সেশন কোর্টে ফাঁসির সাজা, হাই কোর্টে বেকসুর খালাস! জেল থেকে বেরনোর এক বছর পরই গুলিতে ঝাঁজরা CRPF ক্যাম্প হামলার অভিযুক্ত

মঙ্গলবার সন্ধ্যায় থানায় পুলিশি যাচাইয়ের কাজ সেরে ছেলের সঙ্গে বাইকে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালাল দুই মুখোশধারী দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ বছর বয়সি শরিফের। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে জায়গায় তাঁকে গুলি করে খুন করা হয়, সেখান থেকে খজুরিয়া থানা মাত্র ৩০০ মিটার দূরে। 

Published on: Nov 11, 2026, 07:58:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

একসময় আদালত শুনিয়েছিল ফাঁসির সাজা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই মৃত্যুদণ্ড খারিজ করে দেয় হাই কোর্ট। সন্ত্রাসবাদী হামলার অভিযোগ থেকেও মুক্তি পান তিনি। জেল থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা মহম্মদ শরিফ। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার সন্ধ্যায় থানায় পুলিশি যাচাইয়ের কাজ সেরে ছেলের সঙ্গে বাইকে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালাল দুই মুখোশধারী দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ বছর বয়সি শরিফের। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে জায়গায় তাঁকে গুলি করে খুন করা হয়, সেখান থেকে খজুরিয়া থানা মাত্র ৩০০ মিটার দূরে। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খুনের পিছনে ২০০৮ সালের সিআরপিএফ ক্যাম্পে হামলার পুরনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় থানায় পুলিশি যাচাইয়ের কাজ সেরে ছেলের সঙ্গে বাইকে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালাল দুই মুখোশধারী দুষ্কৃতী।
মঙ্গলবার সন্ধ্যায় থানায় পুলিশি যাচাইয়ের কাজ সেরে ছেলের সঙ্গে বাইকে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালাল দুই মুখোশধারী দুষ্কৃতী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খজুরিয়া থানার এক কনস্টেবল একাধিকবার ফোন করে শরিফের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে থানায় পাঠানোর জন্য বলা হয়। এরপর সন্ধ্যায় ছেলে মহম্মদ ওয়াহিদের সঙ্গে বাইকে চেপে থানায় পৌঁছন শরিফ। কিন্তু সেখানে গিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিককে পাননি তাঁরা। এরপর ছেলেকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। থানার কাছ থেকে প্রায় ৩০০ মিটার দূরে পৌঁছতেই একটি বাইকে আসা দুই মুখোশধারী দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই শরিফকে লক্ষ্য করে পরপর গুলি চালায় তারা। চারটি গুলি লাগে বলে লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে দাবি করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় বাইক থেকে রাস্তায় পড়ে যান শরিফ। এরপর হামলাকারীরা গোধি গ্রামের দিকে পালিয়ে যায়।

আহত অবস্থায় শরিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, তাঁকে রুদ্রপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও পুলিশ বাধা দেয়। পরিবর্তে পুলিশের উপস্থিতিতে তাঁকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় ১৯ বছরের পুরনো এক সন্ত্রাসবাদী হামলার ইতিহাস। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর গভীর রাতে, অর্থাৎ ২০০৮ সালের ১ জানুয়ারি ভোরে, রামপুরের সিআরপিএফ গ্রুপ সেন্টারে জঙ্গি হামলা হয়। লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত জঙ্গিরা ওই হামলা চালিয়েছিল বলে তদন্তে উঠে আসে। হামলায় সাতজন সিআরপিএফ জওয়ান এবং একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল।

এই মামলাতেই অভিযুক্ত ছিলেন মহম্মদ শরিফ। ২০১৯ সালের নভেম্বরে রামপুরের সেশন আদালত তাঁকে-সহ চারজনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। পরবর্তীকালে সেই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টে আবেদন করেন অভিযুক্তরা।

২০২৫ সালের অক্টোবরে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সেশন আদালতের মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করে দেয়। তদন্তে একাধিক ত্রুটি এবং সাক্ষীদের বয়ানে অসংগতি তুলে ধরে আদালত জানায়, সন্ত্রাসবাদী হামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে প্রসিকিউশন যথেষ্ট নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে পারেনি। ফলে শরিফ-সহ অভিযুক্তরা মূল হামলার মামলা থেকে মুক্তি পান। তবে অস্ত্র আইনে তাঁদের দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। ইতিমধ্যে জেলে ওই সাজা ভোগ করায় শরিফ ২০২৫ সালের নভেম্বর মাসে বरेলি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পান।

এবার সেই শরিফেরই রহস্যজনক হত্যাকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। তাঁর ছেলে জানিয়েছেন, কারও সঙ্গে পরিবারের বিশেষ কোনও শত্রুতা ছিল না। অন্যদিকে, পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই শরিফকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।

পুলিশ জানিয়েছে, রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায় হামলাকারীদের গতিবিধি ধরা পড়েছে। ঘটনাটির সঙ্গে পুরনো সিআরপিএফ হামলা মামলার কোনও যোগ রয়েছে কি না, নাকি স্থানীয় শত্রুতার জেরে এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের ধরতে একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে।

সব মিলিয়ে, আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তির থানার এত কাছে প্রকাশ্য রাস্তায় গুলিতে খুন হওয়ার ঘটনায় রামপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠছে। সবচেয়ে বড় প্রশ্ন, কারা এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে এবং কেনই বা শরিফকে নিশানা করা হল? আপাতত সেই রহস্যের উত্তর খুঁজছে উত্তরপ্রদেশ পুলিশ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More