ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ১৯ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার শঙ্কা, বাংলাতেও ভারী বৃষ্টির সতর্কতা

ভারতের আবহাওয়া দফতর বা আইএমডির বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। 

Published on: Nov 16, 2026, 10:11:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে। সব ঠিক থাকলে সোমবার, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই নিম্নচাপ। এরপর মঙ্গলবার, ১৭ নভেম্বর তা পরিণত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আকভান’। ১৯ নভেম্বর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ১৯ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার শঙ্কা, বাংলাতেও ভারী বৃষ্টির সতর্কতা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ১৯ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার শঙ্কা, বাংলাতেও ভারী বৃষ্টির সতর্কতা

ভারতের আবহাওয়া দফতর বা আইএমডির বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। তখন তার অবস্থান ছিল ত্রিঙ্কোমালি থেকে প্রায় ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে, চেন্নাই থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে।

আইএমডির পূর্বাভাস, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১৭ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আরও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, তখন ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ ও স্থলভাগে প্রবেশের স্থান নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে ওড়িশা সরকার। রাজ্যের দক্ষিণ ও উপকূলবর্তী জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিটি জেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ওড়িশা বিপর্যয় মোকাবিলা বাহিনী (ওডিআরএফ) এবং দমকল কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

গঞ্জাম জেলা প্রশাসনের তরফে শূন্য প্রাণহানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রয়োজনে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলছে। গর্ভবতী মহিলা এবং গবাদি পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মৎস্যজীবীদের ১৬ নভেম্বরের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ ও ১৯ নভেম্বরের সম্ভাব্য বৃষ্টির আগে কৃষকদের ফসল কাটার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ ও ২০ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিশেষ সতর্কতা রয়েছে। হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় উপকূলবর্তী রাজ্যগুলিতে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী কয়েক দিনের আবহাওয়ার গতিপ্রকৃতির উপরই নির্ভর করছে ঘূর্ণিঝড় আকভানের শক্তি ও প্রভাব কতটা ভয়াবহ হতে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More