'সরকার চুপ করানোর চেষ্টা...,' ৪৮ বছরের পুরনো পার্টি অফিস ছাড়ার নোটিসে ক্ষুব্ধ কংগ্রেস
একসময় যন্তর মন্তর রোডে কংগ্রেসের সদর দফতর থাকলেও ১৯৭৮ সালের জানুয়ারি মাসে ২৪, আকবর রোডের বাংলো থেকেই দলের কার্যক্রম শুরু হয়।
২৪, আকবর রোড। জাতীয় রাজনীতিতে এই ঠিকানা জানেন না, এমন মানুষের সংখ্যা কম। এবার সেই দীর্ঘদিনের দলীয় দফতর খালি করতে বলা হল প্রধান বিরোধী দল কংগ্রেসকে। গত বছর কোটলা মার্গে নিজেদের নতুন সদর দফতর ‘ইন্দিরা ভবনে’র উদ্বোধন করে কংগ্রেস। তারপরও আকবর রোডের কার্যালয়টিতে আগের মতোই কাজকর্ম চালু ছিল। কিন্তু সেই পুরনো দফতর ছাড়ার নোটিস ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল হাত শিবির।

শুধু আকবর রোডের কার্যালয় নয়, ৫, রাইসিনা রোডে যুব কংগ্রেসের কার্যালয়টিও খালি করতে বলা হয়েছে। জানা গেছে, আগামী ২৮ মার্চের মধ্যে ২৪, আকবর রোডের দফতর সম্পূর্ণ খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নিয়ে নতুন করে তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। বার্তা সংস্থা এএনআই-কে কংগ্রেসের লোকসভা সাংসদ ইমরান মাসুদ সরাসরি কেন্দ্রকে নিশানা করে বলেন, সরকার মনে করছে 'চাপ সৃষ্টি করে' কংগ্রেসকে 'স্তব্ধ করে দেওয়া যাবে।' তবে তাঁরা ভয় পাচ্ছেন না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। তাঁর কথায়, 'সরকার মনে করছে আমাদের ওপর চাপ সৃষ্টি করে তারা কংগ্রেসকে চুপ করিয়ে দিতে পারবে। তাদের এই ভয় দেখানোর চেষ্টা বৃথা। বিজেপির নিজেদের দফতর কী ১১, অশোক রোড বা পন্ত মার্গে রয়েছে?...যেহেতু তারা ইরান যুদ্ধ নিয়ে কার্যত কিছু করতে পারেনি বলেই সেই বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে।'
এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারিও। বিজেপির তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই সরকার গণতান্ত্রিক নয়। এএনআই-কে তিনি জানান, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগে নোটিসটি আমাদের হাতে আসুক, তারপর আমরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।' এদিকে, কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, কোনও একটি দলকে টার্গেট না করে সরকারের উচিত নিয়মকানুন মেনে চলা। উল্লেখ্য, দিল্লির ২৪ আকবর রোডে অবস্থিত এই দফতর প্রায় ৪৮ বছর ধরে কংগ্রেসের সদর দফতর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে গত বছর কোটলা মার্গে ‘ইন্দিরা ভবন’ নামে নতুন দফতর চালু করার পরেও পুরনো অফিস এখনও পুরোপুরি খালি করা হয়নি বলে জানা গিয়েছে। ওই দফতরের ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। একসময় যন্তর মন্তর রোডে কংগ্রেসের সদর দফতর থাকলেও ১৯৭৮ সালের জানুয়ারি মাসে ২৪ আকবর রোডের বাংলো থেকেই দলের কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে এই ঠিকানাই কংগ্রেসের প্রধান কার্যালয় হিসেবে পরিচিতি পায় এবং দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, সেই সময়ও ওই বাংলোটিই কংগ্রেসের সদর দফতর ছিল। জায়গায় কুলিয়ে না ওঠায় গত বছর ‘ইন্দিরা ভবনে’ সদর দফতর সরিয়ে নিয়ে যাওয়া হলেও, আকবর রোডের বাংলোয় এখনও দৈনন্দিন কাজকর্ম অব্যাহত রয়েছে। সেই আবহেই বাংলো খালি করার নির্দেশ এল।
E-Paper

