Manipur Crisis: মণিপুরে ফের সংকট! উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেনের পদত্যাগের দাবিতে সরব নাগা বিধায়করা, তৎপর সরকার
Manipur Crisis: রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংয়ের সঙ্গে বৈঠক করেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। বাবুপাড়ায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এই বৈঠক হয়।
Manipur Crisis: হিংসা-বিধ্বস্ত মণিপুরে নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নাগা সম্প্রদায়ের ছ’জনকে হত্যা ও তাঁদের মধ্যে এক জনের মাথা কেটে নিয়ে তা ভিডিও করে প্রচার করা এবং কামজং জেলায় থানায় অগ্নি সংযোগের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফেডারেশন। এরমধ্যে মণিপুরের বর্তমান সংকটজনক পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্য সরকার ও শীর্ষ নিরাপত্তা কর্তাদের সঙ্গে টানা আলোচনা চালিয়ে যাচ্ছেন নাগা বিধায়করা। এই আবহে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেনের পদত্যাগ বা অপসারণের দাবিতে নাগা বিধায়কদের চাপ বৃদ্ধি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মণিপুরের আরেক উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখো।

উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখো জানান, মণিপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে নাগা বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং, ডিজিপি (DGP) এবং শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার (Security Advisor) সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর কথায়, 'আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাধ্যমতো চেষ্টা করছি। আজও পরিস্থিতি কীভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে আমাদের নাগা বিধায়কদের মধ্যে বৈঠক হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টা-সহ সমস্ত শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বর্তমান পরিস্থিতি বিশদে জানিয়েছি এবং এটি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে আলোচনা করেছি।'
এই তৎপরতার মাঝেই মণিপুরের অপর উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেনের পদত্যাগ কিংবা তাঁকে দায়িত্ব থেকে অবিলম্বে অপসারণের জোরালো দাবি তুলেছেন নাগা বিধায়করা। বর্তমান সংকটের মোকাবিলা করতে গিয়ে এই অভ্যন্তরীণ রাজনৈতিক অসন্তোষ ও দাবি রাজ্য সরকারের সামনে নতুন প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এই দফায় দফায় বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত এবং উপ-মুখ্যমন্ত্রী কিপগেনের অপসারণের বিষয়ে রাজ্য সরকার ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফেডারেশন মণিপুরের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সাম্প্রতিক হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেফতারের জন্য আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সরকারের উপর চাপ সৃষ্টি করতে শান্তিপূর্ণ গণবিক্ষোভ, অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা করেছে ফেডারেশন। এদিকে, রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংয়ের সঙ্গে বৈঠক করেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। বাবুপাড়ায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এই বৈঠক হয়। তাঁর সঙ্গে ছিলেন বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত মহানির্দেশক সুমিত শরণ এবং মিজোরাম-কাছাড় সীমান্ত সদর দফতরের ইনস্পেক্টর জেনারেল রবি কান্ত। মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিএসএফের আসন্ন প্রতিষ্ঠা দিবস উদ্যাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং সীমান্ত ব্যবস্থাপনায় বিএসএফের নিষ্ঠাপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন তিনি।
E-Paper

