুধু শরদ পওয়ার নন, তাঁর মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া সুলেকেও নিশানা করেছে মহারাষ্ট্র কংগ্রেস। অভিযোগ, বাবাকে রাজ্যসভায় পাঠানোর জন্য রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের কাছে ব্যক্তিগতভাবে দরবার করেছিলেন সুপ্রিয়া। তাঁদের অনুরোধেই নিজেদের রাজ্যসভা আসনের দাবি ছেড়ে দিয়েছিল কংগ্রেস। আর এখন সেই শরদ পওয়ারই বিজেপির ডিলিমিটেশন বিলকে সমর্থন করতে চলেছেন। ফলে বিরোধী জোট ইন্ডিয়ার অন্দরে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রাজ্যসভায় পাঠাতে নিজের আসন ছেড়েছিল কংগ্রেস, এবার সেই শরদ পওয়ারই মোদীর পাশে! পুরনো উপকারের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ (HT_PRINT)
রাজ্যসভায় পাঠাতে নিজের আসন ছেড়েছিল কংগ্রেস, এবার সেই শরদ পওয়ারই মোদীর পাশে! পুরনো উপকারের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ (HT_PRINT)

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে শরদ পওয়ার ও তাঁর দলকে আক্রমণ করেছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস। সেখানে ২০২৬ সালের মার্চ মাসের রাজ্যসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। মহারাষ্ট্রের সাতটি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন হওয়ার কথা ছিল। সেই সময় শরদ পওয়ারের এনসিপি (এসপি)-র হাতে ছিল মাত্র ১০ জন বিধায়ক। একজন প্রার্থীকে রাজ্যসভায় জিতিয়ে আনতে প্রয়োজন ছিল ৩৬টি ভোট। অন্যদিকে কংগ্রেসের হাতে ছিল ১৬ জন এবং উদ্ধব ঠাকরের শিবসেনার হাতে ছিল ২০ জন বিধায়ক। ফলে বিরোধী জোটের সম্মিলিত সমর্থন ছাড়া পওয়ারের পক্ষে রাজ্যসভায় নির্বাচিত হওয়া কঠিন ছিল।

মহারাষ্ট্র কংগ্রেসের দাবি, সেই সময় শরদ পওয়ারকে রাজ্যসভায় পাঠানোর জন্য তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে সরাসরি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন। রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে বাবার প্রার্থিতায় সমর্থন চেয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে কংগ্রেস নিজেদের প্রার্থীর জন্য আসন দাবি থেকে সরে আসে। শুধু তাই নয়, উদ্ধব ঠাকরের শিবসেনাও পওয়ারের প্রার্থিতাকে সমর্থন করে। শেষ পর্যন্ত বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির সম্মতিতেই রাজ্যসভায় যান ৮৫ বছর বয়সি শরদ পওয়ার।

কংগ্রেসের প্রশ্ন, যে দলের সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছেন পওয়ার, এখন সেই বিরোধী দলগুলির স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে বিজেপির পাশে দাঁড়াচ্ছেন তিনি? মহারাষ্ট্র কংগ্রেসের বক্তব্য, রাহুল গান্ধী ও খাড়গে কোনওরকম আপত্তি না করেই পওয়ারকে সমর্থন করেছিলেন। অথচ ডিলিমিটেশন বিলের প্রশ্নে এবার সেই কংগ্রেসের অবস্থানকে গুরুত্ব দিতে নারাজ এনসিপি (এসপি)।

উল্লেখ্য, আগামী সংসদ অধিবেশনে ডিলিমিটেশন সংক্রান্ত সংশোধনী বিল ফের পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন বিরোধী সাংসদদের একাংশের সমর্থন। গত এপ্রিল মাসে বিরোধীদের ঐক্যবদ্ধ বিরোধিতায় এই বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল কেন্দ্র। এবার শরদ পওয়ারের দলের আটজন লোকসভা সাংসদের সমর্থন সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একইভাবে তামিলনাড়ুর ডিএমকে-র ২২ জন সাংসদের অবস্থানও গুরুত্বপূর্ণ।

এদিকে, শনিবার কংগ্রেস সভাপতি খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা থাকলেও সেখানে যোগ দিচ্ছে না শরদ পওয়ারের দল। সংসদের কৌশল নির্ধারণের এই গুরুত্বপূর্ণ বৈঠকে এনসিপি (এসপি)-র অনুপস্থিতি বিরোধী জোটের ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। অন্যদিকে, কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরমের ইঙ্গিত, কেন্দ্রের প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ করে আসন বাড়ানোর আশ্বাসই সম্ভবত ডিএমকে এবং পওয়ারের দলের অবস্থান বদলের অন্যতম কারণ।

অন্যদিকে, রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকুক বা না থাকুক, ডিলিমিটেশন বিলের বিরোধিতা করবে কংগ্রেস। ফলে একদিকে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই, অন্যদিকে নিজেদের জোটের শরিকদের সামলানো—দুই দিকেই চাপে হাত শিবির। সব মিলিয়ে, ডিলিমিটেশন বিল ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। শরদ পওয়ারের অবস্থান বদল বিরোধী শিবিরের ঐক্যে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।