Cristiano Ronaldo Retirement: শেষ হচ্ছে ২৩ বছরের অধ্যায়! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর
Cristiano Ronaldo Retirement: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। তুলে রাখলেন নিজের সাধের ৭ নম্বর জার্সি।
Cristiano Ronaldo Retirement: ফুটবলের ইতিহাসে এক যুগের অবসান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। তুলে রাখলেন নিজের সাধের ৭ নম্বর জার্সি।

কিছুদিন আগেই লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের অন্যতম প্রধান মুখ রোনাল্ডো। তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক ফুটবলে একাধিক স্মরণীয় সাফল্য পেয়েছে পর্তুগাল। দেশের হয়ে তাঁর গোল এবং রেকর্ড তাঁকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকাদের তালিকায় জায়গা করে দিয়েছে। জাতীয় দলের হয়ে ২৩৪টি ম্যাচে ১৪৬টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। জাতীয় দলের হয়ে তাঁর বড় সাফল্য ২০১৬ সালে ইউরো জয়।
তবে জাতীয় দলের একাধিক রেকর্ড গড়ার পরেও শেষটা খুব একটা সুখকর হল না সিআরসেভেনের জন্য। বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডোতেই রোনাল্ডোর সঙ্গে বিতর্কে জড়ান পর্তুগাল কোচ জেসুস। সেই বিতর্কের পরিমাণ এমন পর্যায়ে পৌঁছয় যে রোনাল্ডো ন্যাশনাল ক্যাম্প ছাড়তে বাধ্য হন। ফেডারেশন সভাপতির হস্তক্ষেপেও বরফ গলেনি। বিশ্বকাপের পরই রোনাল্ডো ইঙ্গিত দিয়েছিলেন এই বছরটাই ফুটবলে তাঁর শেষ বছর। বর্তমানে আল নাসরের হয়ে খেললেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে একাধিক রেকর্ড গড়েছেন রোনাল্ডো। জাতীয় দলের হয়ে সবথেকে বেশি গোল করা ফুটবলারের তালিকায় শীর্ষে রয়েছেন রোনাল্ডো।
নতুন প্রজন্মের হাতে ঐতিহাসিক সাত নম্বর জার্সি
অবসরবার্তায় রোনাল্ডোর গলায় ছিল একরাশ আবেগ। ঐতিহাসিক সাত নম্বর জার্সিও এবার নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চলেছেন তিনি। এই সিদ্ধান্ত নেওয়া যে তাঁর কাছে মোটেও সহজ ছিল না, তা স্বীকার করেছেন পর্তুগিজ তারকা। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, 'পর্তুগালবাসীর কাছে আমার ৭ নম্বর জার্সিটা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এই জার্সিটা আমাদের সবার। কখনওই মনে করিনি এটা শুধুই আমার। ২৩ বছর ধরে এই জার্সি গায়ে চাপানো, বিশ্বজুড়ে স্টেডিয়ামগুলোতে একে রক্ষা করা আমার কাছে পরম সৌভাগ্যের।' সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না, স্বীকারোক্তি তাঁর। লিখেছেন, 'সিদ্ধান্তটা শুধু মাথা দিয়ে নয়, হৃদয় দিয়েও নেওয়া। ফুটবল নিছক একটা খেলা নয়, এর সম্পর্ক মানুষের সঙ্গে।'
আবেগ থেকে যায়
কেরিয়ারজুড়ে নিজের সীমানা পেরোনোর চেষ্টা করেছেন তিনি। হতে চেয়েছেন সেরাদের সেরা (World's Best Player)। কখনও সফল, কখনও ব্যর্থ। রোনাল্ডোর কথায়, 'এমন কিছু হার আছে, যা আজও যন্ত্রণা দেয়। ব্যর্থ হয়েছি, ভুগেছি। কিন্তু কখনও হাল ছাড়িনি।' তাঁর দার্শনিক উপলব্ধি, 'গোল একদিন ম্লান হয়ে যায়, ট্রফিগুলো মিউজিয়ামে বন্দি থাকে, রেকর্ডও ভেঙে যায়। কিন্তু মানুষের হৃদয়ের জায়গাটা সময় কখনও মুছে ফেলতে পারে না।'
পরিবার ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা
দীর্ঘ যাত্রাপথে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা। বিশেষ উল্লেখ করেছেন জাতীয় সঙ্গীতের কথা। তাঁর কথায়, 'ওই কয়েকটা মিনিটে আমাদের সব ভেদাভেদ মুছে যায়। থাকে একটাই আবেগ—পর্তুগাল।' বিদায়ী বার্তায় রোনাল্ডো বলেন, 'আজ জাতীয় দলের হয়ে মাঠে আমার যাত্রা শেষ হল। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। যে পথ পেরিয়ে এসেছি, তার জন্য আমি গর্বিত। পর্তুগালের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছি, এই বিশ্বাস নিয়েই বিদায় নিচ্ছি।' শেষে তাঁর সংযোজন, 'সাত নম্বর জার্সি আমার কাছে থেকে যাবে। কিন্তু এই জার্সি পরার গর্ব চিরকাল আমারই থাকবে। পর্তুগাল সব সময় আমার হৃদয়ে থাকবে, চিরকাল।'
এক যুগের অবসান
২০০৩ সালের অগস্টে কাজাখস্তানের বিরুদ্ধে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনাল্ডোর। পরের বছরই মাত্র ১৯ বছর বয়সেই পর্তুগালকে ইউরো কাপের ফাইনালে তুলেছিলেন তিনি। কিন্তু ফাইনালে গ্রিসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় পর্তুগিজদের। এরপরও একাধিকবার বড় প্রতিযোগিতার শিরোপা জয়ের খুব কাছে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে রোনাল্ডোকে। ২০০৬ সালের বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো কাপের সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল। ২০১৬ সালের ইউরো কাপের সময় রোনাল্ডো ছিলেন দলের অধিনায়ক এবং পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় মুখ। ফ্রান্সের বিরুদ্ধে সেই ফাইনালে অবশ্য প্রথমার্ধেই হাঁটুর চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল রোনাল্ডোকে। তবে মাঠের বাইরে থেকেও সতীর্থদের উৎসাহ জুগিয়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে এডারের গোলে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। জাতীয় দলের হয়ে রোনাল্ডোর কেরিয়ারে সেটাই ছিল অন্যতম স্মরণীয় মুহূর্ত।
২০১৯ সালে প্রথমবার আয়োজিত উয়েফা নেশনস লিগ জিতেও আন্তর্জাতিক ট্রফির সংখ্যা বাড়িয়েছিল পর্তুগাল। সুইজারল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তাঁর দল। ২০১৯ সালে প্রথমবার আয়োজিত উয়েফা নেশনস লিগ জিতেও আন্তর্জাতিক ট্রফির সংখ্যা বাড়িয়েছিল পর্তুগাল। সুইজারল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তাঁর দল। ছ’টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন রোনাল্ডো। শেষ বিশ্বকাপে শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। বিশ্বকাপের ছ’টি পৃথক আসরে গোল করা একমাত্র ফুটবলারও রোনাল্ডো। তবে কেরিয়ারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।
E-Paper

