Bangladesh Unrest: অশান্ত বাংলাদেশে ধরপাকড় অব্যাহত! কলকাতায় খুন হওয়া আওয়ামী লিগ MPর কন্যা আটক, ধৃত হাসিনার...

Bangladesh Unrest: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক জল্পনার মাঝে অশান্তির আগুন ছড়াতে শুরু করেছে বাংলাদেশে। ঢাকা-সহ একাধিক এলাকায় বিক্ষোভে নেমেছেন আওয়ামী লিগের নেতা-কর্মী ও সমর্থকেরা।

Published on: Nov 26, 2026, 20:12:43 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bangladesh Unrest: বাংলাদেশে (Bangladesh) তখনও শেখ হাসিনার (Sheikh Hasina) সরকার বর্তমান। ২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনে উদ্ধার হয়েছিল বাংলাদেশের আওয়ামী লিগ (Awami League) সাংসদ আনোয়ারুল আজিমের দেহ। সেপটিক ট্যাঙ্কে উদ্ধার হয়েছিল খণ্ডবিখণ্ড দেহাংশ। সেই সময় তৎকালীন শেখ হাসিনা সরকার দাবি করেছিল, পরিকল্পনা করেই কলকাতায় খুন করা হয়েছে ওই সাংসদকে। এবার ওপার বাংলায় অশান্তির মাঝে সেই আনোয়ারুল আজিমের কন্যা মুমতারিন ফেরদৌস ওরফে ডরিনকে আটক করল বাংলাদেশের পুলিশ।

কলকাতায় খুন হওয়া আওয়ামী লিগ সাংসদের কন্যা আটক (সৌজন্যে এক্স )
কলকাতায় খুন হওয়া আওয়ামী লিগ সাংসদের কন্যা আটক (সৌজন্যে এক্স )

বাংলাদেশে নিহত সাংসদের মেয়ে আটক

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক জল্পনার মাঝে অশান্তির আগুন ছড়াতে শুরু করেছে বাংলাদেশে। ঢাকা-সহ একাধিক এলাকায় বিক্ষোভে নেমেছেন আওয়ামী লিগের নেতা-কর্মী ও সমর্থকেরা। গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া-সহ বিভিন্ন জায়গায় পুলিশের গাড়িতে হামলা হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়িতে, গাড়িতে। সে দেশের পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে তৎপর আধাসেনাও। চলছে ধরপাকড়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লিগের নেতা-কর্মীদের গ্রেফতার করতে শুরু করেছে পুলিশ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার রাতে ঢাকার লালমাটিয়ায় মুমতারিন ফেরদৌসের বাড়িতে অভিযান চালান ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

পুলিশের অভিযোগ, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন মুমতারিন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা পুলিশ। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিন ঢাকার যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের প্রাক্তন সাংসদ প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এই নির্দেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনার প্রাক্তন উপপ্রেস সচিব গ্রেফতার

অন্যদিকে, রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, প্রাক্তন জেলা প্রশাসক মহম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পৃথক অভিযানে ককটেল-সহ গ্রেফতার হয়েছেন আল আমিন নামে আরেকজন। এ ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) রাত ১টা নাগাদ ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হলে পুলিশ মহম্মদপুর থানায় নিয়ে যায়। আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় ও ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মহম্মদ জাবেদকে কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ডিসেম্বর ঘিরে আওয়ামী লিগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তাঁকে বিভিন্ন প্রশ্ন করা হয়। জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। এদিকে, পৃথক অভিযানে মহম্মদপুরের প্রাক্তন কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেল-সহ গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে চারজন বর্তমানে মহম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

উত্তপ্ত বাংলাদেশ

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা জোরালো হতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে আওয়ামী লিগের নেতা-কর্মীরা ফের ময়দানে নামতে শুরু করেছেন বলে মনে করছে সে দেশের প্রশাসন। প্রতিদিনই দেশের নানা প্রান্তে বিক্ষোভ, মিছিল এবং পথ অবরোধের জেরে জনজীবন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ধরপাকড় করছে পুলিশ। বুধবারই সে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রাক্তন সিইও মহম্মদ তসলিমকে আটক করেছে পুলিশ। রাতে তাঁকে ঢাকার পল্লবী এলাকা থেকে আটক করা হয়। হস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (পুলিশ) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মহম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগের কর্মকাণ্ডের সঙ্গে তসলিমের সম্পৃক্ততা রয়েছে।

এদিকে, কুষ্টিয়ায় জামাতের এক নেতার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় গুলি চালানোর ঘটনাও ঘটে। এতে জামাতের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। আবার চট্টগ্রাম নগরে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ও বুধবার রাতে পৃথক দুই জায়গায় এ ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় পুলিশ বক্স ও ভূমি অফিসের ভেতরে কেউ ছিলেন না। এখানেই শেষ নয়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রবেশের রাস্তা সংলগ্ন মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির বারান্দার একটি ঘরের কিছু জিনিস পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।