Akhilesh Yadav On Congress: 'দুর্দিনে সঙ্গত্যাগ...,' ৫৫ বছরের বন্ধুত্বে ইতি কংগ্রেস-DMKর, অখিলেশের নিশানায় কে?

Akhilesh Yadav On Congress: ১৯৬৯ সাল থেকে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং কংগ্রেসের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। কিন্তু বুধবার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, তারা বিজয়ের টিভিকে-র সঙ্গে জোট বাঁধতে চলেছে।

Published on: May 08, 2026 9:24 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Akhilesh Yadav On Congress: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক পটপরিবর্তন ঘটেছে। দীর্ঘ ৫৫ বছরের বন্ধুত্বে ইতি টেনে ডিএমকে-র সঙ্গ ত্যাগ করেছে জাতীয় কংগ্রেস। শুক্রবার অভিনেতা-রাজনীতিক থলপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে)-এর সঙ্গে ভোট পরবর্তী জোট গড়ার কারণে কংগ্রেসের সঙ্গ ছাড়ায় কথা ঘোষণা করেছে বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে। সংসদে তারা কংগ্রেসের সঙ্গে কোনও সমন্বয় করবে না বলে শুক্রবার জানানো হয়েছে ডিএমকে-র তরফে। এই ঘটনায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব সরব হলেন হাত শিবিরের বিরুদ্ধে।

অখিলেশ যাদবের নিশানায় কে? (PTI)
অখিলেশ যাদবের নিশানায় কে? (PTI)

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বাংলায় বিধানসভা নির্বাচনে হারের পরও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করছেন অখিলেশ যাদব। যেখানে নির্বাচনী ফলপ্রকাশের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করেন অখিলেশ। একইভাবে প্রকাশ করেন স্ট্যালিন সাক্ষাতের ছবি। একই সঙ্গে নাম না করে কংগ্রেসকে নিশানা করে ছবির সঙ্গে সপা সাংসদ লিখেছেন, 'বিপদের সময় আমরা একে অপরকে ছেড়ে যাই না।' তাঁর বার্তা অত্যন্ত স্পষ্ট, তামিলনাড়ুর রাজনৈতিক অস্থিরতায় কংগ্রেসের এই পালটিকে মোটেই ভালোভাবে নেবে না ইন্ডিয়া শিবির।

১৯৬৯ সাল থেকে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং কংগ্রেসের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। কিন্তু বুধবার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, তারা বিজয়ের টিভিকে-র সঙ্গে জোট বাঁধতে চলেছে। স্ট্যালিনের বোন তথা লোকসভার ডিএমকে-র নেত্রী শুক্রবার কানিমোঝি স্পিকারকে চিঠি লিখে অনুরোধ করেছেন যাতে দলের সাংসদদের আসন বিন্যাস তাঁদের প্রাক্তন মিত্রদের (বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’) পাশের বর্তমান অবস্থান থেকে পরিবর্তন করা হয়।

দ্রাবিড় রাজনীতিতে সাত দশকের ডিএমকে-এডিএমকে সমীকরণ তছনছ করে প্রথম স্থান পেয়েছে বিজয়ের দল টিভিকে। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। যদিও বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। কিন্তু এর ফলে বিধায়ক সংখ্যা ২৩৩-এ নেমে আসায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা কমে ১১৭-য় দাঁড়িয়েছে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে। এই অবস্থায় ৫ বিধায়ককে নিয়ে টিভিকে সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস। যা মোটেই ভালোভাবে নেয়নি ডিএমকে। এই পরিস্থিতির মাঝেই এবার কংগ্রেসের সমালোচনায় সরব হলেন সপা প্রধান অখিলেশ যাদব।