Crude Oil Price Hike: মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ১০০ ডলারের পথে অপরিশোধিত তেল! ভারতে আজ পেট্রোল-ডিজেলের দামের কী হাল?
সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) প্রতিদিনের মতো এদিনও নতুন জ্বালানির দাম প্রকাশ করেছে। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা।
Crude Oil Price Hike: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে। বিশেষ করে লোহিত সাগরে (Red Sea) দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর বিশ্বজুড়ে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর জেরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে এই পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার, ২৩ জুলাই ভারতে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।

সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) প্রতিদিনের মতো এদিনও নতুন জ্বালানির দাম প্রকাশ করেছে। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম রয়েছে ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজও দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী লোহিত সাগরে দুটি সৌদি আরবের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের দাবি, ওই জাহাজগুলি তাদের ঘোষিত অবরোধ অমান্য করছিল। হামলার শিকার জাহাজ দুটির নাম 'এনসিলিয়া' এবং 'লায়লা' বলে জানানো হয়েছে।
হামলার কিছুক্ষণ আগেই ব্রিটেনের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছিল, সৌদি আরবের আল-শুকাইক উপকূলের দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং তাতে আগুন লেগেছে। যদিও সেই সময় জাহাজটির নাম প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে এই ধরনের হামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট। এর মাধ্যমে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিভিন্ন দেশে পৌঁছায়। এই পথে বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে এবং দাম আরও বেড়ে যেতে পারে।
শুধু লোহিত সাগরই নয়, হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়েও উদ্বেগ বাড়ছে। পারস্য উপসাগর থেকে বিশ্বের বড় অংশের অপরিশোধিত তেল এই জলপথ দিয়েই রফতানি হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এই রুটেও জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ৯৫.৭৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দামও বেড়ে ৮৮.০৬ ডলারে উঠেছে। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে বাজার বিশ্লেষকদের দাবি।
বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত যদি আরও বাড়ে, তাহলে খুব শিগগিরই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছুঁতে পারে। এতে শুধু আন্তর্জাতিক বাজার নয়, ভারত-সহ তেল আমদানির উপর নির্ভরশীল দেশগুলির অর্থনীতিতেও চাপ বাড়বে। অস্ট্রেলিয়ার ANZ গ্রুপ-এর জ্যেষ্ঠ পণ্য বাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস বলেছেন, লোহিত সাগরে এই হামলা সংঘাতকে আরও গুরুতর পর্যায়ে নিয়ে গেছে। তাঁর মতে, যদি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় সংকট তৈরি হতে পারে এবং জ্বালানির দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে। যদিও আপাতত ভারতে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে তেল সংস্থাগুলি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


