COP31: 'তেল উৎপাদনকারী দেশ...,!' কপ৩১-এ সৌদি আরবের প্রভাব, ভেস্তে গেল জলবায়ু চুক্তি
COP31: সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন প্রস্তাব নিয়ে সমঝোতার চেষ্টা চলছিল। এ সময় প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা জানান, সৌদি আরব নিজের অবস্থানে অনড় ছিল। তাদের দাবি ছিল, চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ রাখা যাবে না।
COP31: নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি জলবায়ু সম্মেলন কপ৩১। শেষ পর্যন্ত রেকর্ড সময় ধরে চলে সম্মেলন। কিন্তু এত দীর্ঘ আলোচনার পরও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো নিয়ে কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশগুলি। একটি ছোট দ্বীপরাষ্ট্রের প্রতিনিধি অভিযোগ করেন, সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক বারবার বাতিল করা হয়েছে।
এদিকে, সম্মেলনে সৌদি আরবের প্রভাব বেশি ছিল বলে অভিযোগ করেছেন ইউরোপ, ছোট দ্বীপরাষ্ট্র, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, সৌদি কর্মকর্তারা নিয়মিতভাবে সম্মেলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেও অন্য দেশগুলি তা পায়নি। আলোচকদের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে চূড়ান্ত নথিতে কোনও বক্তব্য রাখতে রাজি ছিল না সৌদি আরব। এ কারণে ২০০৯ সালের পর প্রথমবারের মতো কোনও রাজনৈতিক সমঝোতা ছাড়াই সম্মেলন শেষ হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন, কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্য দেশগুলি চেয়েছিল, চূড়ান্ত নথিতে তেল, গ্যাস ও কয়লার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হোক। কারণ বিজ্ঞানীদের মতে, এসব জ্বালানি ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। সম্মেলনে সৌদি আরবের ভূমিকা নিয়ে জানতে চাওয়া হলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ সংস্থা রয়টার্সকে আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী দারাগ ও'ব্রায়েন বলেন, ‘আমার বিশ্বাস, এই সম্মেলনকে কয়েকটি তেল উৎপাদনকারী দেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল।’ অন্যদিকে তুরস্ক এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে কোনও দেশ বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি আরব ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
সৌদি আরব ও তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেকের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরেই চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর কথা রাখার বিরোধিতা করে আসছে। তাদের দাবি, আগামী অনেক বছর বিশ্বে জ্বালানির চাহিদা মেটাতে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার অব্যাহত রাখতে হবে। এর আগে ২০২১ সালে গ্লাসগো এবং ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। কয়েকজন আলোচকের মতে, এবার সম্মেলনে সৌদি আরবের প্রভাব বেড়েছে। কারণ, কপ৩১-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ ছিল না। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যেও আগের মতো ঘনিষ্ঠ সমন্বয় ছিল না। আগের সম্মেলনগুলিতে এই দুই দেশের সমন্বয় অনেক সময় মতবিরোধ দূর করে সমঝোতায় পৌঁছাতে সাহায্য করেছিল। সিঙ্গাপুরের পরিবেশমন্ত্রী গ্রেস ফু বলেন, ‘আগে আলোচনার সীমা নির্ধারণে এক বা দুটি বড় দেশ ভূমিকা রাখত। কিন্তু এবার সেই সীমা কোথায়, তা স্পষ্ট নয়।’
শুরু থেকেই কম প্রত্যাশা
কপ৩১ সম্মেলন শুরু হয়েছিল কম প্রত্যাশা নিয়ে। সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর একটি প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছিল। পাশাপাশি, আগের জলবায়ু চুক্তিগুলি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছিল দেশটি। এসব চুক্তির মূল লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করা। তবে সম্মেলনের সভাপতি হিসেবে তুরস্কের পক্ষ থেকে সংশোধিত একটি খসড়া প্রকাশের পর মতবিরোধ বাড়ে। ওই খসড়ায় জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ ছিল না।
সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন প্রস্তাব নিয়ে সমঝোতার চেষ্টা চলছিল। এ সময় প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা জানান, সৌদি আরব নিজের অবস্থানে অনড় ছিল। তাদের দাবি ছিল, চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ রাখা যাবে না। পাশাপাশি কার্বন ধরে রাখার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলতে হবে। এই প্রযুক্তির মাধ্যমে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বাতাসে ছড়ানো কার্বনের পরিমাণ কমানোর চেষ্টা করা হয়। সম্মেলনে অংশ নেওয়া এশিয়ার একটি দেশের প্রতিনিধি জানান, সৌদি আরব এমনভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছিল, যেন এ বিষয়ে কোনও আলোচনা বা সমঝোতার সুযোগ নেই। এমনকীবিষয়টিকে তারা নিজেদের অস্তিত্বের সঙ্গে জড়িত বলেও দেখিয়েছিল। তবে শুধু সৌদি আরবই নিজের অবস্থানে অনড় ছিল না। ইউরোপীয় ইউনিয়নও নিজেদের অবস্থান কঠোর করে।
শনিবার আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক কমিশনার ভপকে হুকস্ট্রা বলেন, ‘হয় ভালো একটি চুক্তি হবে, নয়তো কোনও চুক্তিই হবে না।’ এদিকে, জার্মানি ছোট দ্বীপরাষ্ট্র ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা কয়েকটি দেশের জোটের সদস্যদের নিয়ে একাধিক বৈঠকের আয়োজন করে। এই জোটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ এবং সিঙ্গাপুর ও কানাডার মতো উন্নত দেশ রয়েছে। এসব দেশ মিলে একটি চিঠি তৈরি করে। এতে প্রায় ১৩০টি দেশ সমর্থন জানায়। চিঠিতে বলা হয়, আনতালিয়া সম্মেলনের যে কোনও চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার বিষয়টি থাকতে হবে। চিঠিটি সম্মেলনের সভাপতির কাছে পাঠানো হয়।
প্রতিনিধিরা রয়টার্সকে জানান, প্রায় একই সময়ে শনিবার রাত পেরিয়ে রবিবার শুরু হলে সৌদি আরব, চিন ও রাশিয়ার কর্মকর্তারা বারবার সম্মেলনের সভাপতির কার্যালয়ে যান। অন্যদিকে, অন্যান্য দেশের প্রতিনিধিরা বৈঠকের সময় পেতেই সমস্যায় পড়ছিলেন।
রবিবার সংশোধিত খসড়া প্রকাশ হতেই ক্ষোভ
রবিবার ভোরে সংশোধিত খসড়া প্রকাশ করা হলে অনেক দেশ ক্ষোভ প্রকাশ করে। এতে প্রায় ১৩০টি দেশের সমর্থন পাওয়া চিঠির দাবিগুলি উপেক্ষা করা হয়েছিল। খসড়ায় তখনও জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ ছিল না। বরং কার্বন ধরে রাখার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছিল। এ সময় টুভালুর জলবায়ুবিষয়ক মন্ত্রী মাইনা তালিয়া বলেন, ‘মনে হচ্ছে, আমরা যেন সৌদি আরবের সঙ্গেই আলোচনা করছি।’ রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলোচকেরা প্রকাশ্যেই বলতে শুরু করেন, কোনও রাজনৈতিক ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হতে পারে। অনেক দেশের প্রতিনিধিরা বিমান ধরতে আনতালিয়া ছেড়ে যেতে শুরু করেন। অন্যদিকে, সম্মেলন শেষ করার সময়ও ফুরিয়ে আসছিল।
রবিবার বিকেলে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হয়। এ সময় কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, দেশগুলির মধ্যে কোনও সমঝোতা হয়নি, তা তিনি বুঝতে পারছেন। তিনি আরও জানান, নতুন করে কোনও খসড়া প্রকাশ করা হবে না। কয়েকজন আলোচকের মতে, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলি সম্মেলনে বেশি প্রভাব দেখিয়েছে। অন্যদিকে, কার্বন নিঃসরণ কমাতে দ্রুত পদক্ষেপ নিতে চাওয়া দেশগুলির মতামত তেমন গুরুত্ব পায়নি। ডেনমার্কের জলবায়ুবিষয়ক মন্ত্রী সামিরা নাওয়া বলেন, ‘যখন চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখই করা যাচ্ছে না, তখন মনে হচ্ছে এই সম্মেলনে তেল উৎপাদনকারী দেশগুলির কথাই বেশি গুরুত্ব পাচ্ছে।’
E-Paper
